বিদেশিদের ওপর বর্বরতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গুলশানের হলি আর্টিজানে জঙ্গি ঘাতকদের উদ্দেশ্য ছিল সর্বোচ্চসংখ্যক বিদেশিকে হত্যা করা। এবং দুর্ভাগ্যজনকভাবে তারা সফল হয়েছে। নয়জন ইতালীয়, সাতজন জাপানি, একজন ভারতীয় ও একজন বাংলাদেশি বংশোদ্ভূত মার্কিন নাগরিক সেখানে হত্যার শিকার হয়েছেন। যে বাংলাদেশ বিদেশিদের প্রতি উদার আতিথেয়তার ঐতিহ্যের জন্য প্রসিদ্ধ ছিল, সেই দেশে এমন ঘটনায় জাতি হিসেবে আমরা স্তম্ভিত, লজ্জিত ও গভীরভাবে শোকাহত। আমরা গুলশানে নিহত তিন বাংলাদেশিসহ সব বিদেশি নাগরিকের দেশ ও পরিবারের প্রতি আমাদের আন্তরিক সমবেদনা জানাই।
নিহত ইতালীয় ও জাপানিদের বেশির ভাগই বাংলাদেশের পোশাকশিল্প ও উন্নয়ন কর্মকাণ্ডে জড়িত। ইতালীয়দের মধ্যে ছিলেন বাংলাদেশে পোশাকশিল্পের উদ্যোক্তা ও ক্রেতা উভয়ই। তাঁরা সেই সব উদ্যোক্তা ও ব্যবসায়ীদেরই প্রতিনিধি, বাংলাদেশের অর্থনৈতিক অগ্রগতিতে যাঁদের অবদান রয়েছে। জাপান বাংলাদেশের পরীক্ষিত পুরোনো উন্নয়ন–সহযোগী দেশ। গুরুত্বপূর্ণ উন্নয়ন প্রকল্প, অর্থ সহায়তা ও মানবকল্যাণকর স্বেচ্ছাসেবী কার্যক্রমে জাপান বাংলাদেশের বিশ্বস্ত বন্ধু। নিহত জাপানিদের মধ্যে ছয়জনই ঢাকার মেট্রোরেল প্রকল্পের পরামর্শক। গুলশানের ঘটনা যেন বাংলাদেশের উন্নয়ন ও অর্থনৈতিক ভবিষ্যতের ওপর নেতিবাচক প্রভাব ফেলতে না পারে, সে ব্যাপারে আমাদের সচেতন থাকতে হবে।
ইতালি ও জাপানে অভিবাসী বাংলাদেশিদের সংখ্যাও কম নয়। এই সব নিরীহ ব্যক্তিদের মৃত্যুতে তাঁদের নিজ নিজ দেশের গণমাধ্যমে এবং সমাজে প্রতিক্রিয়া হচ্ছে ও হবে। গুলশান বিভীষিকার প্রভাব তাই সহনশীল বাংলাদেশের ভাবমূর্তির ওপর সুদূরপ্রসারী প্রভাব ফেলতে পারে। ফলে একটি নিরাপদ বাংলাদেশের ব্যাপারে বিশ্বকে আশ্বস্ত করাই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ।
বিদেশিদের মরদেহ যথাসম্ভব দ্রুত সংশ্লিষ্ট দেশগুলোতে পাঠানোর উদ্যোগ নেওয়া এখন বাংলাদেশের সবচেয়ে জরুরি কর্তব্য। সন্ত্রাসবাদ একটি বৈশ্বিক সমস্যা, ফলে এই সমস্যা মোকাবিলায় সরকারের আন্তরিক উদ্যোগের বিষয়টি বিশ্ব সম্প্রদায়ের নজরে ও আস্থায় আনতে হবে। বিশ্বকে এই বার্তা দিতে হবে যে বাংলাদেশ এই পরিস্থিতি মোকাবিলায় সক্ষম এবং দেশটিতে বিদেশিদের অর্থনৈতিক কর্মকাণ্ড ও বিচরণ নিরাপদ রাখতে সরকার সচেষ্ট রয়েছে।