বিদ্যুতের দাম বরং কমানো উচিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সরকার গত বৃহস্পতিবার বিদ্যুতের দাম আরও এক দফা বাড়ানোর ঘোষণা দিয়েছে। আগামী ১ ডিসেম্বর থেকে ৫ দশমিক ৩ শতাংশ বর্ধিত হারে বিদ্যুতের নতুন দাম কার্যকর হবে। এই খবর প্রচারিত হওয়ার পর বিভিন্ন মহল থেকে যে প্রতিবাদ উঠেছে, তা যৌক্তিক। কিন্তু প্রধানমন্ত্রীর বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদবিষয়ক উপদেষ্টা তৌফিক-ই-ইলাহী চৌধুরী মন্তব্য করেছেন, বিদ্যুতের এই মূল্যবৃদ্ধি ‘মামুলি’ বিষয়। তাঁর এই মন্তব্যে জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির ফলে অর্থনৈতিক চাপে থাকা সংখ্যাগরিষ্ঠ বিদ্যুৎ গ্রাহকের প্রতি অসংবেদনশীলতা প্রকাশ পেয়েছে। এটা গ্রহণযোগ্য নয়।

বিদ্যুতের দাম বাড়ানোর প্রতিবাদ যৌক্তিক এ কারণে যে পাঁচটি বিতরণ কোম্পানির মধ্যে শুধু পল্লী বিদ্যুৎ ছাড়া অন্যগুলো বিদ্যুতের বর্তমান মূল্যহার থেকেই মুনাফা করছে। বিতরণ কোম্পানিগুলোর তরফ থেকে দাম বাড়ানোর প্রস্তাব আসার পর তা নিয়ে যে গণশুনানি হয়েছে, কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) হিসাব করে দেখিয়েছে যে বিদ্যুতের দাম বাড়ানোর প্রয়োজন তো নেই-ই, বরং তা কমানো সম্ভব। নভেম্বরের প্রথম সপ্তাহে ক্যাব ‘বিদ্যুতের দাম কমানোর প্রস্তাব’ শীর্ষক এক আলোচনা সভার আয়োজন করে। সেখানে ১৫ দফা সুপারিশ তুলে ধরে বলা হয়, সুপারিশগুলো বাস্তবায়ন করা হলে বিদ্যুতের উৎপাদন খরচ কমে আসবে এবং প্রতি ইউনিট বিদ্যুতের দাম ২৮ পয়সা কমানো সম্ভব হবে। ক্যাবের আলোচনা সভায় বিশেষজ্ঞরা বলেন, ‘আমরা হিসাব করে দেখিয়েছি, বিদ্যুতের দাম বাড়ানোর পরিবর্তে কমানো সম্ভব।’

কিন্তু সব মতামত অগ্রাহ্য করে বিদ্যুতের দাম বাড়ানোর যে ঘোষণা দেওয়া হলো, সেখানে গণশুনানির মতামত প্রসঙ্গে কিছুই বলা হলো না। এটা জনমতের প্রতি অবজ্ঞার প্রকাশ। সরকারকে অবশ্যই জনগণের স্বার্থ বিবেচনায় রাখতে হবে। বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের (বিএআরসি) কাজ শুধু বিদ্যুতের দাম বাড়ানো নয়; দাম বাড়ানোর প্রস্তাবের যৌক্তিকতা আছে কি না, তা যাচাই করতে হবে এবং অযৌক্তিক দাবি অবশ্যই প্রত্যাখ্যান করতে হবে।

উৎপাদন খরচ ও সিস্টেম লস কমিয়ে এবং চুরি-দুর্নীতি বন্ধ করে বিদ্যুতের দাম কমানোর দিকেই দৃষ্টি দেওয়া উচিত। ক্যাবের ১৫ দফা সুপারিশে বেশ কিছু উপায় বাতলে দেওয়া আছে। কারিগরিভাবে অধিকতর দক্ষ বিদ্যুৎকেন্দ্রগুলোতে উৎপাদনের পরিমাণ বাড়ানো এবং ডিজেলের বদলে ফার্নেস অয়েলভিত্তিক কেন্দ্রগুলোর ওপর বেশি জোর দেওয়া দরকার। জ্বালানি বিশেষজ্ঞ ম. তামিম যেমনটি বলেন, আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম কমেছে, তেলের দাম সমন্বয় করে এখনই বিদ্যুতের দাম কমানো সম্ভব।
সুতরাং দাম বাড়ানোর ঘোষণাটি বাতিল করুন।