খোলা আকাশের নিচে একজন মুক্ত ও স্বাধীন মানুষের এক মিনিট প্রাণভরে নিশ্বাস নেওয়ার আনন্দের কি কোনো অর্থমূল্য নির্ধারণ করা যায়? সকালের রোদ গায়ে মাখা, নদীতে ঝাঁপ দিয়ে অবাধ সাঁতরানো, নিজ সন্তানের তুলতুলে গালে গাল ঘষে উষ্ণতা বিনিময় করা—এসবের দাম কি টাকাপয়সা দিয়ে ধরা যায়? পাখির সুরের মজুরি কি টাকায় রূপান্তর করা যায়?
আর্থিক মানদণ্ডে এসবের দাম নিরূপণ সম্ভব নয়। কিন্তু এসবের দাম কত তা সবচেয়ে বেশি যাঁরা উপলব্ধি করতে পারেন, তঁারা হলেন জেলখানার কয়েদি। তাঁরা জানেন, চার দেয়ালের ভেতরের অক্সিজেন আর মুক্ত বাতাসের অক্সিজেনে কতটা তফাত। আর কাউকে যদি বিনা দোষে বছরের পর বছর পরিবার–পরিজন, খোলা আকাশ, মাঠ, প্রান্তর, বাজার, রাজপথ—সবকিছু থেকে বিচ্ছিন্ন রেখে কারারুদ্ধ করে রাখা হয় তাহলে তাঁর উপলব্ধির অন্তর্লোকে জীবনের এসব অনুষঙ্গের সঠিক দাম ধরা পড়ে। জীবন থেকে হারিয়ে যাওয়া সময়ের দাম শোধ করতে পারে এমন ব্যাংক নোট পৃথিবীতে যে নেই, সে বিষয়টি সেই ভুক্তভোগীই বুঝতে পারেন।
সম্প্রতি যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার একটি জেল থেকে ক্রেইগ কোলি (৭১) নামের এক কয়েদি খুনের মামলায় ৩৯ বছর জেলের ঘানি টানার পর ছাড়া পেয়েছেন। এত বছর পর তদন্তে দেখা গেছে, কোলি খুন করেননি। নির্দোষ প্রমাণিত হওয়ার পর আদালত তাঁকে মুক্তি দিয়েছেন। গত শনিবার তাঁকে ২ কোটি ১০ লাখ মার্কিন ডলার ক্ষতিপূরণ দেওয়ার আদেশ দেওয়া হয়। বাংলাদেশি মুদ্রায় যা ১৭৬ কোটি ৭০ লাখ টাকার কিছু বেশি। লস অ্যাঞ্জেলেসের সিমি ভ্যালি নগরের কর্মকর্তা এরিক লেভিট বলেছেন, ‘কোলির জীবনে যে ক্ষতি হয়ে গেছে, তা কোনো অঙ্কের অর্থ দিয়েই পূরণ সম্ভব নয়। এরপরও তাঁকে ক্ষতিপূরণ দেওয়া আমাদের সমাজের কর্তব্য বলে আমরা মনে করি।’
অতি সম্প্রতি আমাদের দেশে আমরা জাহালম নামের এক ব্যক্তিকে বিনা অপরাধে তিন বছর জেল খেটে বের হতে দেখলাম। মূল আসামি ছিলেন আবু সালেক নামের এক ব্যক্তি, যাঁর বিরুদ্ধে সোনালী ব্যাংকের প্রায় সাড়ে ১৮ কোটি টাকা জালিয়াতির ৩৩টি মামলা রয়েছে। হতদরিদ্র পাটকলশ্রমিক জাহালমকে আবু সালেক মনে করে কারাবন্দী করা হয়েছিল।
ব্যাংক, দুদক ও পুলিশ—এই তিন পক্ষের ভুলেই হারিয়ে গেছে তাঁর জীবনের তিনটি বছর। তাঁর পরিবারের ওপর নেমে এসেছে আসুরিক দারিদ্র্য। তাঁর স্ত্রীকে কারখানার শ্রমিক এবং বৃদ্ধা মাকে অন্যের বাড়িতে কাজ করে সংসার চালাতে হয়েছে।
বুকভরে মুক্ত বাতাসের অক্সিজেন নেওয়ার স্বাদ যুক্তরাষ্ট্রের ক্রেইগ কোলি আর বাংলাদেশের জাহালম—দুজনের কাছেই সমান। দুজনের বন্দিত্বের জীবনের দাম সমান। সেই দামের প্রতীকী অর্থমূল্য ক্রেইগ কোলি পেয়েছেন। জাহালম পাবেন তো?