সব পর্যায়ে আবারও বিদ্যুতের দাম বাড়ানোর উদ্যোগ চলছে। উৎপাদন ব্যয় বেড়ে যাওয়াকে দাম বাড়ানোর কারণ হিসেবে তুলে ধরা হচ্ছে। কিন্তু বাস্তবে দেখা যাচ্ছে, পরিস্থিতি আদৌ তা নয়। বরং বিদ্যুৎ উৎপাদনের জন্য প্রয়োজনীয় জ্বালানির দামের ক্ষেত্রে দ্বৈত অবস্থান এবং এমন একটি পরিস্থিতি সৃষ্টি করে রাখা হয়েছে, যা বিভ্রান্তিকর। ফলে ‘লোকসান’ ও ‘ভর্তুকি’র দোহাই দিয়ে দাম বাড়ানোর এই উদ্যোগ অগ্রহণযোগ্য।
বেসরকারি খাতে বিদ্যুৎ উৎপাদনে জড়িতদের মধ্যে যারা জ্বালানি আমদানির লাইসেন্স পেয়েছে, তারা আন্তর্জাতিক দামে জ্বালানি তেল আমদানি করছে। তাদের উৎপাদন খরচ কম পড়ছে। অন্যদিকে যাদের বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি) থেকে জ্বালানি কিনতে হচ্ছে, তাদের উৎপাদন খরচ অনেক বেশি পড়ে যাচ্ছে। কারণ, আন্তর্জাতিক বাজারের প্রায় দ্বিগুণ দামে জ্বালানি বিক্রি করছে বিপিসি। বিদ্যুৎ উৎপাদনের ক্ষেত্রে এ ধরনের একটি দ্বৈত ব্যবস্থা চালু রাখার কী যুক্তি থাকতে পারে? এটা পরিষ্কার, বিদ্যুৎ উৎপাদনের বেশি খরচের যে হিসাব তুলে ধরা হয়, তা প্রকৃত সত্য নয়।
আন্তর্জাতিক বাজারে বর্তমানে যে দামে জ্বালানি তেল বিক্রি হচ্ছে, তাকে বিবেচনায় নিলে বিদ্যুৎ উৎপাদনের খরচ বাড়ার কোনো কারণ নেই। ফলে ‘লোকসান’ বা উৎপাদন খরচের তুলনায় কম দামে বিদ্যুৎ বিক্রি করতে গিয়ে ‘ভর্তুকি’ দেওয়ারও কোনো কারণ নেই। বলা যায়, জ্বালানি তেল বিক্রির ক্ষেত্রে সরকার বিপিসির মাধ্যমে অযৌক্তিক ও অগ্রহণযোগ্য মাত্রায় মুনাফা করার যে নীতি নিয়েছে, তাকেই এখন বিদ্যুতের দাম বাড়ানোর অজুহাত হিসেবে দাঁড় করানোর চেষ্টা হচ্ছে।
২০১০ সালের ১ মার্চ থেকে ২০১৫ সালের ১ সেপ্টেম্বর পর্যন্ত সরকার পাইকারি পর্যায়ে ছয়বার ও গ্রাহক পর্যায়ে সাতবার দাম বাড়িয়েছে। অথচ আন্তর্জাতিক বাজারে এ সময় জ্বালানি তেলের দাম রেকর্ড পরিমাণ কমেছে। দেশের অর্থনীতির প্রবৃদ্ধির স্বার্থে এবং জনগণের ওপর থেকে চাপ কমাতে আন্তর্জাতিক বাজারের সঙ্গে তেলের দামের সমন্বয়ের দাবি বিশেষজ্ঞ মহল থেকে বিভিন্ন সময়ে তোলা হয়েছে। আন্তর্জাতিক বাজারে তেলের দাম বাড়লে এর চাপ জনগণকে নিতে হয়, কিন্তু দাম কমার পর দুর্ভাগ্যজনকভাবে জনগণকে স্বস্তিটুকু দেওয়া হচ্ছে না। স্বাধীন গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়ালগের পক্ষ থেকে বাজেট-পূর্ব অর্থনৈতিক পরিস্থিতি বিশ্লেষণের আলোচনায়ও জ্বালানি তেলের দাম কমানোর বিষয়টি আবার নতুন করে তোলা হয়েছে।
আমরা মনে করি, আন্তর্জাতিক বাজারের সঙ্গে দেশের জ্বালানি তেলের সমন্বয় করা গেলে বিদ্যুৎ উৎপাদনের খরচ কমে আসবে। তখন আর বিদ্যুতের দাম বাড়াতে হবে না। জনগণ বিদ্যুতের বাড়তি দামের চাপ নিতে অক্ষম।