৪ হাজার ৬০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের জন্য ভারতের দুটি কোম্পানির সঙ্গে বাংলাদেশের যে আনুষ্ঠানিক সমঝোতা হলো, তা শুরুতেই প্রশ্নের মুখে পড়েছে। প্রথমত, একটি বিশেষ আইনের আওতায় বিদেশি কোম্পানির সঙ্গে এত বিপুল পরিমাণ বিদ্যুৎ উৎপাদনের ব্যাপারে সমঝোতায় যাওয়া কতটা যৌক্তিক হয়েছে? দ্বিতীয়ত, উৎপাদিত বিদ্যুতের দাম আদৌ বাস্তবসম্মত হবে কি না, সেটাও বড় বিবেচনার বিষয় হয়ে দেখা দিয়েছে।
বিদ্যুৎ পরিস্থিতির বিপর্যয়কর সময়ে ২০১০ সালে জরুরি ভিত্তিতে একটি বিশেষ আইন করা হয়েছিল। তিন বছর মেয়াদের এই আইনে দরপত্র ছাড়াই আলাপ-আলোচনার ভিত্তিতে কোনো প্রতিষ্ঠানকে বিদ্যুৎকেন্দ্র নির্মাণ করতে দেওয়ার ক্ষমতা দেওয়া হয়েছিল। এ নিয়ে আদালতে যাওয়ার সুযোগও ছিল না। কিন্তু সেই সংকটের সময় পার হওয়ার পর এই আইনের মেয়াদ আরও তিন বছর বাড়ানো এবং সেই আইনের আওতায় বিদেশি কোম্পানিকে বড় আকারের বিদ্যুৎ উৎপাদনের সুযোগ দেওয়া যৌক্তিক হতে পারে না।
আদানি-রিলায়েন্সের বিদ্যুৎ প্রকল্প রাজনৈতিক পৃষ্ঠপোষকতা পাচ্ছে!দ্রুত বিদ্যুৎ উৎপাদনের জন্য কুইক রেন্টালের মতো উচ্চমূল্যের বিদ্যুৎ উৎপাদনের ওপর আমাদের নির্ভর করতে হয়েছে। স্বল্পমেয়াদি সেই পর্ব শেষ হওয়ার পর এখন দীর্ঘ মেয়াদে ও অপেক্ষাকৃত কম খরচে বিদ্যুৎ উৎপাদনই বাংলাদেশের জন্য বড় চ্যালেঞ্জ। ভারতীয় কোম্পানি রিলায়েন্স ও আদানির সঙ্গে যে সমঝোতা হয়েছে, তাতে এই লক্ষ্য পূরণ হবে বলে মনে হয় না। ভারতে রিলায়েন্সের এলএনজিভিত্তিক বিদ্যুৎকেন্দ্রে উৎপাদন খরচ বাজারদরের তুলনায় বেশি হওয়ায় সেখানে উৎপাদন বন্ধ রাখতে হয়েছে। সেই প্রতিষ্ঠান বাংলাদেশে যে দামে বিদ্যুৎ উৎপাদন করবে, তা কি এখানকার বাজারদরের সঙ্গে মিলবে?
আদানি গ্রুপ ভারতে কয়লাভিত্তিক বিদ্যুৎ উৎপাদন করে, দেশের বাইরে বিদ্যুৎকেন্দ্র নির্মাণ ও পরিচালনার অভিজ্ঞতা তাদের নেই। আর যে বিশেষ আইনের আওতায় বিদ্যুৎকেন্দ্রগুলো হওয়ার কথা, তার মূল বিষয় হচ্ছে ‘দ্রুত উৎপাদন’। ভারতীয় দুই প্রতিষ্ঠানের সঙ্গে যে সমঝোতা হয়েছে তাতে এই লক্ষ্য যেমন পূরণ হবে না, তেমনি জাতীয় স্বার্থ ক্ষুণ্ন হওয়ার আশঙ্কাই বেশি।