আন্তর্জাতিক বাজারে তেলের দাম কমেছে দীর্ঘদিন ধরেই। কিন্তু এর সঙ্গে সংগতি রেখে আমাদের দেশে দাম কমানো হয়নি। ফলে সরকার লাগামছাড়া মুনাফা করলেও অতীতে আন্তর্জাতিক বাজারে তেলের দাম বাড়ার চাপ জনগণকে এখনো
বয়ে বেড়াতে হচ্ছে। এরই মধ্যে আবার নতুন করে জনগণের ওপর বিদ্যুতের দাম বাড়ানোর উদ্যোগ-আয়োজন চলছে। অথচ তেলের দাম কমার কারণে তেলনির্ভর বিদ্যুৎকেন্দ্রগুলোর উৎপাদন খরচ কমায় সার্বিকভাবে বিদ্যুতের ইউনিটপ্রতি উৎপাদন খরচ কমেছে।
আন্তর্জাতিক বাজারে তেলের দাম কমার প্রবণতা শুরু হয় সেই ২০০৮ সাল থেকে। তখন ব্যারেলপ্রতি অপরিশোধিত তেলের দাম যেখানে ছিল প্রায় ১৪০ ডলারের কাছাকাছি, তা কমতে থাকে এবং এরপর তা আর কখনোই ১১০ বা ১১৫ ডলারের ওপর ওঠেনি। ২০১৪ সাল থেকে আবার কমতে শুরু করে এখন তা ৫৬ ডলারের কাছাকাছি। ২০১৬ সালেও তেলের দাম খুব বাড়বে না বলে পর্যবেক্ষকদের ধারণা। ২০০৮ সালের তুলনায় তেলের দাম প্রায় অর্ধেকের নিচে নেমে এলেও এর সুফল জনগণ পাচ্ছে না। এই পরিস্থিতিতে যেখানে বিদ্যুতের উৎপাদন খরচ কমেছে, সেখানে বিদ্যুতের দাম নতুন করে বাড়ানোর যৌক্তিক কারণ আছে বলে মনে করি না।
দেশে ভাড়াভিত্তিক যে বিদ্যুৎকেন্দ্রগুলো থেকে সরকার বিদ্যুৎ কেনে, এর মধ্যে ১১টি নিজেরাই তেল আমদানি করে। ফলে আন্তর্জাতিক বাজারে তেলের দাম কমার সুফল এই কেন্দ্রগুলো সরাসরি পাচ্ছে। অন্যদিকে ভাড়াভিত্তিক বিদ্যুৎকেন্দ্রগুলো থেকে বিদ্যুৎ কেনার আগের চুক্তি নবায়ন করার ফলেও সরকার আগের চেয়ে কম দামে বিদ্যুৎ কিনতে পারছে। সবকিছু মিলিয়েই দেশে সামগ্রিক বিদ্যুৎ উৎপাদনের ইউনিটপ্রতি খরচ কমার পর এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) বিদ্যুতের দাম বাড়ানোর উদ্যোগ পুরোপুরি অগ্রহণযোগ্য ও অযৌক্তিক।
আমরা আশা করব, সরকার ও বিইআরসি বাস্তবতা বিবেচনায় নিয়ে বিদ্যুতের দাম বাড়ানোর উদ্যোগ থেকে সরে আসবে। একই সঙ্গে আন্তর্জাতিক বাজারের সঙ্গে মিল রেখে দেশের বাজারেও জ্বালানি তেলের দাম কমাতে হবে।