বাংলাদেশের ইতিহাসে সম্ভবত এই প্রথম কোনো সরকারপ্রধান এ কথা উচ্চারণ করেছেন যে যাঁরা বিনা অপরাধে আটক রয়েছেন, তাঁরা সংশ্লিষ্ট আটককারী কর্তৃপক্ষের কাছে ক্ষতিপূরণ চাইতে পারেন। কেউ চাইলে রাষ্ট্রের কাছেও ক্ষতিপূরণ চাইতে পারেন। এটা দীর্ঘদিনের একটা জনপ্রত্যাশা এবং তা পূরণে অঙ্গীকার ব্যক্ত করার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানাই।
আমরা আশা করব, সুপ্রিম কোর্ট লিগ্যাল এইড কমিটির বর্তমান চেয়ারম্যান বিচারপতি এম ইনায়েতুর রহিমেরসভাপতিত্বে বিনা বিচারে আটক ব্যক্তিদের চিহ্নিতকরণ এবং তঁাদের পুনর্বাসনের যে প্রক্রিয়া চলমান রয়েছে, তা উত্তরোত্তর বেগবান, কার্যকর ও ফলপ্রসূ হবে। প্রধানমন্ত্রী যথার্থই বলেছেন যে কিছু এনজিও এবং সরকারের জাতীয় আইনি সহায়তা
সংস্থার মাধ্যমে এসব আটক ব্যক্তিকে কারাগার থেকে মুক্ত করার জন্য ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
কিন্তু পরিতাপের বিষয়, সরকারি লিগ্যাল এইড সংস্থার সুপ্রিম কোর্টের যে সেল রয়েছে, সেখানে এখন পর্যন্ত কোনো সরকারি কর্মকর্তা-কর্মচারীকে নিয়োগ দেওয়া সম্ভব হয়নি। দীর্ঘদিন ধরে মানুষের জন্য ফাউন্ডেশনের সরবরাহ করা একজন কর্মকর্তা সুপ্রিম কোর্টের সেলের সমন্বয়কের দায়িত্ব পালন করছেন। অবশ্য প্রধান বিচারপতি এস কে সিনহার কাশিমপুর কারাগার পরিদর্শনকালে বিনা বিচারে দীর্ঘদিন আটক থাকা এক ব্যক্তির মুক্তি নিশ্চিত হওয়ার পর এ বিষয়ের দিকে অনেকেরই নজর পড়ে।
বিচারপতি এম ইনায়েতুর রহিমের নির্দেশনায় দেশের কারাগারগুলোতে অন্তত পাঁচ বছর রয়েছেন, এমন ৪৬২ জনকে খুঁজে পাওয়া যায়। এর মধ্য থেকে ১০ বছরের বেশি বিনা বিচারে আটক থাকা ৫৮ ব্যক্তিকে গত নভেম্বর থেকে এ পর্যন্ত প্রধানত জামিন দেওয়ার একটা ব্যবস্থা চলমান রয়েছে। কিন্তু কারও ক্ষেত্রেই এই পর্যন্ত পুনর্বাসন বা ক্ষতিপূরণের বিষয়ে কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। বিনা বিচারে ১৭ বছর আটক থাকা শিপন নামের এক কয়েদিকে পুনর্বাসনের জন্য সমাজসেবা অধিদপ্তরকে নির্দেশ দেওয়া হয়েছিল।
আমাদের দেশে ক্ষতিপূরণ চাওয়ার ধারণা একেবারেই নতুন এবং দরিদ্র ভুক্তভোগীদের কাছে তা অচিন্তনীয়। সে কারণে প্রধানমন্ত্রীর সংসদে দেওয়া বক্তব্যকে বাস্তবায়ন করতে চাইলে, সরকারের বিভিন্ন পদে থাকা ব্যক্তিদেরই আন্তরিক উদ্যোগ নিতে হবে। সুপ্রিম কোর্টের লিগ্যাল এইড সেলের লোকবল দেওয়ার আইন মন্ত্রণালয়ের অনুমোদিত যে প্রস্তাব বর্তমানে লাল ফিতায় বন্দী রয়েছে, তা মুক্ত করতে হবে। আর দৃষ্টান্ত স্থাপন ও ব্যাপক গণসচেতনতা বাড়ানোর স্বার্থে আমরা উল্লিখিত ৫৮ জনকে রাষ্ট্রের নিজের গরজে ক্ষতিপূরণ দিতে আহ্বান জানাই।