সংবাদমাধ্যমে বিদেশে টাকা পাচারসংক্রান্ত উদ্বেগজনক সব তথ্য অব্যাহতভাবে প্রকাশের পটভূমিতে সম্প্রতি ক্রিসেন্ট লেদার প্রডাক্টস ও ক্রিসেন্ট ট্যানারিজের চেয়ারম্যানকে গ্রেপ্তার করা হয়েছে। রাষ্ট্রায়ত্ত খাতের সোনালী ব্যাংক ও জনতা ব্যাংকের জ্যেষ্ঠ কর্মকর্তাদের বিরুদ্ধে যোগসাজশের নির্দিষ্ট অভিযোগ আনা হয়েছে। হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার হওয়া এবং তা রোধে প্রাতিষ্ঠানিক ব্যবস্থার আগে রাজনৈতিক সদিচ্ছা প্রদর্শনের বিষয়টি যে জরুরি, তা বহু আগেই চিহ্নিত হয়ে আছে। কিন্তু অপ্রিয় সত্য হলো এ বিষয়ে ‘কঠোর’ পদক্ষেপ নেওয়ার মৌখিক আশ্বাসই শুধু আমরা নীরবে অবলোকন করে চলেছি। সেদিক থেকে আমরা এবারের গ্রেপ্তারের ঘটনায় আশাবাদী হতে চাই যে যথেষ্ট বিলম্ব সত্ত্বেও শেষ পর্যন্ত আশ্বাস বাস্তবে রূপ পাওয়া শুরু করেছে।
জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) সংবাদ সম্মেলন করে ক্রিসেন্টের বিরুদ্ধে ৯১৯ কোটি টাকা পাচারের অভিযোগে মামলা দায়েরের বিষয়টি জনগণের সামনে এনেছে। এর আগে আমরা জেনেছিলাম যে বিদেশে টাকা পাচার রোধ এবং পাচার হওয়া টাকা ফেরত আনার ক্ষেত্রে আমাদের বিদ্যমান আইন এবং প্রাতিষ্ঠানিক ব্যবস্থাগুলোর মধ্যে সমন্বয়ের ঘাটতি রয়েছে। কয়েক বছর ধরে শুনে আসছি, ২০১২ সালের মানি লন্ডারিং আইনে কিছু সংশোধনী আনতে হবে। ২০১০ সালে সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেছিলেন, আইনি দুর্বলতার কারণে পাচার করা টাকা আদায়ও কষ্টকর। এরপর দীর্ঘ আট বছর কেটে গেলেও দায়িত্বশীলদের কেউ আমাদের আশ্বস্ত করেননি যে পাচারের বিরুদ্ধে আইনি সুরক্ষাকে সম্পূর্ণতা দেওয়া হয়েছে।
পদক্ষেপ নেওয়ার চলমান প্রক্রিয়ায় দুর্নীতি দমন কমিশন দুদকের পাশাপাশি সিআইডি, বাংলাদেশ ফিন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ), এনবিআর, অ্যাটর্নি জেনারেলের দপ্তর এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নানামুখী সংশ্লিষ্টতা রয়েছে। কখন কার কী কাজ সে বিষয়ে সংশ্লিষ্ট কর্মকর্তা ও বিশেষজ্ঞদের মধ্যে মতভিন্নতাও কম নয়। যেমন এনবিআর পাচার বিষয়ে মামলা করতে পারে কি না, তা নিয়ে মতভিন্নতা আছে। যুক্তি হিসেবে বলা হয়, এ ধরনের মামলা পরিচালনায় উচ্চপর্যায়ের দক্ষ ও অভিজ্ঞ তদন্ত কর্মকর্তা এবং প্রসিকিউশন টিম থাকা দরকার। কিন্তু এনবিআরের তা নেই। এমনকি এমন মতও আছে যে এনবিআর মামলা দায়েরের কারণে অভিযুক্তরা বাড়তি আইনি প্যাঁচ কষতে পারে। দুদক নীতিনির্ধারকদের অনেকের ধারণা, সিআইডি, বিএফআইইউ বা এনবিআরের পরিবর্তে দুদকেরই শীর্ষ ভূমিকা নির্দিষ্ট করে বিদ্যমান ব্যবস্থা ঢেলে সাজানো দরকার।
আমরা মনে করি, প্রশাসনের অভ্যন্তরে এ ধরনের মতভিন্নতা বজায় থাকতে দেওয়া বা আইনকানুনের ত্রুটিবিচ্যুতি বজায় থাকতে দেওয়া প্রকারান্তরে পাচারকারীদের হাতকে শক্তিশালী করে। এর দ্রুত অবসান হওয়া দরকার। ২০০৫ থেকে ২০১৪ সাল পর্যন্ত বাংলাদেশ থেকে প্রায় ৬ লাখ ৬ হাজার ৮৬৮ কোটি টাকা পাচার হয়েছে বলে ধারণা করা হয়। এই হিসাব ওয়াশিংটনভিত্তিক গ্লোবাল ফিন্যান্সিয়াল ইনটেগ্রিটির (জিএফআই)। এই অর্থ বাংলাদেশের দুই অর্থবছরের বাজেটের সমান। ২০০৪ সালে ৯ থেকে ১৩ শতাংশ পর্যন্ত অর্থ পাচার হয়। সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি) ২০১৬ সালে পাচারের সব তথ্য এক জায়গায় এনে দেখিয়েছিল, গত ১০ বছরে সাড়ে চার লাখ কোটি টাকা পাচার হয়েছিল। সুতরাং বাংলাদেশ যেন অর্থ পাচারকারীদের একটি অভয়ারণ্যে পরিণত হয়েছে।
অর্থনীতি ও রাজনীতির ওপর আস্থা না থাকা এবং আর্থিক খাতে স্বচ্ছতার বেশি ঘাটতি থাকলে বেশি অর্থ পাচার হয়। যেসব কারণে খেলাপি ঋণ অনাদায়ি থাকে এবং পুঁজিবাজার লুটপাটের বিচার হয় না, সেই একই কারণে টাকা পাচারের সমাধান হয় না, হবে না। কারণগুলোর মূলোৎপাটনে রাজনৈতিক সদিচ্ছাটা সবার আগে সবার কাছে পরিষ্কার করতে হবে।