গত শনিবার মুক্তিযুদ্ধ জাদুঘরে অনুষ্ঠিত ‘কেমন আছেন অভিবাসী নারী শ্রমিকেরা?’ শীর্ষক গণশুনানিতে ভুক্তভোগী নারীরা যে অভিজ্ঞতা বর্ণনা করেছেন, তা অত্যন্ত মর্মস্পর্শী ও বেদনাদায়ক। প্রতিটি নির্যাতনের ধরন প্রায় অভিন্ন। স্থান-কাল-পাত্রী আলাদা। যাঁরা বিদেশে গিয়েছিলেন নিজেদের ভাগ্য ফেরাতে, স্বজনদের মুখে হাসি ফোটাতে, তাঁরাই কিনা দেশে ফিরে এলেন নির্মম ও করুণ অভিজ্ঞতা নিয়ে।
ওয়ান বিলিয়ন রাইজিং (উদ্যমে উত্তরণে শতকোটি) নামের একটি সংগঠন আয়োজিত এ গণশুনানিতে মাত্র কয়েকজনের জবানবন্দি পাওয়া গেছে। গণশুনানির তথ্য অনুযায়ী প্রবাসী নারী শ্রমিকদের অনেকে নিগ্রহ-নির্যাতনের শিকার হয়েছেন। এটা অত্যন্ত বিস্ময়কর যে মধ্যপ্রাচ্যের মুসলিমপ্রধান দেশগুলোতেই বেশি নারী নির্যাতনের ঘটনা ঘটে, যদিও প্রচলিত ধারণা হচ্ছে সেখানে ধর্মীয় অনুশাসন সবাই মেনে চলেন।
এর আগেও গণমাধ্যম ও দেশি-বিদেশি মানবাধিকার সংগঠনের প্রতিবেদনে প্রবাসী নারী শ্রমিকদের নির্যাতনের ঘটনাবলি উঠে এসেছে। কিন্তু এ ব্যাপারে সরকারের পক্ষ থেকে কার্যকর কোনো উদ্যোগ লক্ষ করা যায় না। যেসব দেশ নারী শ্রমিক নিয়েছে তারা প্রতিশ্রুতি দিয়েছিল, সেখানে নির্যাতন–নিগ্রহের ঘটনা আর ঘটবে না। একই অভিযোগে ইন্দোনেশিয়া, ফিলিপাইনসহ কয়েকটি দেশ মধ্যপ্রাচ্যে নারী শ্রমিক পাঠানো বন্ধ রেখেছে। প্রয়োজনে আমাদেরও অনুরূপ সিদ্ধান্ত নিতে হবে। বাংলাদেশে নারী শ্রমিকদের কাজের অভাব আছে। তাই বলে আমরা তাঁদের গভীর অনিশ্চয়তা ও বিপদের মধ্যে ঠেলে দিতে পারি না।
সাবেক বিচারপতিসহ গণশুনানিতে অংশগ্রহণকারী বিশিষ্টজনেরা প্রবাসী নারী শ্রমিকদের নিরাপত্তার দায়িত্ব সরকারকে নিতে বলেছেন। দেশে হোক বা বিদেশে, তঁারা বাংলাদেশেরই নাগরিক। তঁাদের নিরাপত্তার দায়িত্ব সরকারকেই নিতে হবে। প্রাথমিকভাবে প্রত্যেক নারী শ্রমিক যাতে যেকোনো অবস্থায় দেশে স্বজনদের সঙ্গে যোগাযোগ রাখতে পারেন, সে জন্য তঁাদের প্রত্যেকের হাতে মোবাইল সেট দেওয়ার কথা। কিন্তু যেসব চাকরিদাতা প্রতিষ্ঠান ও ব্যক্তির বদমতলব থাকে, তারা প্রথমেই তাঁর যোগাযোগের পথটি বন্ধ করে দেয়। এ ব্যাপারে সংশ্লিষ্ট দূতাবাসের নিয়মিত নজরদারি বাড়াতে ও প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে। লোকবলের দোহাই দিয়ে দায়িত্ব এড়ানো যাবে না।
এক-দুটি ক্ষেত্রে নির্যাতককে আইনের আওতায় আনা গেলে নারী নির্যাতনের মাত্রা কমবে আশা করি। আমরা চাই না আর কোনো নারী শ্রমিক বিদেশে গিয়ে নির্যাতন–নিগ্রহের শিকার হোন।