জাতীয় বেতনকাঠামোর অজুহাত তুলে ঢাকা ও চট্টগ্রামের নামকরা বিদ্যালয়গুলো শিক্ষার্থীদের ভর্তি ফি ও মাসিক বেতন অস্বাভাবিক হারে বাড়ানোর যে সিদ্ধান্ত নিয়েছে, তা অভিভাবকদের উদ্বিগ্ন করেছে। ইতিমধ্যে উইলস লিটল ফ্লাওয়ার, ভিকারুননিসা, মতিঝিল আইডিয়ালসহ বেশ কিছু বিদ্যালয়ের অভিভাবকেরা প্রতিবাদ কর্মসূচি পালন করেছেন। চট্টগ্রামে অভিভাবকেরা সংহতি সমাবেশ করে বর্ধিত বেতন বাতিলের দাবি জানিয়েছেন। অভিভাবকদের পক্ষ থেকে শিক্ষামন্ত্রী ও জেলা প্রশাসক, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের চেয়ারম্যান এবং জেলা প্রশাসককে স্মারকলিপি দেওয়া হয়েছে।
যেসব বিদ্যালয়ে শিক্ষার্থীদের বেতন বাড়ানো হয়েছে, বেশির ভাগেই শিক্ষকদের শতভাগ বেতন দেওয়া হয়ে থাকে সরকারি কোষাগার থেকে। এর বাইরে বিদ্যালয় কর্তৃপক্ষ বাড়িভাড়াসহ কিছু আর্থিক সুবিধা দিলেও তার পরিমাণ মূল বেতনের
তুলনায় অনেক কম। সে ক্ষেত্রে শিক্ষার্থীদের বেতন ৪২ শতাংশ থেকে শতভাগ বৃদ্ধির যৌক্তিকতা কী?
তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা রাশেদা কে চৌধূরী জাতীয় বেতনকাঠামোর দোহাইকে খোঁড়া যুক্তি বলে অভিহিত করেছেন। মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক জাতীয় বেতনকাঠামোর অজুহাতে কিছু প্রতিষ্ঠান যা করছে, তাকে শাস্তিযোগ্য অপরাধ বলে মন্তব্য করেছেন। কেউ কেউ বলেছেন, নতুন বেতনকাঠামো বাস্তবায়ন করতে যে ব্যয় হবে, তাতে অর্থের ঘাটতি পড়বে। ওই ঘাটতির কারণে শিক্ষার্থীদের কাছ থেকে প্রায় দ্বিগুণ অর্থ আদায় করা কোনোভাবেই গ্রহণযোগ্য
হতে পারে না।
অতএব এই অবিবেচনাপ্রসূত সিদ্ধান্ত যাতে সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানগুলো প্রত্যাহার করে, সে বিষয়ে শিক্ষা মন্ত্রণালয়ের হস্তক্ষেপ প্রয়োজন। যেসব শিক্ষাপ্রতিষ্ঠান শিক্ষার্থীদের বেতন বাড়িয়েছে, তাদের মনে রাখা দরকার যে, শিক্ষার্থীদের বেতনের আয় থেকেই সমুদয় ব্যয় নির্বাহ করেও তারা উন্নয়নকাজ করেছে। নতুন করে অভিভাবকদের ওপর জবরদস্তি চলতে পারে না। এর আগে নানা অজুহাতে বিভিন্ন বিদ্যালয় কর্তৃপক্ষ অতিরিক্ত অর্থ শিক্ষার্থীদের কাছ থেকে নিলেও সরকার তাদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নিতে পারেনি। অনেক শিক্ষাপ্রতিষ্ঠানের পরিচালনা পরিষদে মন্ত্রী-সাংসদ থাকায় সরকারের নির্দেশনা উপেক্ষিত হয়েছে। এবার তাঁর পুনরাবৃত্তি হবে না বলেই প্রত্যাশিত।