এটা পরিতাপের বিষয় যে সাক্ষীর অভাবে বিচার বিঘ্নিত হওয়া প্রতিরোধ করার কার্যকর উপায় প্রচলিত আইনে লিপিবদ্ধ রয়েছে, কিন্তু তার কোনো প্রয়োগ নেই। এর পরিণতিতে দেশের ৬৮ কারাগারে ৬৩০ জন আসামির (প্রথম আলো, ৫ মে ২০১৭) ৫ থেকে ১৪ বছর ধরে বিনা বিচারে বন্দী থাকার মতো দুঃসহ পরিস্থিতি সৃষ্টি হয়েছে।
দুর্নীতি ও অভ্যাসগত প্রশাসনিক গাফিলতি ছাড়াও সাক্ষী-সংকটের জন্য আমরা কয়েকটি প্রধান বিষয়কে চিহ্নিত করেছি। প্রধান বিচারপতি দায়ী পুলিশের বিরুদ্ধে ব্যবস্থা নিতে সতর্ক করেছেন। আমরা মনে করি, অনুপস্থিত সাক্ষীর বিরুদ্ধে শাস্তিমূলক বিধানগুলো কার্যকর করার আগে তঁাদের ন্যায্য যাতায়াত ভাতা দিতে হবে। কর্মরত পুলিশ বা সরকারি কর্মকর্তাদের জন্য যত্সামান্য বরাদ্দ থাকলেও বেসরকারি বা অবসরপ্রাপ্তদের জন্য কিছুই নেই। একসময় যেভাবে ডিসিদের হাতে পৃথক সাক্ষী ভাতা ছিল, সেভাবে জেলা জজদের দিতে সুপ্রিম কোর্টের সুপারিশ আমরা সমর্থন করি। ইউএনডিপির অর্থায়নে নেওয়া পাইলট প্রকল্পের সাম্প্রতিক অভিজ্ঞতায় দেখা গেছে, সাক্ষী ভাতা দেওয়ার কারণে বেসরকারি সাক্ষী হাজিরা দ্বিগুণ বেড়েছে।
সুপ্রিম কোর্ট প্রণীত ক্রিমিনাল রুলস অ্যান্ড অর্ডার (সিআরআরও) এবং পুলিশ রেগুলেশনস বুকে (পিআরবি) সাক্ষী হাজিরার বিষয়ে যে বিধান দেওয়া আছে, তা কার্যকরভাবে প্রয়োগ করতে আমরা স্বরাষ্ট্র, আইন মন্ত্রণালয় ও সুপ্রিম কোর্ট প্রশাসনের মধ্যে একটি ত্রিপক্ষীয় বৈঠক হওয়া জরুরি মনে করি। কারণ, আইন অনুযায়ী কোন থানা কতটি সমন পেল আর কী কারণে তা তামিল হলো না, তার বিবরণ দেওয়ার জন্য ফরম ১২ নামের একটি তালিকা পূরণের বাধ্যবাধকতা রয়েছে। এটা পূরণ করে প্রতিটি থানার ওসি প্রতি মাসে প্রত্যেক মুখ্য বিচারিক হাকিমের কাছে পাঠাতে বাধ্য। অথচ পুলিশ ও বিচারকদের মধ্যে এই ফরম নিয়ে কোনো সংলাপ নেই। সংশ্লিষ্টরা অবগত যে চট্টগ্রামে একজন জেলা জজ (নুরুল হুদা মডেলখ্যাত) কোর্ট পরিদর্শকের মাধ্যমে এই ফরম পূরণ করার বিধান চালু করেছিলেন। এর ফলে সাক্ষী হাজিরা বাড়িয়ে পুরোনো মামলা নিষ্পত্তিতে দৃষ্টান্তমূলক গতি আনা সম্ভব হয়েছিল।
সাক্ষ্য না দিলে ফৌজদারি কার্যবিধির ৪৮৫ ও ৪৮৫(ক) ধারায় যথাক্রমে অনধিক সাত দিন জেল এবং ২৫০ টাকা জরিমানার বিধান (১৯৭৮ সালে সবশেষ সংশোধিত) আছে। অথচ বাস্তবে এর কোনো প্রয়োগ নেই। সাক্ষীসংক্রান্ত চলমান অচলাবস্থা দ্রুত কাটাতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে বিশ্বস্ততার সঙ্গে উদ্যোগী হতে হবে।