বিদ্যুৎ খাতের সার্বিক অব্যবস্থাপনা ফুটে উঠছে ঢাকার বাইরের নাজুক বিদ্যুৎ পরিস্থিতিতে। প্রায় সব জেলাতেই ঘন ঘন লোডশেডিংয়ে দুর্বিষহ পরিস্থিতির সৃষ্টি হচ্ছে। ব্যাহত হচ্ছে কলকারখানার উৎপাদন ও জমির সেচ। দেশে বিদ্যুৎ উৎপাদন বাড়লেও হঠাৎ করে এমন সমস্যা সৃষ্টি হওয়ার কারণ কী? বিদ্যুতের উৎপাদন ও সঞ্চালনে সমস্যা হঠাৎ করেই হয় না। দীর্ঘদিনের অবহেলা ও অব্যবস্থাই এর জন্য দায়ী।
ঢাকার বাইরে বিদ্যুৎ পরিস্থিতি নাজুকগত এপ্রিল মাসের দাবদাহের সময়ও যখন বিদ্যুতের চাহিদা ছিল সর্বোচ্চ, তখনো এ পরিমাণ লোডশেডিং দেখা যায়নি। কিন্তু এখন গ্রামে ও অনেক উপজেলা শহরে দিনের বড় একটি সময় বিদ্যুৎ থাকে না। চার থেকে ছয়বার পর্যন্ত লোডশেডিং হলে জনজীবনে কী পরিস্থিতির সৃষ্টি হয়, তা ভুক্তভোগীমাত্রই জানে। বৃহস্পতিবারের প্রথম আলোর সংবাদে বিদ্যুৎ বিতরণকারী কর্তৃপক্ষ এ সমস্যার কারণ হিসেবে জানাচ্ছে বিদ্যুতের এই ব্যাপক বিভ্রাটের জন্য সঞ্চালনব্যবস্থার ত্রুটির কথা। জায়গায় জায়গায় সঞ্চালন লাইনে ত্রুটি, সংস্কারকাজ ও ঝড়বৃষ্টির জন্য বিদ্যুতের সরবরাহ বন্ধ থাকছে। নিয়মিত সংস্কার ও রক্ষণাবেক্ষণের অভাব ছাড়া সঞ্চালনব্যবস্থার সমস্যা এমন মারাত্মক মাত্রায় তো যাওয়ার কথা নয়। মড়ার ওপর খাঁড়ার ঘা হয়েছে বিদ্যুৎ উৎপাদনের ঘাটতি। প্রথম আলোর ওই প্রতিবেদন অনুসারে, প্রায় সব জেলাতেই প্রয়োজনের তুলনায় বিদ্যুতের জোগান কম।
নিকট অতীতে বিদ্যুৎ সমস্যা সমাধানে উচ্চব্যয়ে তড়িঘড়ি করে বেশ কিছু কুইক রেন্টাল বিদ্যুৎকেন্দ্র নির্মাণ করা হয়েছে। এসব বিদ্যুৎকেন্দ্রের সব কটিই যে পূর্ণমাত্রায় সচল, তা বলা যাবে না। অন্যদিকে যথাসময়ে সংস্কারের অভাবে কয়েকটি বড় বিদ্যুৎকেন্দ্র হয় লক্ষ্যমাত্রার চেয়ে নিচে উৎপাদন করছে; অথবা বন্ধ হওয়ার উপক্রম। বিশেষজ্ঞদের মতে, পুরোনো বিদ্যুৎকেন্দ্রগুলো সংস্কার করা হলে আশু সমস্যা মেটানো যেত। পাশাপাশি বিদ্যুৎকেন্দ্রগুলোতে গ্যাসের সরবরাহও কমে গেছে।
সরকারের উচিত দেশের গ্যাসক্ষেত্রগুলো থেকে কাঙ্ক্ষিত মাত্রায় গ্যাস উৎপাদন নিশ্চিত করা। দ্বিতীয়ত, সঞ্চালনব্যবস্থার ত্রুটি জরুরি ভিত্তিতে সরানোর পদক্ষেপ নিতে হবে। প্রয়োজনে তেল আমদানি করে বিদ্যুৎ উৎপাদন অব্যাহত রাখা চাই। কুইক রেন্টাল বিদ্যুৎকেন্দ্রগুলো যাতে চুক্তি অনুসারে বিদ্যুৎ সরবরাহ করে তার জন্য চাপ দিতে হবে।