সাম্প্রতিক কালে অর্থনীতির অন্য সূচকগুলো ঊর্ধ্বমুখী হলেও বিনিয়োগ পরিস্থিতি যে নিম্নমুখী, তা অস্বীকার করার উপায় নেই। অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেছেন, রাজনৈতিক অস্থিরতার কারণে গত বছর সরাসরি বিদেশি বিনিয়োগ কম এসেছে। প্রধানমন্ত্রীর অর্থনীতিবিষয়ক উপদেষ্টা মসিউর রহমান গত সোমবার ইন্টারন্যাশনাল বিজনেস ফোরাম বাংলাদেশের (আইবিএফবি) সেমিনারে বলেছেন, গ্যাস-বিদ্যুতের অপর্যাপ্ততা ও অনুন্নত যোগাযোগব্যবস্থার কারণে দেশে বিনিয়োগের আগ্রহ কমে গেছে।
একদিকে বৈদেশিক মুদ্রাভান্ডারের স্ফীতি, অন্যদিকে বিনিয়োগে মন্দাভাব সুস্থ অর্থনীতির লক্ষণ নয়। প্রতিবছর কর্মবাজারে যে ২০ থেকে ২২ লাখ মানুষ প্রবেশ করছে, বিনিয়োগ না বাড়লে তাদের কর্মসংস্থান হবে না। ফলে সামাজিক অস্থিরতা দেখা দেবে। সম্প্রতি মেট্রোপলিটন চেম্বারের এক সেমিনারে ব্যবসায়ী নেতারা মধ্য আয়ের দেশ করার জন্য রাজনৈতিক স্থিতিশীলতার ওপর জোর দিয়েছেন।
গত দুটি বছর কেটেছে রাজনৈতিক সংঘাত-সংঘর্ষে। চলতি বছরও তিন মাসের বেশি সময় ধরে হরতাল-অবরোধ চলেছে, যার অভিঘাত পড়েছে বিনিয়োগে।
গ্যাস-বিদ্যুতের অপর্যাপ্ততা কিংবা অবকাঠামোগত দুর্বলতা বিনিয়োগের প্রধান বাধা হলেও সেটি দূর করতে সরকারের পক্ষ থেকে কার্যকর পদক্ষেপ নিতে দেখা যায় না। সাম্প্রতিক কালে বিদ্যুৎ পরিস্থিতির কিছুটা উন্নতি হলেও ক্রমবর্ধমান চাহিদা মেটাতে পারছে না। এখনো দেশের অনেক অঞ্চলে সপ্তাহে পাঁচ দিন শিল্পকারখানা চালু রাখতে হয় বিদ্যুতের অভাবে। তবে ব্যবসায়ী সম্প্রদায় বিনিয়োগের ক্ষেত্রে রাজনৈতিক অস্থিরতা ও অনিশ্চয়তাকেই বড় বাধা বলে মনে করে। এ ব্যাপারে ক্ষমতাসীন ও বিরোধী—দুই রাজনৈতিক পক্ষের সহনশীল ও সংযত হওয়ার বিকল্প নেই।
ব্যবসায়ীরা বিদেশে বিনিয়োগের অনুমতি দেওয়ার দাবি জানিয়েছেন। তাঁদের এই দাবি অযৌক্তিক নয়। বাংলাদেশের পণ্য বিদেশে ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পাক, এটাও সবার প্রত্যাশা। কিন্তু সবার আগে দেশেই বিনিয়োগের অনুকূল পরিবেশ তৈরি এবং অবকাঠামোগত সমস্যার আশু সমাধান জরুরি। কেবল বৈদেশিক মুদ্রাভান্ডার বাড়িয়েই সন্তুষ্ট থাকা নয়, নতুন নতুন শিল্পের প্রসার ঘটিয়ে কর্মসংস্থানও বাড়াতে হবে।