বিনা বিচারে ২৫ বছর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

১৯৯২ সালে গ্রেপ্তার হওয়া মো. বাবুলের বিরুদ্ধে দোষ প্রমাণিত না হওয়ায় ২০১৭ সালে বেকসুর খালাসের যে বিবরণ পত্রিকান্তরে এসেছে, সেটুকুই যদি এই মামলার অগ্রগতি হয়ে থাকে, তাহলে আমরা গভীরভাবে ক্ষুব্ধ ও বিস্মিত। বাবুল তো ন্যায়বিচার পেলেন না। রাষ্ট্রও হয়তো তাঁকে ক্ষতিপূরণও দেবে না। দৃষ্টান্তমূলক ক্ষতিপূরণ দেওয়ার এখতিয়ার আদালতের রয়েছে।

বিচার শুরুর ২৪ বছরে মামলার ১১ জন সাক্ষীর মধ্যে মাত্র ৪ জন সাক্ষী আদালতে হাজির করেছে পুলিশ। এই বিবরণে মনে হবে সাক্ষী হাজির করার দায়দায়িত্ব নিরঙ্কুশভাবে পুলিশ বিভাগের। আইন বলছে, সাক্ষী হাজির করার দায়দায়িত্ব আদালতের। এমনকি কোনো সাক্ষীর হাজিরাজনিত ব্যর্থতার কারণে তাঁকে উপযুক্ত শাস্তি প্রদানে আদালতের হাত লম্বা রেখেছে আইন। কিন্তু দুঃখজনকভাবে তার তেমন কোনো প্রয়োগ নেই।

হতভাগ্য বাবুলের ডাকাতি মামলার বাদী কিংবা তদন্ত কর্মকর্তা কখনো আদালতে হাজির হননি। অথচ এটা জানা গেল না যে আদালত এ জন্য কাউকে শাস্তি দিয়েছেন কি না। ইচ্ছাকৃতভাবে যে সাক্ষীরা আদালতের আদেশ অমান্য করেন, তাঁদের কঠোর শাস্তি প্রাপ্য। আমরা এটা দেখতে চাই যে আদালত চিহ্নিত সাক্ষীদের জরিমানা করেছেন।

এক দশকেরও বেশি সময় আগে সাবেক প্রধান বিচারপতি এ টি এম আফজালের নেতৃত্বাধীন আইন কমিশনের সুপারিশে বলা হয়েছিল, সরকার কারাবাসের বিকল্প হিসেবে কমিউনিটির সেবাদান ব্যবস্থা চালু করতে পারে। ওই সুপারিশে পুলিশ অফিসারদের মনে করিয়ে দেওয়া হয়েছিল, আইনে তাঁদেরও জামিন মঞ্জুর করার অধিকার দিয়েছে। কোনো দায়িত্বশীল পুলিশ অফিসারও বাবুলকে জামিন দিতে পারতেন। বাবুলের ওপর ঘোরতর অবিচারের প্রেক্ষাপটে তাঁকে অবিলম্বে ক্ষতিপূরণসহ (অন্তত তাঁর ২৫ বছরের উপার্জনের সমপরিমাণ) পুনর্বাসন ও কর্তব্যে অবহেলার দায়ে সংশ্লিষ্ট সবার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাই।