গাইবান্ধার সদর উপজেলার কুন্দেরপাড়া গণ-উন্নয়ন একাডেমি নামের একটি মাধ্যমিক বিদ্যালয় আগুনে পুড়ে যাওয়ার ঘটনাটি সত্যিই দুঃখজনক। শনিবার প্রথম আলোয় প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, গত বৃহস্পতিবার দিবাগত মধ্যরাতে বিদ্যালয়টিতে আগুন লাগে। আগুনে অফিসকক্ষ, শিক্ষক মিলনায়তন, লাইব্রেরি, শ্রেণিকক্ষ ও আসবাব পুড়ে যায়। এ ছাড়া ওই বিদ্যালয় থেকে জেএসসি ও এসএসসি পাস করা কয়েক শ শিক্ষার্থীর সনদ ও বিভিন্ন শিক্ষা সরঞ্জাম পুড়ে ভস্মীভূত হয়েছে। পুড়েছে এ বছরের দুই এসএসসি পরীক্ষার্থীর প্রবেশপত্রও। ক্ষতি হয়েছে প্রায় ৩০ লাখ টাকার সম্পদ।
কীভাবে এই আগুন লেগেছে তা জানা যায়নি। তবে গাইবান্ধার স্বেচ্ছাসেবী সংগঠন গণ-উন্নয়ন কেন্দ্র ও বিদ্যালয় কর্তৃপক্ষের সন্দেহ, কেউ পরিকল্পিতভাবে এ আগুন লাগিয়েছে। কুন্দেরপাড়া গ্রামের কয়েকজন অভিভাবকের ধারণা, সম্প্রতি স্থানীয় কিছু লোক বিদ্যালয়ের কার্যক্রমে বাধা দিচ্ছিল। এ ছাড়া কিছু লোক আরেকটি বিদ্যালয় প্রতিষ্ঠার পরিকল্পনা করছিল। তাদেরই কেউ হয়তো আগুন লাগিয়ে থাকতে পারে।
এসব ধারণা যদি সত্য হয় তাহলে এটা শুধু গুরুতর একটি ফৌজদারি অপরাধই নয়, অত্যন্ত ন্যক্কারজনক ঘটনাও বটে। শিশুদের বিদ্যালয়ে আগুন ধরিয়ে দেওয়ার মতো জঘন্য কাজ সভ্য সমাজে কল্পনাও করা যায় না।
২০০৩ সালে গাইবান্ধার দুর্গম চরাঞ্চলে গড়ে ওঠা কুন্দেরপাড়া গণ-উন্নয়ন একাডেমিতে বর্তমানে শিক্ষার্থীর সংখ্যা ৫৭৩। এ বছর এসএসসি পরীক্ষা দেবে ৭৭ জন ছাত্রছাত্রী। এই শিক্ষার্থীদের এখন কী হবে? এসএসসি পরীক্ষার্থীরা হয়তো পরীক্ষা
দিতে পারবে। কিন্তু বাকিদের? এভাবে শিক্ষার্থীদের শিক্ষাজীবনকে বিঘ্নিত করার অধিকার কারও নেই। তা ছাড়া, এই ঘটনা তাদের কচি কোমল মনে অত্যন্ত নেতিবাচক প্রভাব ফেলতে পারে।
আগুন কীভাবে লেগেছে, তা জানার জন্য সুষ্ঠু তদন্ত করা হোক। যদি কেউ পরিকল্পিতভাবে আগুন লাগিয়ে থাকে, তাহলে তাদের অবিলম্বে গ্রেপ্তার করে আইনানুগভাবে বিচার করে শাস্তিদানের উদ্যোগ নিতে হবে। আর বিদ্যালয়টি দ্রুত মেরামত করে শিক্ষার্থীদের পাঠদান আবার শুরু করার উদ্যোগ নেওয়া হোক। জেলা প্রশাসন ও স্থানীয় সামর্থ্যবান ব্যক্তিরা বিদ্যালয়টির সহায়তায় এগিয়ে এলে ভালো হয়।