বিদ্যুতের দাম আর বাড়াবেন না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাত্র আট মাস আগেই বিদ্যুতের দাম বাড়ানো হয়েছে, এখন আরও এক দফা বাড়ানোর উদ্যোগ শুরু হয়েছে বলে খবর পাওয়া গেল। জনসাধারণের জীবনযাত্রা, ব্যবসা-বাণিজ্য, শিল্প ও কৃষি উৎপাদন—এসবের কিছুই আমলে না নিয়ে বিদ্যুতের দাম বাড়ানোর সিদ্ধান্ত কেন বারবার নেওয়া হয়, তা আমাদের বোধগম্য নয়।
অবশ্য কখনো কখনো যুক্তিসংগত কারণে, যেমন বিদ্যুৎ উৎপাদনে ব্যবহৃত জ্বালানির দাম আন্তর্জাতিক বাজারে বেড়ে গেলে বিদ্যুতের দাম বাড়ানোর প্রয়োজন দেখা দেয়। কিন্তু এক বছরের বেশি সময় ধরে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের (ফার্নেস তেল) দাম ক্রমাগত কমেছে। এর ফলে বিদ্যুৎ উৎপাদনের খরচও কমতে শুরু করেছে এক বছর আগে থেকে।
তা ছাড়া আমাদের মোট উৎপাদিত বিদ্যুতের প্রায় ৭২ শতাংশ আসে গ্যাসচালিত বিদ্যুৎকেন্দ্রগুলো থেকে, যে গ্যাসের দাম ২০০৯ সালের পরে অর্থাৎ গত পাঁচ বছরে একবারও বাড়ানো হয়নি। অথচ এই সময়ে সরকার বিদ্যুতের দাম বাড়িয়েছে মোট ছয়বার। এক ইউনিট বিদ্যুৎ কিনতে মানুষকে এখন খরচ করতে হয় আড়াই টাকার জায়গায় প্রায় ছয় টাকা।
বিদ্যুতের উৎপাদন খরচ কমছে, তবু মূল্যবৃদ্ধির উদ্যোগদফায় দফায় বিদ্যুতের দাম বাড়ানোর পেছনে সরকারের নীতিগত অবস্থান হলো বিদ্যুৎ ও জ্বালানি খাত থেকে ভর্তুকি পুরোপুরি প্রত্যাহার করা। কিন্তু এ অবস্থান জাতীয় অর্থনীতির পক্ষে উপকারী হবে না, যদি বিদ্যুতের দাম বাড়ানোর ফলে ব্যবসা-বাণিজ্য, শিল্প ও কৃষি উৎপাদনে বিরূপ প্রভাব পড়ে। তা যে পড়বে, সে কথা বিশেষজ্ঞ ও ব্যবসায়ী মহল থেকে বলা হচ্ছে। যেমন নিট পোশাকশিল্প মালিকদের সংগঠন বিকেএমইএর সাবেক সহসভাপতি বলেছেন, ব্যবসা-বাণিজ্যে মন্দা চলছে, বর্তমানে বিদ্যুতের যে দাম, তা-ই সব ব্যবসায়ী দিতে পারছেন না। দাম আবার বাড়ালে বিদ্যুতের বিলখেলাপি বাড়বে, শিল্পকারখানা বন্ধ হবে। ওদিকে কৃষিতে সেচের খরচ বাড়বে, তা ছাড়া সাধারণ মানুষের জীবনযাত্রায় বাড়তি চাপের বিষয়টিও তো উপেক্ষার বিষয় নয়।
বিশেষজ্ঞরা বলছেন, বিদ্যুতের দাম বাড়ানোর ভাবনা যুক্তিহীন। আমরা তা-ই বলি। দাম বাড়ানো নয়, প্রয়োজন জ্বালানি ব্যবস্থাপনায় আরও সুশাসন।