শেরপুরের নালিতাবাড়ী উপজেলার সোহাগপুর গ্রামের গণহত্যা থেকে রক্ষা পাওয়া স্বামী হারানো নারীরা যে মানবেতর জীবন যাপন করছেন, তা সত্যিই দুঃখজনক। তাঁদের এমন জীবন কোনোভাবেই কাম্য নয়।
১৯৭১ সালের ২৫ জুলাই পাকিস্তানি হানাদার বাহিনী সোহাগপুর গ্রামে হত্যাযজ্ঞ চালিয়ে ১৮৭ জনকে হত্যা করেছিল। এতে ৬২ জন নারী বিধবা হন। গ্রামের বেনুপাড়ার সব পুরুষকে হত্যা করায় পাড়াটির নাম হয়ে যায় বিধবাপল্লি। সেই নারীদের ২৯ জন এখনো বেঁচে আছেন। তাঁদের বয়স হয়েছে, ফলে অনেকেই এখন রক্তচাপ, ডায়াবেটিস, আলসার, চোখের ছানি পড়াসহ নানা রোগে আক্রান্ত হয়েছেন। কেউ কেউ বার্ধক্যজনিত রোগে শয্যাশায়ী হয়ে পড়ে আছেন। টাকার অভাবে তাঁদের অনেকের যথাযথ চিকিৎসা নিশ্চিত করা যাচ্ছে না।
গত বৃহস্পতিবার প্রথম আলোতে প্রকাশিত এক প্রতিবেদনের তথ্য অনুযায়ী, এই বিধবা নারীরা প্রতি মাসে ট্রাস্ট ব্যাংক থেকে ২ হাজার, ব্র্যাক থেকে ৪০০ ও বিধবা ভাতা হিসেবে ৪০০ টাকা পান। কিন্তু এখনকার দুর্মূল্যের বাজারে এই টাকায় দুবেলা খাবারের সংস্থান করাই যেখানে মুশকিল, সেখানে ভালো চিকিৎসক দেখানো বা প্রয়োজনীয় ওষুধ কেনা কীভাবে সম্ভব?
এই অসহায় নারীদের দিকে সরকারের সুদৃষ্টি কামনা করছি। এই বিধবা নারীরা বিধবা ভাতা পেলেও কোনো বয়স্ক ভাতা পান না। বয়স্ক ভাতার পরিমাণ খুব বেশি না হলেও এই টাকাটা পেলে তাঁদের কিছুটা উপকার হতো। সরকারের উচিত তাঁদের সবার চিকিৎসা নিশ্চিত করতে এগিয়ে আসা। এটা সরকারের নৈতিক দায়িত্ব। কেননা, যাঁদের প্রাণের বিনিময়ে এ দেশ স্বাধীন হয়েছে, তাঁদের মধ্যে এই নারীদের স্বামীরা রয়েছেন।
প্রতিবেদন অনুযায়ী, স্বাধীনতাযুদ্ধের সময় নির্যাতনের শিকার ১২ জন বিধবার মধ্যে ৬ জনকে নারী মুক্তিযোদ্ধা হিসেবে স্বীকৃতি দিয়েছে সরকার। অন্যরা স্বীকৃতি পেতে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ে আবেদন করেছেন। আমাদের দাবি, বাকি ৬ জনকেও মুক্তিযোদ্ধা হিসেবে স্বীকৃতি দেওয়া হোক। বর্তমান সরকার মুক্তিযোদ্ধাদের মাসে ১০ হাজার টাকা করে ভাতা দিচ্ছে। এই টাকা পেলে নিঃসন্দেহে তাঁদের অনেক উপকার হবে।