বিদ্যুৎ পরিস্থিতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যে পরিমাণ বিদ্যুৎ আমাদের প্রয়োজন, তার তুলনায় উৎপাদন কম। ফলে পয়সা দিয়েও বিদ্যুৎ মেলে না, ঘাটতির চাপ সইতে হচ্ছে সব পর্যায়ের গ্রাহকদের। আর এই ঘাটতির সুযোগে গ্রাহকদের ওপর উচ্চমূল্য চাপিয়ে সরকার যদি বাড়তি অর্থ সংগ্রহের কৌশল নেয়, সেটা সত্যিই দুর্ভাগ্যজনক। দুঃখজনক হলেও সরকার সেই পথটিই বেছে নিয়েছে।বিদ্যুতের যেহেতু ঘাটতি রয়েছে, তাই বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) মাধ্যমে বিদ্যুৎ উৎপাদন বাড়ানোর পরিকল্পনা নিয়েছে সরকার। উৎপাদন বাড়াতে গেলে খরচ বাড়বে, এ খাতে সরকারের ভর্তুকিও বাড়বে। ফলে বিদ্যুতের দাম বাড়ানোর যুক্তি তুলে ধরতে সক্ষম হয় পিডিবি। যে পরিমাণ উৎপাদন বাড়ানোর ঘোষণা দিয়ে বিদ্যুতের দাম বাড়ানো হয়েছে, সেই লক্ষ্যমাত্রা থেকে সরে এসেছে পিডিবি। ফলে বিদ্যুতের বেশি দাম গ্রাহকদের ঠিকই দিতে হবে, কিন্তু বেশি দাম দিয়েও যে বিদ্যুৎ মিলবে, সে সম্ভাবনা নেই।বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের কাছে বিদ্যুতের দাম বাড়ানোর প্রস্তাব দেওয়ার সময় বিদ্যুতের উৎপাদন বাড়ানোর ঘোষণা দিয়ে পরবর্তী সময়ে বিদ্যুৎ উৎপাদন কমিয়ে দেওয়ার বিষয়টি গ্রাহকদের সঙ্গে প্রতারণার শামিল। চলতি বছর বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যমাত্রা কমিয়ে দেওয়ায় খুব স্বাভাবিক কারণে বিদ্যুতের ঘাটতি বাড়বে, অর্থাৎ লোডশেডিং বাড়বে। অন্যদিকে উৎপাদন কমানোর কারণে পিডিবির লোকসান কমবে ও সরকারের ভর্তুকিও কমবে। অথচ লোকসান ও ভর্তুকির দায় চাপিয়ে দেওয়া হলো গ্রাহকদের ওপর। দাম বাড়ানোর বিষয়টি যৌক্তিক হিসেবে মেনে নেওয়া যেত, যদি গ্রাহকেরা এর বিনিময়ে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ পেতেন। বিদ্যুতের দাম বাড়ানোর কারণে বিদ্যুৎ বিলের ওপর সরকার যে মূল্য সংযোজন কর (মূসক) নিয়ে থাকে, সেটাও বাড়বে। প্রথম আলোর প্রতিবেদনে প্রকাশিত হিসাব অনুযায়ী, বিদ্যুতের দাম বাড়ার কারণে মূসক থেকে সরকারের বছরে আয় বাড়বে প্রায় ৯৬০ কোটি টাকা। এই টাকার পুরোটাই আসবে গ্রাহকদের কাছ থেকে।আমরা মনে করি, বিদ্যুৎ উৎপাদন বাড়ানোর প্রতিশ্রুতি দিয়ে দাম বাড়ানোর পর বিদ্যুৎ উৎপাদন কমিয়ে ফেলার ঘোষণা অনৈতিক। আমরা আশা করব, পিডিবি ও সরকার বিদ্যুৎ গ্রাহকদের সঙ্গে প্রতারণামূলক আচরণ থেকে সরে আসবে।