২৩ ডিসেম্বর বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি) আয়োজিত সংলাপে বাংলাদেশে বিদেশি বিনিয়োগ এবং ব্যবসা-বাণিজ্যসংক্রান্ত যেসব তথ্য বেরিয়ে এসেছে, তাকে কোনোভাবেই ইতিবাচক বলা যায় না। এই সংলাপে সিপিডি ও দক্ষিণ কোরীয় বিশেষজ্ঞ ছাড়াও ব্যবসায়ী, কূটনীতিক, সাবেক আমলা ও সরকারের নীতিনির্ধিারকেরা অংশ নেন।
সংলাপে জমির নামজারিসংক্রান্ত জটিলতার কারণে প্রখ্যাত কোরীয় প্রতিষ্ঠান শ্যামসনের ফিরে যাওয়ার যে খবর কোরীয় ব্যবসায়ীদের পক্ষ থেকে জানানো হয়েছে, সেটি খুবই দুর্ভাগ্যজনক। সরকার কোরীয় বিনিয়োগকারীদের জন্য পৃথক ইপিজেড করার পরও সেখানে জমির নামজারি নিয়ে জটিলতা দেখা দিল কেন? এ ক্ষেত্রে আইনগত সমস্যা থাকলে সেটি কেন আগেই সমাধান করা হলো না? সরকারের কথা ও কাজে সমন্বয় কতটুকু? শ্যামসনের মতো প্রতিষ্ঠান বিনিয়োগ করলে অন্য দেশের নামকরা প্রতিষ্ঠানও উৎসাহিত হতো। কার বা কাদের ভুলের কারণে শ্যামসনের বিনিয়োগ হাতছাড়া হলো, সেটি খুঁজে বের করে দায়ী ব্যক্তিদের শাস্তি দিতে হবে। এ ধরনের দায়িত্বহীন কর্মকর্তাদের বহাল রেখে যে বিনিয়োগ বাড়ানো সে কথা সরকারকে বুঝতে হবে।
সম্প্রতি কোরীয় রাষ্ট্রদূত লি ইয়ন ওয়ান প্রথম আলোর সঙ্গে সাক্ষাৎকারেও বাংলাদেশে বিনিয়োগ ও ব্যবসা বাড়াতে তাঁদের আগ্রহের কথা জানিয়েছেন। কিন্তু সেই বিনিয়োগের অনুকূল পরিবেশ তৈরি করতে কি অামরা পেরেছি? এ ক্ষেত্রে আইনগত জটিলতা দূর করার পাশাপাশি অবকাঠামোগত সুবিধা বাড়াতে হবে। উপেক্ষা করা যাবে না রাজনৈতিক স্থিতিশীলতার বিষয়টিও। গত বছর যে দেশে বিনিয়োগ কমার প্রধান কারণ ছিল সংঘাতপূর্ণ রাজনীতি।
সংলাপে দক্ষিণ কোরিয়ায় রপ্তানি বাড়াতে পণ্যের রুলস অব অরিজিনের শর্ত শিথিল করার কথা এসেছে। দেশটির সঙ্গে মুক্তবাণিজ্য চুক্তির মাধ্যমেও এটি করা সম্ভব। আশা করি, শ্যামসনের ঘটনা থেকে সরকার শিক্ষা নেবে এবং সব ব্যর্থতার দায় অন্যের ওপর চাপিয়ে আত্মপ্রসাদ লাভের চেষ্টা পরিহার করবে।