দেশে যে মুহূর্তে কৃষকেরা তাঁদের শ্রমে-ঘামে উপার্জিত খাদ্যশস্যের ন্যায্যমূল্য না পেয়ে বিক্ষুব্ধ ও হতাশ, তখন আমাদের খাদ্য মন্ত্রণালয়-সংক্রান্ত স্থায়ী কমিটির সদস্যরা বিদেশে গিয়ে খাদ্য সংগ্রহ অবলোকন করতে মনস্থির করেছেন। পরিতাপের বিষয় যে ধান–চাল সংগ্রহে ধীরগতির কারণে যখন ধানের দাম বাড়ছে না, কৃষক ন্যায্যমূল্য পাচ্ছেন না, তখন সংসদীয় কমিটি উদ্ভূত পরিস্থিতিতে উদ্বেগ প্রকাশ করতেও ব্যর্থ হয়েছে।
খাদ্যমন্ত্রী নিজেই যে যুক্তি খাড়া করেছেন, তাতেই পরিষ্কার যে বিদেশে যাওয়ার অজুহাত ঠুনকো, এর সপক্ষে কোনো যুক্তি নেই। কারণ, এ রকম সফরের সত্যিই কোনো প্রয়োজন নেই। মন্ত্রী বলেছেন, অন্য সংসদীয় কমিটির সদস্যরা বিদেশে যান, তাই এই কমিটির একই দাবি তিনি অগ্রাহ্য করেননি। বোঝা যাচ্ছে, এ ধরনের সফর কার্যত প্রমোদভ্রমণ ছাড়া আর কিছুই নয়।
গত ৬ মে অনুষ্ঠিত কমিটির বৈঠকে এর আগে ‘দুর্গম এলাকায় খাদ্যগুদাম নির্মাণ করায় খাদ্যশস্য সরবরাহ ও পরিবহনে ব্যাপক অসুবিধার’ সম্মুখীন হওয়াবিষয়ক অনভিজ্ঞতা চিহ্নিত করেন কমিটির সভাপতি আবদুল ওয়াদুদ। এ প্রসঙ্গে কমিটির সদস্যরা যথার্থই অনুধাবন করেন যে যোগাযোগের বিষয়টি বিবেচনা না করে দুর্গম অঞ্চলে খাদ্যগুদাম করায় তা মানুষের উপকারে তো আসেইনি, বরং খাদ্যশস্য পরিবহনে বিপুল পরিমাণ অর্থের অপচয়ের কারণ হয়ে দাঁড়িয়েছে। তাঁদের উচিত ছিল এ বিষয়ে প্রয়োজনে একটি তদন্ত কমিটি গঠন করে দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের সুপারিশ করা।
অর্থনীতিবিদ অমর্ত্য সেনের কল্যাণে সারা বিশ্ব বহুকাল আগে জেনে গেছে যে খাদ্যের যথেষ্ট মজুত থাকলেও গুদামজাতকরণ ও পরিবহনজনিত অব্যবস্থাপনার কারণে তা দুর্ভিক্ষ ডেকে আনতে পারে। অথচ এতকাল পরে আমাদের সংসদীয় কমিটি এ বিষয়ে বাস্তব জ্ঞান অন্বেষণের দোহাই দিয়ে জনগণের টাকায় বিদেশে প্রমোদভ্রমণের অভিলাষ করছে। এই মানসিকতা কেবল দুখজনকই নয়, নিন্দনীয়ও। এটা পরিহার করে কমিটির উচিত হবে কৃষক যাতে ন্যায্যমূল্য পান, সে জন্য ত্বরিত বাস্তবসম্মত পদক্ষেপ নেওয়া।