বিদেশে লেখাপড়া শেষে দেশে এসে গবেষণা করুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রথম আলোর অনলাইন সংস্করণে (pৎothom-alo.com) প্রতিদিন রাজনীতি, অর্থনীতি, সমাজ, খেলা, প্রযুক্তি ও ব্যবসা-বাণিজ্য নিয়ে পাঠকের মতামত প্রকাশিত হয়। তাঁদের এসব মতামত চিন্তার খোরাক জোগায় অন্যদের। গত কয়েক দিনে বিভিন্ন বিষয়ে পাঠকদের কিছু মন্তব্য সামান্য সংক্ষেপিত আকারে ছাপা হলো।আশ্বস্ত বিশ্বব্যাংক পদ্মায় ফিরলবিশ্বব্যাংক গত শুক্রবার সকালেই জানিয়ে দিয়েছিল যে পদ্মা সেতু নির্মাণে তারা আবার অর্থায়ন করবে। গত শনিবার প্রথম আলোর প্রধান শিরোনাম ছিল এটি। এ খবরে প্রথম আলোর পাঠকেরা স্বস্তির নিশ্বাস ছেড়ে বলেছেন, যাক, শেষ পর্যন্ত সেতু হচ্ছে। এ সম্পর্কে মাহতাফ হোসেন লিখেছেন: বিশ্বব্যাংক পদ্মা সেতু প্রকল্পে তাদের বাতিল করা ঋণ পুনর্বরাদ্দ করছে জেনে খুবই ভালো লাগল। তা হলে শেষ পর্যন্ত আমাদের স্বপ্নের পদ্মা সেতু বাস্তবায়ন হচ্ছে। কিন্তু এখন একটা প্রশ্ন এসে যায়, বিশ্বব্যাংকের ঋণ বাতিলের জন্য যাঁরা মুহাম্মদ ইউনূসকে দুষতেন, তাঁরা কী বলবেন? যদি তিনি ওই প্রকল্পে ঋণদানে বাধা সৃষ্টি করতেন এবং তাতেই বিশ্বব্যাংক ঋণদান বাতিল করত, তা হলে আজকে তাঁর সঙ্গে সরকারের উচ্চপর্যায়ে বৈরী সম্পর্ক আগের মতো থাকার পরও কেন বিশ্বব্যাংক ঋণ পুনর্বরাদ্দ করল? এ সরকারে যাঁরা আছেন, তাঁরা নিজেদের ব্যর্থতা আর দুর্নামের দায়ভার অন্যের ওপর চাপানোর একটা মারাত্মক দোষে আক্রান্ত।সত্যজিৎ: যা হওয়ার হয়ে গেছে। এবার আমরা কাজ দেখতে চাই।সোহাগ আহমেদ: অবশেষে এক বছরের টানাপোড়েন, ঝগড়া-বিবাদ পেছনে ফেলে বিশ্বব্যাংক পদ্মা সেতু প্রকল্পে অর্থায়নে রাজি হয়েছে। এটি শেখ হাসিনার সরকারের জন্য একটি সুসংবাদ। শেষাবধি সরকারের সুমতি ফিরে এসেছে, এ জন্য ধন্যবাদ জানাই।১০ বছরে ৯ লাখ হিন্দু জনগোষ্ঠী কমেছেসর্বশেষ আদমশুমারির ওপর ভিত্তি করে তৈরি প্রতিবেদনটি গত শনিবার প্রথম আলোয় প্রকাশিত হয়। এ সম্পর্কে সুমন্ত বর্মণ লিখেছেন: আমার পরিবার ভুক্তভোগীদের মধ্যে একটি। আমাদের সম্পত্তির বড় একটা অংশ অন্যদের দখলে। আর আমার দাদুবাড়ির (নানাবাড়ি) পুরোটাই দখল হয়ে গেছে। আমার নানাবাড়ির কেউই আর নেই বাংলাদেশে। আমার পরিবারের সদস্যরা আর কয় দিন থাকতে পারবে বাংলাদেশে, সেটাই এখন বড় প্রশ্ন। আমার আত্মীয়স্বজনের অনেকেই বাংলাদেশ ছেড়ে চলে গেছে বিভিন্ন দেশে। সর্বশেষ বাকি আছে আমার পরিবার। জানি না কত দিন থাকতে পারবে জন্মভূমিতে। বুকের মাঝে অনেক কষ্ট। নানাবাড়ি দেখি না সেই কত দিন হলো। জানি না আবার একই কষ্ট পেতে হয় কি না নিজেদের বাড়ির জন্য। জানি, এখানে দু-চার লাইন লিখে কিছুই হবে না, তবু লিখলাম।আকাশ আহমেদ: এটা মেনে নেওয়া যায় না। কজন ভারতীয় আমাদের দেশে এসেছেন? কেন ভারতের সংখ্যালঘুরা এ দেশে বা পাকিস্তানে আসেন না? কারণ, তাঁরা ভারতে খুব ভালোই আছেন। ভারত একটি অসাম্প্রদায়িক ও ধর্মনিরপেক্ষ দেশ, এ জন্যই এটা সম্ভব হয়েছে। বাংলাদেশ পুরোপুরি ধর্মনিরপেক্ষ দেশ হোক, এটাই কামনা করি। ধর্ম যার যার কিন্তু এই রাষ্ট্র সবার। মনিরুজ্জামান: আমার কলেজের বন্ধু চন্দন ঘোষাল ওর পরিবারের সঙ্গে ভারতে যেতে রাজি হয়নি। এটা ওরও দেশ। আমি চন্দনকে বলেছিলাম, তোর যদি এ দেশ ছেড়ে যেতে হয়, তবে এ দেশ আমারও না। আজ চন্দন কানাডা আর আমি সিঙ্গাপুরে।আবদুর রহমান শেখ: ছোটবেলায় আমাদের এলাকায় অনেক হিন্দু পরিবার ছিল। আস্তে আস্তে তাদের অনেকেই পশ্চিমবঙ্গে চলে গেছে। আর তাদের সঙ্গে বিনিময় করে পশ্চিমবঙ্গ থেকে অনেক মুসলিম পরিবার আমাদের এলাকায় এসেছে। অত্যন্ত দুঃখের সঙ্গে বলতে হয়, এই মানুষগুলো সত্যিই খুব হতভাগ্য। দেশে থাকলে তারা সংখ্যালঘু, দেশ ছাড়লে তারা রিফিউজি বা উদ্বাস্তু। ভারত থেকে আসা মুসলিম পরিবারগুলোর সঙ্গেও এলাকার মানুষ মোটেও ভালো ব্যবহার করে না। বিয়ে ও অন্যান্য কাজে সামাজিকভাবে তাদের হেয় করা হয়। আমাদের দেশ সাম্প্রদায়িকতার দিক থেকে তুলনামূলকভাবে ভারত-পাকিস্তান থেকে ভালো। তার পরও আমাদের মনমানসিকতার আরও পরিবর্তন দরকার। এই লাশ তোমার না আমার?মেঘনায় যত্রতত্র লাশ ভেসে উঠছে। ভৈবরে মেঘনা সেতু থেকে লাশ ফেলার শব্দ নিয়মিত শুনতে পান সেখানে মাছ ধরায় ব্যস্ত জেলেরা। কিন্তু পুলিশ-প্রশাসন কিছুই জানে না। এ বিষয়টির ওপর আলোকপাত করেছেন ফারুক ওয়াসিফ তাঁর জননিরাপত্তাবিষয়ক লেখায়। এ লেখার প্রতিক্রিয়ায় ফারিনা লিখেছেন: লেখাটা পড়ার পর কিছুটা সময় স্তব্ধ হয়ে বসে ছিলাম। প্রায়ই এমনটা হয়। কিছু খবর কিছু সময়ের জন্য মাথাটা অকেজো করে দেয়। প্রিয় বাংলাদেশ, কত হাজার মরলে পরে মানবে তুমি শেষে, বড্ড বেশি মানুষ গেছে বানের জলে ভেসে...!মো. শওকত আলী: বিষয়টি জাতির সামনে তুলে ধরার জন্য ফারুক ওয়াসিফকে ধন্যবাদ। আমি লেখাটি পড়ে চোখের পানি ধরে রাখতে পারিনি। স্বাধীন, সার্বভৌম একটি দেশের নাগরিকদের এমন পরিণতি দেখে কেউ কি বলবে নাগরিকের মৌলিক অধিকার রক্ষিত হচ্ছে, না একটা জংলি দেশে আমরা বসবাস করছি। এই দেশ কি চেয়েছিলেন মওলানা ভাসানী, হোসেন শহীদ সোহরাওয়ার্দী, শেখ মুজিবুর রহমানেরা? নিশ্চয়ই উত্তর হবে, না। তা হলে আমরা কার আদর্শে চলছি? জনগণের মুক্তির চিন্তাকামী মানুষের চেতনা কবে জাগবে?এম এম আবু তাহের: এ সরকার কিছু সাফল্যের কথা বলে ব্যর্থতার দায় নিচ্ছে না। কিন্তু আমরা সাধারণ মানুষ এত বোকা না যে আমরা কিছু বুঝি না। আমাদের জানমালের কোনো নিরাপত্তা নেই। আমরা কি কেউ জানি ওই নদীতে ভাসা লাশের মতো অবস্থা আমাদের কারও হবে না? শাবাশ বাংলার বিজ্ঞানীরাপাটসহ ৫০০ উদ্ভিদের জন্য ছত্রাকের জীবনরহস্য উন্মোচন করেছেন এই বাংলার একদল বিজ্ঞানী। আর এঁদের নেতৃত্ব দিয়েছেন জিন বিজ্ঞানী মাকসুদুল আলম। তাঁদের সাফল্যের কাহিনি ছিল গত বৃহস্পতিবার প্রথম আলোর প্রধান শিরোনাম। এ সাফল্যের খবর পড়ে পাঠকেরা উদ্বেলিত। এ বিষয়ে প্রতিক্রিয়া ব্যক্ত করে এস এম ফজলে রাব্বি লিখেছেন: সত্যি খবরটা শোনার পর থেকে মনটা আনন্দে ভরে গেছে। এত এত নিরানন্দ খবরের মধ্যে এমন খবর শুনলে আনন্দে চোখে পানি চলে আসে। আমরা বাংলাদেশিরাও পারি, ভাবতেই গর্বে বুকটা ফুলে ওঠে। অন্তর থেকে জিন বিজ্ঞানী মাকসুদুল আলম ও তাঁর সহযোগীদের প্রাণঢালা শুভেচ্ছা জানাচ্ছি।জাকির: মাকসুদুল আলম আপনাকে কী বলে ধন্যবাদ জানাব, সেই ভাষা খুঁজে পাচ্ছি না। হাজার হাজার মাইল দূর থেকে আপনাকে জানাই লাল সালাম।মোসাব্বির: বিজ্ঞানী মাকসুদুল আলমকে ধন্যবাদ জানাচ্ছি এ রকম একটা যুগান্তকারী আবিষ্কারের জন্য। বিজ্ঞানীদের কাজ বিজ্ঞানীরা করেছেন। কিন্তু তাঁর সুফল কৃষক পর্যায়ে পৌঁছানোর দায়িত্ব সরকারের। আসলে এই আবিষ্কার নিয়ে এতটা আশাবাদী হওয়ার কিছু দেখছি না। গত বছর দুই আগে পাটের জেনোম আবিষ্কারের পর বলা হয়েছিল, বাংলাদেশে পাটের হারানো গৌরব ফিরে পাওয়া শুধু সময়ের ব্যাপার; কিন্তু বাস্তবে হলো কী? গত দুই বছরে পাটচাষিদের হতাশা ছাড়া দেখার মতো কোনো উন্নয়নই চোখে পড়েনি। এই আবিষ্কার সরকারের বড় গলায় প্রচার ছাড়া কৃষকের বিন্দুমাত্র উপকারে আসবে বলে আমার মনে হয় না।মো. রশীদ: গুরুত্বপূর্ণ এই আবিষ্কারের জন্য মাকসুদুল আলম ও তাঁর দলের সদস্যদের প্রাণঢালা অভিনন্দন জানাই। এভাবেই দেশটা এগিয়ে যাক জ্ঞান-বিজ্ঞানের সব শাখায়, এই কামনা রইল।আশরাফুজ্জামান: অভিনন্দন মাকসুদুল আলমকে দেশের হয়ে এত বড় অর্জনের জন্য। কোনো লোভ ছাড়া কাজের জন্য। যেখানে তাঁকে প্রতি মাসে ১৬ লাখ টাকা করে সম্মানী দিতে চাওয়া হয়েছিল অথচ তিনি তা নিতে অস্বীকার করেছেন। এ সরকারকেও ধন্যবাদ, তাঁকে গবেষণার সুযোগ করে দেওয়ার জন্য।সৈয়দ কামরুল হক: স্যার, আপনি এগিয়ে যান। নানা কারণে আজ এ জাতি বড়ই বিপৎসংকুল পথ পাড়ি দিচ্ছে। আপনার প্রচেষ্টায় ড. ইউনূসের পর আরেকটি গৌরবের পাদটীকা এ দুর্ভাগা জাতির ললাটে অঙ্কিত হোক। আপনার পূর্ণ সফলতা কামনা করছি।মো. শেখ রাসেল: জিন বিজ্ঞানী মাকসুদুল আলমের মতো সব বাংলাদেশি গবেষক যদি বিদেশে লেখাপড়া শেষ করে দেশে ফিরে এসে গবেষণা করেন, তা হলে আমাদের দেশ থেকে নতুন নতুন প্রযুক্তি উদ্ভাবন করে বাংলাদেশকে বিশ্বের দরবারে মাথা উঁচু করে উপস্থাপন করা সম্ভব। আমাদের দেশ থেকে যেসব মেধাবী ছাত্র বিদেশে পড়াশোনা করতে যান, তাঁদের প্রতি অনুরোধ, লেখাপড়া শেষে দেশে এসে গবেষণা করুন। তা হলে আপনি যে দেশে জন্মেছেন, সেই দেশের কাছে কিছুটা হলেও ঋণ শোধ করতে পারবেন।[পাঠকের মতামত বিস্তারিত পড়তে ও আপনার মতামত জানাতে ভিজিট করুন pৎothom-alo.com]