বিনা বিচারে দীর্ঘকালের বন্দী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দীর্ঘদিন কারাগারে থাকার পর মুক্তি পাওয়া বন্দীর পুনর্বাসনে সুপ্রিম কোর্টের লিগ্যাল এইড কমিটির চেয়ারম্যান বিচারপতি এম ইনায়েতুর রহিম যে প্রস্তাব দিয়েছেন, তা বিবেচনার দাবি রাখে। কারণ, রাষ্ট্রীয় তরফে ক্ষতিপূরণ প্রদান বা পুনর্বাসনের ধারণা বাংলাদেশে একটি নতুন ধারণা। বিচ্ছিন্নভাবে সরকারি তহবিল থেকে বিভিন্নভাবে সময়ে-সময়ে দান-অনুদান প্রদানের ব্যবস্থা থাকলেও রাষ্ট্রের পদ্ধতিগত অবহেলা বা ব্যর্থতার কারণে ক্ষয়ক্ষতির শিকার হওয়া নাগরিকদের ক্ষতিপূরণ চাওয়া ও পাওয়ার বিধান নেই। এর আগে পেট্রলবোমা হামলায় নিহত ব্যক্তিদের জন্য বরাদ্দ করা ক্ষতিপূরণ সুষ্ঠুভাবে প্রদান করতে গিয়েও আইনের প্রয়োজনীয়তা অনুভূত হয়েছে। কিন্তু দেখা গেছে, আইন না থাকার কারণে ভুক্তভোগীরা যথাযথভাবে ক্ষতিপূরণ বা উপযুক্ত প্রতিকার পর্যন্ত চাইতে পারেন না।
আমাদের দেশে ক্ষতিপূরণ-সংক্রান্ত ইউরোপীয় ঘরানার টর্ট আইন কাগজে-কলমে বহাল থাকলেও বাস্তবে এর প্রয়োগ নেই বললেই চলে। টর্ট আইন সেভাবে গ্রন্থিতও নয়। এ পর্যন্ত শুধু নারী ও শিশু নির্যাতন দমন আইনে ভুক্তভোগীদের ক্ষতিপূরণ দেওয়ার একটা বিধান আছে। এই প্রেক্ষাপটে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দীর্ঘকাল কারাবন্দী ভুক্তভোগী ব্যক্তিদের উপযুক্ত ক্ষতিপূরণ দিতে আগ্রহ ব্যক্ত করেছেন। কিন্তু তা সত্ত্বেও এ পর্যন্ত কারাগার থেকে বেরোনো একজন ব্যক্তিকেও ক্ষতিপূরণ দেওয়া সম্ভব হয়নি।
৫ বছর ও ১০ বছরের অধিক সময় মামলা নিষ্পত্তি না হয়েও কারাগারে আটক ৪৬২ হাজতির নামের তালিকা লিগ্যাল এইডের কাছে আছে। এর মধ্যে ১০ বছরের অধিক সময় কারাগারে থাকা মোট ৫৮ জনের বিষয়ে আদালতের নজরে আনা হলে ১৮ জনকে জামিন দেওয়া হয়। কিন্তু তাঁদের ক্ষতিপূরণ বা পুনর্বাসনের বিষয়টি সরকারের কোনো মহলের বিবেচনায় আছে বলে জানা যায় না।
আমরা মনে করি, এ বিষয়ে একটি পূর্ণাঙ্গ আইন প্রণয়ন করা আজ সময়ের দাবি। তাই জাতীয় সংসদের আইন মন্ত্রণালয়সংক্রান্ত স্থায়ী কমিটির উচিত হবে এ বিষয়ে সক্রিয় উদ্যোগ নেওয়া। জাতিসংঘের ইন্টারন্যাশনাল কভন্যান্ট অন সিভিল অ্যান্ড পলিটিক্যাল রাইটসের (আইসিসিপিআর) ১৪(৬) অনুচ্ছেদ নির্দিষ্টভাবে ভুক্তভোগীকে ক্ষতিপূরণ দিতে বলেছে। সুতরাং বাংলাদেশের আইনি প্রক্রিয়ায় এই বিধানের অন্তর্ভুক্তি অপরিহার্য।