বিদ্যুৎবিভ্রাট ও লোডশেডিং কেন বাড়ছে, তা পরিষ্কার। চাহিদার তুলনায় বিদ্যুৎ উৎপাদনে ঘাটতি, বিদ্যুৎ বিতরণ এবং সঞ্চালন ব্যবস্থায় সমস্যা এবং ব্যবস্থাপনার ত্রুটি। এই সমস্যাগুলো পুরোনো। কিন্তু সম্প্রতি এসব সমস্যা বেশ প্রকট আকার ধারণ করেছে। বোঝা যায় বিদ্যুৎ খাতের সংকট ও সমস্যা সমাধানের কর্মপরিকল্পনা ও উদ্যোগ যথাযথভাবে চলছে না।
দেশে বিদ্যুতের চাহিদা বেড়ে চলেছে এবং এর হিসাব-নিকাশ সরকারের জানা। গ্রীষ্মের এই সময় চাহিদা বাড়ে সেটাও জানা। কিন্তু বাস্তবতা হচ্ছে বর্তমানে বিদ্যুতের যে চাহিদা সে পরিমাণ বিদ্যুৎ উৎপাদন করা যাচ্ছে না। সমস্যাটা শুধু বিদ্যুৎ উৎপাদনের সক্ষমতার নয়, জ্বালানিসংকটেরও। গ্যাসের অভাবে ১ হাজার ৫০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করা যাচ্ছে না। এটা ঠিক যে বিদ্যুৎ উৎপাদনের জ্বালানিসংকট নিরসনের বিষয়টি কোনো চটজলদি ব্যাপার নয়। সরকারের বিদ্যুৎ-সংক্রান্ত মহাপরিকল্পনার সময় ধরে যেসব পরিকল্পনার কথা বলা হয়েছে, সেটা বাস্তবায়িত না হওয়ার কারণেও বর্তমান সমস্যাটি বেশ প্রকট আকার ধারণ করেছে। সমস্যাটি ব্যবস্থাপনাগত।
তবে বিদ্যুৎ উৎপাদনই সব কথা নয়, বর্তমান পরিস্থিতিতে বিদ্যুৎ উৎপাদন বাড়ালেই যে সমস্যা সমাধান হবে, বিষয়টি তেমন নয়। বিদ্যুৎ সঞ্চালন ও বিতরণ ব্যবস্থায় সমস্যা থাকার কারণেই বিদ্যুৎবিভ্রাটের ঘটনা বেড়েছে। গ্রামগঞ্জে প্রতি মাসে তিন থেকে পাঁচ লাখ বাড়িতে বিদ্যুৎ-সংযোগ দেওয়া হচ্ছে। কিন্তু বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করার জন্য যে মানের বিদ্যুৎ বিতরণ ব্যবস্থা বা লাইন, সাবস্টেশন ও ট্রান্সফরমার থাকা উচিত, তা না থাকায় বিদ্যুৎবিভ্রাট ঘটছে।
ঈদ আসছে, এ সময় শহরে বিদ্যুতের চাহিদা কমবে। মানুষ গ্রামে বা মফস্বলের দিকেই বেশি থাকবে। বিতরণ ও সঞ্চালন ব্যবস্থার সমস্যার কারণে সে সময় গ্রামাঞ্চলে বাড়তি বিদ্যুৎ সরবরাহ করেও কোনো ফল পাওয়া যাবে না। বিদ্যুৎ উৎপাদন বাড়াতে জ্বালানিসংকট নিরসনের পথ খুঁজে বের করার পাশাপাশি ওভারলোডেড বিতরণ ও সঞ্চালন লাইনকেও আপগ্রেড করতে হবে।