বিদেশে শিক্ষার্থীদের সাফল্য

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজনৈতিক সংকট ও সহিংসতায় যখন বাংলাদেশে শিক্ষাজীবন ভীষণভাবে ব্যাহত হচ্ছে, তখন একটি আশাব্যঞ্জক সুখবর এসেছে যুক্তরাজ্য থেকে। সেখানে বাংলাদেশি বংশোদ্ভূত যেসব ছেলেমেয়ে লেখাপড়া করছেন, তাঁদের সাফল্য ‘ঈর্ষণীয়’ বলে মন্তব্য করেছেন দেশটির লেবার পার্টির এমপি ফ্র্যাংক ডবসন।
গত রোববার পশ্চিম লন্ডনের ক্যামডেন সেন্টারে যুক্তরাজ্যে বাংলাদেশ হাইকমিশন সে দেশের বাংলাদেশি বংশোদ্ভূত শিক্ষার্থীদের ‘আউটস্ট্যান্ডিং অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড’ শীর্ষক এক অনুষ্ঠানের আয়োজন করে, যেখানে অসাধারণ ফলাফল করার জন্য ৮২ জন শিক্ষার্থীকে সনদ ও সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। যুক্তরাজ্যের একজন মন্ত্রী, একজন বিচারপতি, ইউরোপীয় পার্লামেন্টের একজন সদস্যসহ গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে লেবার পার্টির এমপি ফ্র্যাংক ডবসন বাংলাদেশি শিক্ষার্থীদের প্রশংসা করেন। যুক্তরাজ্যে বসবাসরত বিভিন্ন দেশের বংশোদ্ভূত শিক্ষার্থীদের তুলনায় বাংলাদেশি বংশোদ্ভূত শিক্ষার্থীরা যে ঈর্ষণীয়ভাবে এগিয়ে রয়েছেন, তা দেশটির প্রভাবশালী সাপ্তাহিক দি ইকোনমিস্ট-এর একটি গবেষণা প্রতিবেদনেও তুলে ধরা হয়েছে। এমনকি তাঁরা শ্বেতাঙ্গ শিক্ষার্থীদের চেয়েও ভালো ফল করছেন। গত বছর অনুষ্ঠিত জিসিএসসি পরীক্ষার ফলাফল বিশ্লেষণ করে দি ইকোনমিস্ট দেখিয়েছে, বাংলাদেশি বংশোদ্ভূত শিক্ষার্থীদের ৬১ শতাংশ পাঁচটির বেশি বিষয়ে ভালো নম্বর পেয়েছেন। পাকিস্তানি বংশোদ্ভূত শিক্ষার্থীদের মধ্যে এই হার ৫১ শতাংশ, আর শ্বেতাঙ্গ শিক্ষার্থীদের মধ্যে ৫৬ শতাংশ।
যুক্তরাজ্যে বাংলাদেশি বংশোদ্ভূত শিক্ষার্থীদের এই ঈর্ষণীয় সাফল্য সে দেশে বসবাসরত পুরো বাংলাদেশি সমাজেরই ভাবমূর্তি উজ্জ্বল করবে। তবে একটি বিষয় লক্ষণীয়: সেদিনের ওই অনুষ্ঠানে দুজন বাংলাদেশি বংশোদ্ভূত স্কুলছাত্রীর জঙ্গিগোষ্ঠী আইএসে যোগ দিতে সিরিয়া যাওয়ার প্রসঙ্গটি আলোচিত হয়েছে। এ বিষয়ে বাংলাদেশি কমিউনিটির বিশেষ লক্ষ রাখা জরুরি। তাঁদের ছেলেমেয়েরা যেন কোনো ধরনের জঙ্গি তৎপরতার প্রতি আকৃষ্ট না হয়, মা-বাবা, কমিউনিটির নেতারাসহ সবারই সেদিকে সজাগ দৃষ্টি রাখা প্রয়োজন। পড়াশোনায় ভালো ফলাফল করার মধ্য দিয়ে দেশটির মূলধারার জনগোষ্ঠীর শ্রদ্ধা অর্জনের বিষয়টিই যে অনুসরণীয় পথ—এই বোধ শিক্ষার্থীদের মধ্যে সঞ্চারিত করা প্রয়োজন।

আরও পড়ুন