বিদ্যুৎ উৎপাদনে ব্যবহৃত জ্বালানি তেলের দাম বাড়ার কারণে বিদ্যুতের উৎপাদন খরচ বেড়ে গেলে বিদ্যুতের দাম বাড়ানোর প্রয়োজন দেখা দেয়। এ দেশে গত পাঁচ বছরে ছয়বার বিদ্যুতের দাম বাড়ানোর পেছনে প্রধান কারণ ছিল সেটাই। কিন্তু এখন যখন বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম বেশ কমেছে, তখন আমাদের সরকার উল্টো সিদ্ধান্ত জনগণের ওপর চাপিয়ে দিল। এটা অযৌক্তিক, জনস্বার্থবিরোধী।
বৃহস্পতিবার ঢাকায় যে সংবাদ ব্রিফিংয়ে বিদ্যুৎ ও গ্যাসের দাম বাড়ানোর ঘোষণা দেওয়া হয়েছে, সেখানে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) চেয়ারম্যান বলেছেন, বিদ্যুতের দাম না বাড়ালে বিদ্যুৎ বিতরণ কোম্পানিগুলোর আয় কমবে। কিন্তু বাস্তব পরিস্থিতি তার উল্টো। বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম কমে যাওয়ায় এ দেশে প্রতি ইউনিট বিদ্যুতের উৎপাদন খরচ ছয়-সাত টাকা কমেছে। সুতরাং এখন বিদ্যুৎ বিতরণ কোম্পানিগুলোকে কম দামে বিদ্যুৎ দেওয়া যায়। শুধু যে ১ হাজার ৫০০ মেগাওয়াট বিদ্যুৎ বিপিসির কাছ থেকে কেনা তেলে উৎপাদন করা হচ্ছে, দেশে তেলের দাম না কমানোয় তার উৎপাদন খরচ কমেনি। কিন্তু তেলের দাম সমন্বয় করা হলে এই পরিমাণ বিদ্যুতের উৎপাদন খরচও একইভাবে কমবে। তাই তেলের দাম অবশ্যই সমন্বয় করা উচিত।
উৎপাদন খরচ কমলেও দাম বাড়ল বিদ্যুতেরবিইআরসির চেয়ারম্যান বলেছেন, বিদ্যুৎ উৎপাদন কোম্পানিগুলো গত বছর বিদ্যুতের দাম বাড়ানোর যে প্রস্তাব দিয়েছে, তার ভিত্তিতেই দাম বাড়ানো হয়েছে। কিন্তু কোম্পানিগুলোর সে প্রস্তাব এখন আর বিবেচ্য নয়, কারণ গত বছরের তুলনায় এখন বিশ্ববাজারে তেলের দাম প্রায় অর্ধেক কম।
দেশে যখন রপ্তানি আয়ে মন্দা চলছে, বিনিয়োগ পরিস্থিতিও যখন ভালো নয়, তখন বিদ্যুতের দাম বাড়ানোর ফলে জাতীয় অর্থনীতি ও জনজীবন ক্ষতিগ্রস্ত হবে। তাই এই অযৌক্তিক সিদ্ধান্ত পুনর্বিবেচনা করা হোক, ১ সেপ্টেম্বর নতুন মূল্যতালিকা কার্যকর হওয়ার আগেই।
জ্বালানি গ্যাসের দাম বাড়ানোর পেছনে কিছু যুক্তি রয়েছে বটে, তবে পাইপলাইনের গ্যাস ও সিলিন্ডারের গ্যাস ব্যবহারকারীদের ব্যয়ে সমতা আনা উচিত। সে জন্য সিলিন্ডারের গ্যাসের ওপর ভর্তুকি দিয়ে দাম কমানোর বিষয়টি বিবেচনাযোগ্য।