কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী গত রোববার এক সংবাদ সম্মেলনে বলেছেন, তাঁর মন্ত্রণালয় দেশের ৬৪টি জেলার ৫ লাখ ৪১ হাজার ২০১ জন চাষিকে ৫৮ কোটি ৭৭ লাখ ১৯ হাজার ৩১৫ টাকা দামের বীজ ও সার বিনা মূল্যে দেবে। এই সহায়তা পাবেন ‘ক্ষুদ্র ও প্রান্তিক’ চাষিরা। প্রত্যেক চাষি এক বিঘা জমিতে ফসল ফলানোর জন্য বীজ ও দুই রকমের সার পাবেন। যেসব ফসলের বীজ দেওয়া হবে সেগুলোর মধ্যে আছে গম, ভুট্টা, সরিষা, চিনাবাদাম, খেসারি, বিটি বেগুন, গ্রীষ্মকালীন মুগ ডাল ও তিল।
বলা হচ্ছে, বন্যার ক্ষতি পুষিয়ে ওঠার লক্ষ্যে চাষিদের এই সহযোগিতা দেওয়া হবে। এই বিবেচনায় এটা একটা ভালো সিদ্ধান্ত। এপ্রিলে হাওরাঞ্চলে এবং জুলাই-আগস্ট মাসে উত্তরাঞ্চলসহ দেশের প্রায় অর্ধেক জেলায় বন্যার ফলে বোরো ও আমন ফসলের যে ব্যাপক ক্ষতি হয়েছে, তা যদিও পুরোপুরি পুষিয়ে ওঠা সম্ভব নয়, তবু কৃষি মন্ত্রণালয়ের এ সিদ্ধান্ত সুষ্ঠুভাবে বাস্তবায়িত হলে ক্ষুদ্র ও প্রান্তিক চাষিদের দুঃখ–কষ্ট লাঘব হতে পারে।
বন্যার পানি নেমে যাওয়ার সঙ্গে সঙ্গে অনেক এলাকায় ফসল ফলানোর জন্য জমি তৈরির কাজ শুরু হয়ে গেছে। মাষকলাই, মরিচ ও সরিষা বোনার মৌসুম সমাগত। রবি মৌসুমের শাকসবজি লাগানোর সময়ও দ্রুত এগিয়ে আসছে। কিন্তু কৃষি মন্ত্রণালয় যেসব ফসলের বীজ বিতরণ করবে বলে খবর বেরিয়েছে, সেই তালিকায় এ মৌসুমের অনেক ফসল নেই। গম ও ভুট্টা বোনার জন্য জানুয়ারি-ফেব্রুয়ারি পর্যন্ত অপেক্ষা করতে হবে।
সিদ্ধান্তটি যে প্রয়োজনীয়, তাতে কোনো সন্দেহ নেই। এর ফলপ্রসূতা নির্ভর করবে সুষ্ঠু ও সফল বাস্তবায়নের ওপর। বিনা মূল্যে বীজ ও সার দেওয়ার জন্য ক্ষুদ্র ও প্রান্তিক চাষিদের সঠিক তালিকা তৈরি করা এবং সততা ও স্বচ্ছতার সঙ্গে তাঁদের হাতে নির্ধারিত পরিমাণ বীজ ও সার পৌঁছে দেওয়া প্রধান চ্যালেঞ্জ। সাম্প্রতিক বন্যায় সরকারের ত্রাণ কার্যক্রমের অভিজ্ঞতা বিশেষ ভালো নয়; ত্রাণ বিতরণে অনিয়ম-দুর্নীতির অনেক অভিযোগ উঠেছে। সুতরাং কৃষি মন্ত্রণালয়কে তার এই সিদ্ধান্ত সুষ্ঠুভাবে বাস্তবায়নের ক্ষেত্রে সততা ও নৈতিকতা রক্ষার দিকে বিশেষ লক্ষ রাখতে হবে।
ইতিমধ্যে বন্যার পানি নেমে গেছে, কিন্তু ক্ষতিগ্রস্ত বিপুলসংখ্যক মানুষের দুঃখ–কষ্টের অবসান হয়নি। সর্বস্ব হারানো প্রায় তিন লাখ মানুষের এখনো খাদ্যসাহায্য ও পুনর্বাসন সহযোগিতা দরকার। শিশু ও নারীদের প্রকট অপুষ্টি থেকে রক্ষা করতে প্রোটিনযুক্ত খাবার প্রয়োজন।