জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) বাংলাদেশে কর্মরত সব বিদেশি নাগরিকের আয়ের ওপর কর দেওয়ার যে নির্দেশ দিয়েছে, তা বাস্তবায়িত হবে কি না, সেটি অনেকটাই নির্ভর করছে চাকরিদাতা প্রতিষ্ঠানগুলোর ওপর। কর্মরত বিদেশি নাগরিকের কাছ থেকে আয়কর পেতে হলে আগে তাঁদের সুলুক সন্ধান করতে হবে। কোন প্রতিষ্ঠানে কত বিদেশি নাগরিক কাজ করছেন, তাঁদের খুঁজে বের করতে হবে।
বিদেশিদের কাজের অনুমতি দেয় মূলত তিনটি প্রতিষ্ঠান—বিনিয়োগ বোর্ড, বাংলাদেশ এক্সপোর্ট প্রসেসিং জোন অথরিটি (বেপজা) ও এনজিও ব্যুরো। তাদের হিসাবে বৈধভাবে মাত্র সাড়ে ১৬ হাজার বিদেশি দেশে কাজ করছেন। বিদেশি নাগরিক কাজ করেন এ রকম ২৮৬টি প্রতিষ্ঠানের তথ্য আছে এনবিআরের কাছে এবং প্রতিষ্ঠানটি ১১ হাজার বিদেশি নাগরিকের কাছ থেকে কর পেয়ে থাকে। কিন্তু সংশ্লিষ্টরা মনে করেন, প্রকৃত বিদেশি চাকুরের সংখ্যা কয়েক লাখ।
স্বভাবতই প্রশ্ন উঠবে এই বিপুলসংখ্যক বিদেশি নাগরিক তথ্য গোপন করে কীভাবে বছরের পর বছর কাজ করে যাচ্ছেন? সরকারের সংশ্লিষ্ট প্রতিষ্ঠান বা এনবিআরকে ফাঁকি দিলেও চাকরিদাতা প্রতিষ্ঠানের যোগসাজশেই কাজটি করছেন। এনবিআরের আইন অনুযায়ী আয়ের ৩০ শতাংশ বিদেশি নাগরিককে আয়কর দিতে হয়। সেই আয়কর ফাঁকি দেওয়ার উদ্দেশ্যে বিদেশি নাগরিকেরা নানা রকম ফন্দিফিকির করে থাকেন
বাংলাদেশে যেসব দেশের নাগরিক কাজ করেন, সেসব দেশের শীর্ষ তালিকায় আছে ভারত, শ্রীলঙ্কা, থাইল্যান্ড, চীন, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও জাপান। এর বাইরেও বেশ কিছু দেশের নাগরিকেরা এখানে চাকরি করেন। যেসব কোম্পানি, শিক্ষাপ্রতিষ্ঠান, ব্যবসাপ্রতিষ্ঠান, এনজিও, হোটেল, রেস্তোরাঁয় বিদেশি নাগরিক কাজ করেন, তাদের কাছে পূর্ণাঙ্গ তথ্য আছে। এনবিআরের উচিত হবে তাদের কাছ থেকে বিদেশি চাকুরেদের তথ্য সংগ্রহ করা। এ ছাড়া পর্যটন ভিসা নিয়ে এ দেশে কোনো বিদেশি নাগরিক চাকরি করতে পারেন না। অথচ অনেকে ‘অন অ্যারাইভাল’ ভিসা নিয়ে এসে বৈধ কাগজপত্র ছাড়াই কাজ করেন।
এ ধরনের অনিয়ম ও দুর্নীতির সঙ্গে যাঁরা জড়িত, তঁাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিলেই কোনো বিদেশি নাগরিক পরিচয় লুকিয়ে কাজ করতে পারবেন না। সবাইকে আইন মানতে বাধ্য করলেই কেবল বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মরত বিদেশি নাগরিকদের থেকে সরকার প্রাপ্য আয়কর আদায় করতে পারবে।