চট্টগ্রামের শিকলবাহায় ২২৫ মেগাওয়াট বিদ্যুৎকেন্দ্র নির্মাণের কাজ বন্ধ হওয়ার সঙ্গে সরকারের ভাবমূর্তি জড়িত—এই কথা বলেছেন ভূমি প্রতিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী। কিন্তু বিষয়টি সরকারের ভাবমূর্তির নয়, সুষ্ঠুভাবে ও সময়মতো বিদ্যুৎকেন্দ্র নির্মাণ সম্পন্ন করাই জরুরি বিষয়। প্রতিমন্ত্রী ও ক্ষমতাসীন দলের স্থানীয় সাংসদের অনুসারীদের মধ্যে হালুয়া-রুটির দ্বন্দ্বের কারণে বিদ্যুৎকেন্দ্র নির্মাণের কাজ বন্ধ থাকলে ক্ষতিগ্রস্ত হবে জনগণ। এই পরিস্থিতি মেনে নেওয়া যায় না।
বিদ্যুৎকেন্দ্রটির নির্মাণকাজে পাথর, বালু ও ইট সরবরাহ করে আসছিলেন ভূমি প্রতিমন্ত্রীর অনুসারী কর্ণফুলী থানা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সম্পাদক জাহাঙ্গীর আলম। পরে এই কাজে যুক্ত হন পটিয়ার সরকারদলীয় সাংসদ শামসুল হক চৌধুরীর ভাই মুজিবুল হক চৌধুরী। উভয়ের ঠিকাদারি কাজ পাওয়ার ক্ষেত্রে যে প্রতিমন্ত্রী ও সাংসদের প্রভাব কাজ করেছে, বলা বাহুল্য। তারপরও যদি তাঁরা নির্বিবাদে নিজ নিজ দায়িত্ব পালন করতেন, পরস্পরকে বাধা না দিতেন, জবরদস্তি খাটানোর চেষ্টা না করতেন, তাহলে অসুবিধা হতো না। কিন্তু তাঁরা সম্ভবত শান্তিপূর্ণ ভাগ-বাঁটোয়ারায় সন্তুষ্ট নন, তাই দ্বন্দ্বে লিপ্ত হয়েছেন এবং তার ফলে ৩ মে থেকে নির্মাণকাজের জন্য পাথর ও বালু সরবরাহ বন্ধ রয়েছে। জেলা পুলিশ সুপার স্বীকার করেছেন, চাঁদাবাজি ও কাঁচামাল সরবরাহে বাধা দেওয়ার অভিযোগ তিনি পেয়েছেন।
আর রোববারের প্রথম আলোয় প্রকাশিত খবর অনুযায়ী, বিবদমান দুই পক্ষ পরস্পরের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগে মামলা করেছে। আর সাংসদের ভাইয়ের করা মামলায় গ্রেপ্তার করা হয়েছে প্রতিমন্ত্রীর অনুসারী জাহাঙ্গীর আলমকে। এরপর মহাসড়ক অবরোধ ইত্যাদি হয়েছে, কিন্তু আসল সমস্যা সমাধানের কোনো উদ্যোগ দেখা যাচ্ছে না।
অবিলম্বে এই অচলাবস্থার অবসান ঘটাতে হবে; বিদ্যুৎকেন্দ্র নির্মাণের কাজে কাঁচামাল সরবরাহ অতি শিগগির আবার শুরু করতে যা যা করা দরকার, তা করতে হবে। সরকারের ঊর্ধ্বতন মহলের উচিত প্রতিমন্ত্রী ও স্থানীয় সাংসদের অনুসারীদের দ্বন্দ্ব মেটাতে কঠোর পদক্ষেপ নেওয়া।