
বিদ্যুৎ পাওয়ার আশায় তাঁরা মোটা অঙ্কের টাকা দিয়েছিলেন। কিন্তু তিন বছর পার হলেও সেই বিদ্যুৎ তাঁরা পাননি। এ রকম হলে মানুষের হতাশা কোথায় গিয়ে ঠেকে! চাঁদপুরের শাহরাস্তি উপজেলার মসৎপাড়া গ্রামের ৪৫ জন বাসিন্দা এমনই এক হতাশাজনক পরিস্থিতিতে পড়েছেন।
বৃহস্পতিবার প্রথম আলোর খবর অনুযায়ী, বিদ্যুৎ–সংযোগ দেওয়ার নাম করে ২০১৪ সালের অক্টোবরে মসৎপাড়া গ্রামের ৪৫ জন গ্রাহকের কাছ থেকে সাড়ে চার লাখ টাকা আদায় করেন একই গ্রামের আবদুল করিমসহ বেশ কয়েকজন ব্যক্তি। ঠিকাদারকে দিতে হবে—এই বলে বিদ্যুতের খুঁটি পরিবহনসহ অন্যান্য খরচ বাবদ তিনি তাঁদের কাছ থেকে এই টাকা আদায় করেন। অথচ পল্লী বিদ্যুৎ সমিতি চাঁদপুর কার্যালয়ের কর্মকর্তারা দাবি করেছেন, এসব খাতে গ্রাহকদের কাছ থেকে টাকা আদায়ের কোনো নিয়ম নেই। পল্লী বিদ্যুৎ–সংযোগের ক্ষেত্রে শুধু গ্রাহকপ্রতি ৬০০ টাকা জামানত ফি ও ৫০ টাকা সদস্য ফি নেওয়ার নিয়ম রয়েছে।
মসৎপাড়া গ্রামের এই বাসিন্দারা স্পষ্টতই প্রতারণার শিকার হয়েছেন। খোঁজ নিয়ে জানা গেছে, আবদুল করিম একজন মোবাইল ব্যাংকিংয়ের এজেন্ট। পল্লী বিদ্যুৎ সমিতির সঙ্গে তাঁর কোনো সংশ্লিষ্টতা নেই। যাঁদের সঙ্গে জোট বেঁধে তিনি গ্রাহকদের কাছ থেকে টাকা নিয়েছেন, তাঁরা সবাই স্থানীয় আওয়ামী লীগের সঙ্গে সংশ্লিষ্ট। এমন সব লোকের হাতে গ্রাহকেরাই–বা কেন টাকা তুলে দিলেন, সেটা একটা প্রশ্ন। বোঝাই যাচ্ছে, বিদ্যুতের সংযোগ নেওয়ার নিয়মকানুন না জানার কারণে তাঁরা প্রতারণার শিকার হয়েছেন। এতে শুধু ৪৫ জন গ্রাহক যে ক্ষতিগ্রস্ত হয়েছেন তা নয়, পল্লী বিদ্যুৎ সমিতির ভাবমূর্তিও ক্ষুণ্ন হয়েছে।
এভাবে যাঁরা গ্রাহকদের সঙ্গে প্রতারণা করেছেন, তাঁদের আইনের আওতায় এনে শাস্তি নিশ্চিত করা জরুরি। আর পল্লী বিদ্যুৎ সমিতি চাঁদপুর কার্যালয়ের উচিত প্রতারণার শিকার হওয়া এসব গ্রাহকের অবিলম্বে বিদ্যুৎ–সংযোগ নিশ্চিত করা।