বিদেশিদের উদ্বেগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গুলশানের হলি আর্টিজান রেস্তোরাঁয় ১ জুলাইয়ের জঙ্গি হামলার পর বাংলাদেশে কর্মরত বিদেশি কূটনীতিক ও কূটনৈতিক মিশনের কর্মকর্তাদের মধ্যে যে উদ্বেগ দেখা দিয়েছিল, তার উপশমে সরকার কূটনৈতিক এলাকাসহ বিভিন্ন স্থানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর টহল জোরদার করেছে। বিদেশিরা চাইলে আরও নিরাপত্তা দেওয়ার কথাও বলা হয়েছে সরকারের পক্ষ থেকে। কিন্তু এসব উদ্যোগ–আয়োজন এখন পর্যন্ত সংশ্লিষ্ট ব্যক্তিদের তেমন আশ্বস্ত করতে পেরেছে বলে মনে হয় না। বিদেশি কূটনীতিক ও উন্নয়ন-সহযোগীরা নিয়মিতই তাদের উৎকণ্ঠার কথা জানাচ্ছেন। কোনো কোনো দূতাবাস জনবল কমিয়ে আনার কথা বলছে। পরিস্থিতি সরেজমিনে দেখতে কয়েকটি দেশের প্রতিনিধিরা ঢাকায় আসছেন শিগগিরই।
এই প্রেক্ষাপটে গত বৃহস্পতিবার পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত জাতীয় টাস্কফোর্সের বৈঠকে কূটনীতিকদের নিরাপত্তা নিশ্ছিদ্র করতে কিছু নতুন পদক্ষেপ নেওয়ার সুপারিশ করা হয়েছে। এর আগে কয়েকটি দেশ নিরাপত্তারক্ষীদের অস্ত্র ব্যবহার এবং রাষ্ট্রদূতের জন্য আর্মার্ড ভেহিকেল (বুলেট প্রুফ এবং বিস্ফোরক নিরোধক উন্নত প্রযুক্তির গাড়ির সর্বশেষ সংস্করণ) ব্যবহারের অনুমতি চেয়েছে বলে গণমাধ্যমে খবর এসেছে। এ ব্যাপারে সরকারের মনোভাব ইতিবাচক হলেও টাস্কফোর্সের বৈঠকে বিস্তারিত কিছু জানানো হয়নি। জেনেভা কনভেনশন অনুযায়ী দূতাবাস অঙ্গনে নিজস্ব নিরাপত্তাব্যবস্থার বিধান থাকলেও তাদের সার্বিক নিরাপত্তার দায়িত্ব স্বাগতিক দেশেরই।
হলি আর্টিজানে জঙ্গি হামলার পর যে অবস্থার উদ্ভব হয়েছে, দ্রুতই তার অবসান হওয়া প্রয়োজন। বিদেশি কূটনীতিক তো বটেই, দেশের মানুষের নিরাপত্তায় সরকারকে দৃশ্যমান কিছু করে দেখাতে হবে। এই মুহূর্তে আস্থার পরিবেশ ফিরিয়ে আনতে প্রয়োজনী সব ব্যবস্থা নিতে হবে। অভয় পরিবেশ তৈরি করতে না পারলে কেবল কূটনীতি নয়, সরকারের উন্নয়ন কার্যক্রম, ব্যবসা-বাণিজ্য ও বিনিয়োগেও তার বিরূপ প্রভাব পড়তে বাধ্য।
এই সংকটকালে জাপানের প্রধানমন্ত্রী শিনজু আবেসহ যেসব বিদেশি নেতা বাংলাদেশের পাশে থাকার ঘোষণা দিয়েছেন, আমরা তাঁদের প্রতি কৃতজ্ঞতা জানাই।