গত রোববার ‘বাংলাদেশ ইনভেস্টমেন্ট অ্যান্ড পলিসি সামিট-২০১৬’-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির অংশীদার হতে বিদেশি বিনিয়োগকারীদের প্রতি আহ্বান জানিয়েছেন। তাঁর এই আহ্বান সময়োপযোগী। প্রধানমন্ত্রী অর্ধদশক আগের বাংলাদেশ থেকে বর্তমান বাংলাদেশ অনেক বদলে গেছে জানিয়ে বিনিয়োগের লক্ষ্যে তাঁর সরকারের গৃহীত বিভিন্ন পদক্ষেপের কথাও উল্লেখ করেন, যার মধ্যে রয়েছে ১০০টি অর্থনৈতিক অঞ্চল গড়ে তোলা, শিল্প অবকাঠামো ও অর্থনৈতিক অঞ্চল নির্মাণ, জ্বালানি ও বিদ্যুৎ অবকাঠামো নির্মাণ, ডিজিটাল বাংলাদেশের পরিধি ও কার্যক্রম বাড়ানো, সড়ক অবকাঠামো উন্নয়ন, অভ্যন্তরীণ জলপথ, বন্দরসুবিধা বৃদ্ধি করা ও গভীর সমুদ্রবন্দর নির্মাণের উদ্যোগ এবং ‘একক সেবা স্থান’ (ওয়ান স্টপ সেন্টার) সুবিধা স্থাপন প্রভৃতি।
কিন্তু বাস্তবতা হলো এসব পদক্ষেপের বেশির ভাগই প্রক্রিয়াধীন। বিনিয়োগের অনুকূল পরিবেশ তৈরি করতে আমরা যে খুব বেশি এগোতে পারিনি তা স্পষ্ট হলো সম্মেলনে বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের (বেজা) নির্বাহী চেয়ারম্যান ও বিনিয়োগ বোর্ডের নির্বাহী প্রধানের বিপরীতধর্মী বক্তব্যে। প্রথমজন এককেন্দ্রিক (ওয়ান স্টপ) সেবা চালু করা করার কথা বললেও দ্বিতীয়জন জানিয়েছেন, সেই সেবা দেওয়ার সামর্থ্য বিনিয়োগ বোর্ডের নেই।
আমলাতান্ত্রিক জটিলতা ও দীর্ঘসূত্রতা জিইয়ে রেখে বিনিয়োগ বাড়ানো যাবে না। একক সেবা প্রদানের এখতিয়ারের পাশাপাশি সংশ্লিষ্ট প্রতিষ্ঠানকে প্রয়োজনীয় ক্ষমতাও দিতে হবে। কোনো প্রকল্পের অনুমোদন নিতে যদি উদ্যোক্তাকে ৩০-৩২টি সংস্থার কাছে ধরনা দিতে হয়, কেউ বিনিয়োগে উৎসাহী হবেন না।
তবে যত সীমাবদ্ধতাই থাকুক না কেন, এ ধরনের সম্মেলনের গুরুত্ব অনেক। এর মাধ্যমে নীতিনির্ধারক ও উদ্যোক্তাদের মধ্যে আস্থার সম্পর্ক গড়ে ওঠে। এবারের সম্মেলনে বেশ কিছু প্রতিষ্ঠান নতুন বিনিয়োগের ঘোষণা দিয়েছে। সরকারের দায়িত্ব সেই বিনিয়োগের অনুকূল পরিবেশ তৈরি করা। অতিরিক্ত জনসংখ্যার এই দেশটিতে প্রতিবছর শ্রমবাজারে যে লাখ লাখ কর্মশক্তি প্রবেশ করছে, তাদের কর্মসংস্থানের জন্য অধিক হারে দেশি-বিদেশি বিনিয়োগের বিকল্প নেই।
কিন্তু কথা ও কাজের মধ্যে যে ফারাক আছে, সেটি দূর করতে হবে।
আরও পড়ুন: