গত পাঁচ বছরে ছয়বার বিদ্যুতের দাম বাড়ানোর পর ষষ্ঠবারের মতো প্রায় ৩০ শতাংশ দাম বাড়ানোর প্রস্তাব বিবেচনার বিষয়ে সরকারের গোপনীয়তা নীতি অনুসরণ করা ঠিক হবে না। এই প্রশ্নে তারা জ্বালানি খাতের বিশেষজ্ঞদের সঙ্গে একটি খোলামেলা সংলাপে যেতে পারে। প্রকাশ্যে কোনো প্রকারের আলাপ-আলোচনা ব্যতিরেকে সরকারের কর্তৃপক্ষগুলো ভোক্তাদের ওপর একক সিদ্ধান্ত চাপিয়ে দেওয়ার যে প্রবণতা দেখিয়ে চলেছে, তা তাদের পরিহার করা উচিত। সরকারের তরফে দাম বাড়ানোর পক্ষে কিছু যুক্তি থাকতে পারে। তবে দাম বাড়ানোর সিদ্ধান্ত একতরফা চাপানোর আগে ভোক্তাগোষ্ঠীর মতামত নেওয়া উচিত।
তেলের দাম ব্যারেলপ্রতি ৮০ থেকে ১৫০ ডলারে পর্যন্ত উন্নীত হয়েছিল, সেটা এখন ২২ ডলারে ঠেকেছে। সুতরাং, স্বাভাবিক কারণেই সাধারণ মানুষ, যাঁরা মূল্যস্ফীতি, অহেতুক মূল্যবৃদ্ধি, ভেজাল বা দূষিত ভোগ্যপণ্যের কারণে দৈনন্দিন জীবনে জেরবার থাকেন, তাঁরা এখন আশা করবেন, কিছুটা হলেও দাম কমবে। এটা কেবল জ্বালানি বা বিদ্যুতের দামের হ্রাস-বৃদ্ধির ব্যাপার নয়, এর সঙ্গে সরকারের জনবান্ধব থাকা ও জনগণের সঙ্গে একটা জবাবদিহিমূলক সম্পর্ক বজায় রাখার ব্যাপারও জড়িত।
বিদ্যুতের দাম না কমিয়ে উল্টো বাড়ানোর প্রস্তাবএটা প্রশংসনীয় যে সরকার বিদ্যুৎ উৎপাদনকে সর্বোচ্চ গুরুত্বের সঙ্গে নিয়েছে এবং প্রায় ১২ হাজার মেগাওয়াট (প্রায় আড়াই হাজার মেগাওয়াট তেলনির্ভর) বিদ্যুৎ উৎপাদনের রেকর্ড তৈরি করেছে। জ্বালানির মূল্যবৃদ্ধির সঙ্গে জীবনধারণের ব্যয় বেড়ে যাওয়ার প্রত্যক্ষ সম্পর্ক রয়েছে। ঢাকায় গত এক বছরে অবৈধ সংযোগ ছিন্ন করে প্রায় এক কোটি টাকা জরিমানা করার মতো উত্তম উদাহরণ সৃষ্টি হয়েছে। এ ছাড়া তথাকথিত সিস্টেম লস, যার আড়ালে দুর্নীতি বাসা বেঁধেছে, এখন শাসনের মান বৃদ্ধি করে, সেটা হ্রাস করা গেলে বিদ্যুতের দাম বাড়ানোর দরকার পড়ে না।
আমরা আশা করব, সরকার বিদ্যুতের দাম বাড়ানো নয়, বরং কিছুটা কমালে সেটা তাদের গ্রহণযোগ্যতা বাড়াতে সহায়ক হতে পারে।