বিদ্যালয়ের পাঠ্যপুস্তক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বছরের শুরুতেই প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়গুলোর শিক্ষার্থীদের হাতে বিনা মূল্যে নতুন পাঠ্যবই পৌঁছে দেওয়া বিরাট আনন্দদায়ক ব্যাপার। কিন্তু উৎসবের পরিবেশে শিশুর হাতে যে নতুন বই পৌঁছায়, তা যদি হয় ভুলে ভরা, তাহলে আনন্দ মাটি হয়, উদ্বেগও জাগে। শুধু ভুলত্রুটি নয়, আগে পড়ানো হতো এমন কিছু গল্প-কবিতা কিছু বই থেকে বাদ দেওয়ার কারণে বিতর্ক শুরু হয়েছে; কিছু কিছু লেখায় সাম্প্রদায়িক দৃষ্টিভঙ্গির প্রকাশ ঘটেছে বলেও অভিযোগ উঠেছে।
এসব থেকে বিদ্যালয়ের পাঠ্যবই প্রণয়নকারীদের ব্যাপারে দুই ধরনের সমস্যা স্পষ্ট হয়। প্রথমটি হলো পাঠ্যবই প্রণয়নকারীদের সেই অংশের যোগ্যতা, দক্ষতা ও দায়িত্বশীলতার সমস্যা; যাঁদের দ্বারা প্রণীত পাঠ্যবইগুলোতে ভুলত্রুটি আছে। নির্ভুল পাঠ্যবই প্রণয়নে তাঁদের ব্যর্থতা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। ‘ভুলত্রুটি মানুষেরই হয়’—এ ধরনের অজুহাত শিশু-কিশোরদের পাঠ্যবই প্রসঙ্গে উচ্চারণযোগ্যই নয়। পাঠ্যবইয়ে ভুল? পৃথিবীর কোনো শিক্ষিত ও সভ্য দেশের মানুষ এটা কল্পনাও করতে পারে না।
দ্বিতীয় সমস্যাটি মানসিকতা বা দৃষ্টিভঙ্গির। প্রথম শ্রেণির একটি শিশুকে ‘ও’ বর্ণ শেখাতে গিয়ে ওড়না পরার প্রসঙ্গ টানতে হবে কেন? একটা ছোট শিশুকে জেন্ডার ইস্যুর মধে্য টেনে আনার প্রয়োজন কী? এটাকে সমস্যাপূর্ণ দৃষ্টিভঙ্গি বলে অবশ্যই মনে হতে পারে। কয়েকজন শিক্ষক ও অভিভাবক ইতিমধ্যে এটাকে ‘হাস্যকর চেষ্টা’ বলেও মন্তব্য করেছেন।
দুঃখজনক বিষয় হলো, পাঠ্যবই নিয়ে নাগরিক সমাজে ও সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনা-বিতর্ক শুরু হওয়ার পরই কেবল এ বিষয়ে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের (এনসিটিবি) হুঁশ হয়েছে। তারা তিন সদস্যবিশিষ্ট একটা ‘পর্যালোচনা কমিটি’ গঠন করেছে, যার কাজ হবে পাঠ্যবইগুলোর ‘ভুলভ্রান্তিসহ সার্বিক বিষয় পর্যালোচনা’ করে একটা প্রতিবেদন পেশ করা। কমিটির ‘প্রতিবেদনের ভিত্তিতে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে’—এটা এনসিটিবির চেয়ারম্যান সংবাদমাধ্যমকে বলেছেন।
‘পরবর্তী পদক্ষেপ’ কী হবে, তা অবশ্য প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী এবং মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের সচিবের বক্তব্য থেকে জানা গেছে, ভুলের সংশোধনী দিয়ে খুব দ্রুত সবাইকে জানিয়ে দেওয়া হবে। কিন্তু এভাবে সমস্যার সমাধান হবে না। পাঠ্যবইয়ে ভুলের অভিযোগ এবারই প্রথম উঠল, তা মোটেও নয়। প্রতিবছরই এমন অভিযোগ ওঠে। পাঠ্যবই ছাপা হবে, সেগুলো শিক্ষার্থীদের হাতে যাওয়ার পর ভুলত্রুটি, অসংগতি ধরা পড়বে, আর সরকার ‘সংশোধনী’ দিয়ে মনে করবে সমস্যার সমাধান হয়ে গেল—বছরে বছরে এই অবস্থা আর চলতে পারে না।
শতভাগ নির্ভুল পাঠ্যবই প্রণয়ন ও মুদ্রণের ব্যবস্থা নিশ্চিত করতে হবে।