বিদেশি বিনিয়োগকারীদের হয়রানি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আগামী অর্থবছরের জাতীয় বাজেট ঘোষণার প্রস্তুতি যখন চলছে, তখন প্রাইসওয়াটার হাউস কুপারস (পিডব্লিউসি) নামের এক বহুজাতিক পরামর্শক প্রতিষ্ঠান তাদের প্রাক্-বাজেট প্রস্তাবে কিছু অভিমত ব্যক্ত করেছে, যেগুলো বিবেচনার দাবি রাখে।
পিডব্লিউসি বলছে, যেসব বিদেশি প্রতিষ্ঠান বাংলাদেশে বিনিয়োগ করে, তারা নানা রকমের হয়রানির শিকার হয়। তারা সরকারকে উচ্চ হারে কর দিতে অনীহ নয়, কিন্তু তারা ভয় পায় কর-বিষয়ক বিভিন্ন আইন ও নীতিমালার নানা রকমের ব্যাখ্যা এবং তা থেকে উদ্ভূত বিচিত্র সব হয়রানিমূলক প্রক্রিয়াকে। কর পরিশোধের প্রক্রিয়াকে সহজ ও হয়রানিমুক্ত করা হলে তাদের এই ভীতি দূর হবে এবং আমাদের সরকারের রাজস্ব আদায় কয়েক গুণ বাড়বে।
আমরা চাই এ দেশে সরাসরি বিদেশি বিনিয়োগ বাড়ুক, কেননা তাতে কর্মসংস্থান বৃদ্ধিসহ জাতীয় অর্থনৈতিক কর্মকাণ্ডের বিস্তার ঘটে, সরকারের রাজস্ব বাড়ে। কিন্তু বিদেশি বিনিয়োগকারীদের সুবিধা-অসুবিধার কথা বিবেচনায় না নিলে এ দেশে বিনিয়োগ করতে তাঁদের উৎসাহিত করা কঠিন। তাঁরা এ দেশে বিনিয়োগ করতে আসেন মুনাফা লাভের উদ্দেশ্যে। এ দেশের সব আইনকানুন যথাযথভাবে অনুসরণ করে ব্যবসা থেকে প্রাপ্ত মুনাফা তাঁরা স্বদেশে বা অন্যত্র নিয়ে যেতে চাইবেন, এটা স্বাভাবিক। আমাদের সরকারও শতভাগ মুনাফা নিয়ে যাওয়াকে আইনিভাবে অনুমোদন করেছে। কিন্তু বাস্তবে বিদেশি বিনিয়োগকারীরা এই ক্ষেত্রে হয়রানির শিকার হন। পিডব্লিউসি বলছে, বিদেশি বিনিয়োগকারী প্রতিষ্ঠানগুলো সহজে মুনাফার অর্থ নিয়ে যেতে পারে না, বাংলাদেশ থেকে অর্থ নিয়ে যাওয়া খুব কঠিন। আইনকানুন সব থাকার পরেও যখন বিষয়টা এ রকম হয়রানিমূলক, তখন এটা একটা নেতিবাচক বার্তা হিসেবে কাজ করে। বিষয়টি সরকারের বিবেচনায় নেওয়া উচিত।
বহুজাতিক বিদেশি প্রতিষ্ঠানগুলোর জন্য ‘ট্রান্সফার প্রাইসিং’ প্রক্রিয়া সহজ করা বিশেষভাবে গুরুত্বপূর্ণ বলে পিডব্লিউসি মত দিয়েছে। জাতীয় রাজস্ব বোর্ড বিষয়টি খতিয়ে দেখতে পারে: সহজ করে বলতে তারা আসলে কী বোঝাতে চাইছে।
জাতীয় স্বার্থ অক্ষুণ্ন রেখে বিদেশি বিনিয়োগ আকর্ষণের যৌক্তিক ও বাস্তবসম্মত সব পন্থাই অবলম্বন করতে হবে।