বিনিয়োগে সবাইকে সতর্ক থাকতে হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফারুক আহমেদ সিদ্দিকীর জন্ম ১৯৪৭ সালের ২০ জানুয়ারি, নওগাঁ শহরে। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগ থেকে ১৯৬৬ সালে স্নাতক (সম্মান) এবং ১৯৬৭ সালে স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন। তিনি ১৯৬৯ সালে সাবেক পাকিস্তান ট্যাক্সেশন সার্ভিসে যোগ দেন। দীর্ঘদিন দায়িত্ব পালন করেছেন সরকারি ও স্বায়ত্তশাসিত নানা প্রতিষ্ঠানে। রাজস্ব বোর্ডের সদস্য ছিলেন। ভিন্ন ভিন্ন সময়ে সচিব হিসেবে কাজ করেছেন সরকারের শিক্ষা, বাণিজ্য ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ে। এ ছাড়া স্টক অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যানের দায়িত্বে ছিলেন তিন বছর (২০০৬-২০০৯)। সাক্ষাৎকার নিয়েছেন মিজানুর রহমান খান ও হাসান ইমাম প্রথম আলো  ১৯৯৬ সালেও একবার শেয়ারবাজারে বিপর্যয় এসেছিল। সেই বিপর্যয় থেকে কি আমাদের মন্ত্রণালয় বা স্টক মার্কেট কর্তৃপক্ষ কিছু শিখেছে?ফারুক আহমেদ সিদ্দিকী  শেয়ারবাজারে অস্বাভাবিক ঘটনাবলি দুনিয়ার সব জায়গাতেই কিছু কিছু ঘটে। গুজব, অতিমূল্যায়ন ইত্যাদি থাকেই। ১৯৯৬ সালে ইলেকট্রনিক শেয়ার ট্রেডিং ছিল না, সিডিবিএল (সেন্ট্রাল ডিপোজিটরি বাংলাদেশ লিমিটেড) ছিল না। বেশির ভাগ কাগুজে শেয়ার ছিল, কার্ব মার্কেট ছিল বিশাল। সেই বিপর্যয়ের পর কিন্তু অনেক পুনর্গঠন ও সংস্কার হয়েছে। তার মধ্যে প্রধান হলো স্ক্রিন বেজড স্বয়ংক্রিয় ট্রেডিং চালু হওয়া। সঙ্গে সঙ্গে বাজারের আকারও অনেক বেড়েছে। ১৯৯৬-এর পর এসইসিকে (সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন) আরও শক্তিশালী করা হয়েছে। অনেক নতুন বিধিবিধান তৈরি হয়েছে। সিডিবিএলের মাধ্যমে অ্যাকাউন্ট সমন্বয় করা হচ্ছে। তবে সেটেলমেন্ট এখন পর্যন্ত ম্যানুয়াল আছে। এসবের ফলে কার্ব মার্কেটের শেয়ার বা কাগজের শেয়ার নকল করে বিক্রি করা যাবে না। আমাদের বাজারের মূল সমস্যা হলো শেয়ারের অপ্রতুলতা। সরবরাহ বাড়েনি, কিন্তু দাম বেড়ে গেছে। আমাদের বাজার ছোট হলেও অতিমূল্যায়িত।প্রথম আলো  বাজারে নতুন যারা এসেছে, তারা মূলত কারা এবং তাদের ব্যাপ্তি কতটা? তাদের মধ্যে কী ধরনের পরিবর্তন এসেছে?ফারুক আহমেদ সিদ্দিকী  ছোট বিনিয়োগকারী আগেও ছিল এখনো আছে, তবে সংখ্যা আগের থেকে অনেক বেশি। মূল প্লেয়াররা কিন্তু একই ধরনের আছে এবং এখনো তারা প্লে করতে সক্ষম। বাজার যদি ছোট হয়, তাহলে অল্প কিছু লোকের পক্ষেই বাজারকে প্রভাবিত করা সম্ভব। এখানে এখনো আমাদের ঘাটতি রয়েছে।প্রথম আলো  সম্প্রতি যে অস্থিতিশীলতা দেখা গেল, তা কেন ঘটল? এটা কি আবারও ঘটতে পারে? এ ব্যাপারে ক্ষুদ্র বিনিয়োগকারীদের প্রতি আপনার পরামর্শ কী?ফারুক আহমেদ সিদ্দিকী  সেদিন কী ঘটেছিল? এসইসি পদক্ষেপ নিয়েছিল যে চেকটা ক্যাশ না হওয়া পর্যন্ত শেয়ার কেনা যাবে না এবং আর্থিক সমন্বয়ের বেলায় বলেছিল, শেয়ার বিক্রি না হওয়া পর্যন্ত কেনা যাবে না। এই পদক্ষেপগুলো তেমন কিছু নয় যে মারাত্মক বিপর্যয় নিয়ে আসবে। বাজারের মূল ভিত্তির থেকে শেয়ার অতিমূল্যায়িত হলে এ রকম হতে পারে। কোনো শেয়ারে বিনিয়োগের সময় যদি আমি জানি, যে টাকায় শেয়ার কিনেছি তা কোম্পানির শক্তির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ, তখন আমার আত্মবিশ্বাস থাকবে যে সাময়িকভাবে বাজার পড়ে গেলেও কোম্পানি ভালো বলে দাম আবার উঠবে। ফলে আমি বিচলিত হব না। কিন্তু যে শেয়ার আমি গুজবের ভিত্তিতে কিনেছি এবং আমি জানি যে এই শেয়ারের মৌল ভিত্তি নেই বলে পড়ে গেলে আবার দাম ওঠানো কঠিন, কারণ কোম্পানিটিকে অতিমূল্যায়িত করা হয়েছিল, তখন কিন্তু আমি গুজবে ভয় পাব। তার জন্য আমি তখনই শেয়ারটা বিক্রি করতে চাইব। এভাবে বাজারে একটা আতঙ্ক ছড়িয়ে পড়বে। সবাই যখন জানে, বাজার অতিমূল্যায়িত হচ্ছে এবং এটা সংশোধন হতে পারে, তখন সবারই আত্মবিশ্বাস কমে যাবে। প্রথম আলো  এ রকম ঘটনা কি বিশ্বব্যাপী ঘটছে?ফারুক আহমেদ সিদ্দিকী  অন্য জায়গাতেও ঘটছে। কিন্তু আমাদের এখানে বেশি। এখানে লোভ বিবেচনাবোধকে দখল করে ফেলেছে। সতর্কতা কেউ মানছে না কেন? সতর্ক করা হলেও তারা যখন দেখছে, সাত দিনেই লাভ হচ্ছে। ফলে তারা শুনছে না। কিন্তু তাদের বুঝতে হবে, একটা সময় এই অবস্থা থাকবে না। যখন তা হবে, তখন হাতে থাকা শেয়ারগুলোই তাদের ফাঁস হবে। অন্য দেশে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরা অনেক হিসাব করে বিনিয়োগ করে। আমাদের ছোট বিনিয়োগকারী বেশি, তাদের অনেকেই আবার হুজুগে বিনিয়োগ করছে। অন্যদিকে, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরাও স্বল্পমেয়াদি লাভের দিকে পরিচালিত হচ্ছে।প্রথম আলো  বিশ্বের অনেক দেশেই শেয়ারবাজারের জন্য পেশাদারি পরামর্শক রয়েছে। আমাদের দেশে এটা আইন করে নিষিদ্ধ করা হয়েছে।ফারুক আহমেদ সিদ্দিকী  পেশাদারি পরামর্শক থাকা ভালো। কিন্তু তাঁরা পেশাদারি দৃষ্টিকোণ থেকেই পরামর্শ দেবেন, এটা নিশ্চিত করতে হবে। বাংলাদেশে যে অবস্থা, তাতে কেউ পেশাদারি মনোভাব নিয়ে পরামর্শ দিলেও মানুষ মানে না। কেননা দেখা যাচ্ছে, হুজুগে সাড়া দিয়েই লাভ হচ্ছে।প্রথম আলো  অন্য সব জায়গার মতো শেয়ারবাজারে কি রাজনীতি প্রভাব ফেলছে?ফারুক আহমেদ সিদ্দিকী  বর্তমানে কী হচ্ছে তা জানি না। তবে ২০০৬ থেকে ২০০৯-এর মার্চ পর্যন্ত যে তিন বছর আমি এসইসির পরিচালক ছিলাম, তখন এ রকম হস্তক্ষেপ দেখিনি।প্রথম আলো  সরকারের সঙ্গে এসইসির সম্পর্ক কী? সরকার কীভাবে এখানে হস্তক্ষেপ করতে পারে? এটা কেমন হওয়া উচিত এবং বাস্তবে কেমন হচ্ছে?ফারুক আহমেদ সিদ্দিকী  এসইসি আইন অনুযায়ী গঠিত স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান। নিজস্ব বিধিমালা প্রণয়নের ক্ষমতা তার রয়েছে। খুব কম প্রতিষ্ঠান এ রকম স্বাধীনতা ভোগ করে। এর চেয়ারম্যান ও চারজন কমিশন সদস্য নিয়োগ করে সরকার। কেবল ক্রিমিনাল অভিযোগ না থাকলে কিংবা মানসিক ভারসাম্য না হারালে তারা সম্পূর্ণ স্বাধীন। আমি যখন ছিলাম, তখন কোনো রকম সরকারি নিয়ন্ত্রণ দেখিনি। অথচ সংবাদপত্রে দেখি, এসইসি তার প্রস্তাব পাসের জন্য অর্থ মন্ত্রণালয়ে পাঠাচ্ছে। এর কোনো প্রয়োজন নেই। সরকার কোনো প্রয়োজন বোধ করলে এসইসির সঙ্গে আলোচনা করে নির্দেশ দিতে পারে। আমার সময়ে এ রকম প্রয়োজন পড়তে দেখিনি। কিন্তু এখন এসইসির অনেক সিদ্ধান্ত মন্ত্রণালয়ে হচ্ছে। অর্থ মন্ত্রণালয়ের তো এ বিষয়ে পেশাদারি দক্ষতা নেই, তবু তারা হস্তক্ষেপ করছে। প্রথম আলো  সংসদীয় কমিটি এ বিষয়ে পদক্ষেপ নিতে পারে?ফারুক আহমেদ সিদ্দিকী  তারা সুপারিশ করতে পারে। কিন্তু অনেকের ধারণা, এটা মানা বাধ্যতামূলক। তা নয়। সংসদীয় কমিটি বা অন্য কারও সুপারিশ যদি অর্থ মন্ত্রণালয়ের মাধ্যমে নির্দেশ হিসেবে আসে, তাহলে সেটা মানা বাধ্যতামূলক। তার আগে নয়। কেউ যদি সুপারিশ করেও, সেটা প্রকাশ না করে এসইসির সঙ্গে বোঝাপড়া করেই নেওয়া উচিত। এবং সিদ্ধান্তটা এমনভাবে আসা উচিত যাতে মনে হয় যে এটা এসইসিরই সিদ্ধান্ত। যেমন ধরেন, আমাদের এখন জেলা শহরেও ব্রোকারেজ হাউস খোলা হয়েছে। এভাবে ব্রোকার হাউসের বিস্তার ঘটানো ঠিক হয়নি। এতে করে চাহিদা অহেতুক বেড়ে গেছে। এমন কিছু জায়গায় চাহিদা বেড়েছে, যেখানে সে রকম পেশাদারি নেই। প্রথম আলো  সব কটি জেলাতেই এটা হচ্ছে? ছোট ছোট বিনিয়োগকারী সমাজের কোন শ্রেণীর অংশ? আনুমানিক তাদের সংখ্যা কত?ফারুক আহমেদ সিদ্দিকী  প্রায় সে রকমই। সব কটি বড় শহরেই এটা হচ্ছে। কিছু কিছু উপজেলায়ও হচ্ছে। এই বাড়তি চাহিদার সঙ্গে পাল্লা দিয়ে সরবরাহ বাড়ানো হচ্ছে না। বরং আইপিও রুলে নানা রকম শর্ত আরোপ করে সরবরাহে বিঘ্ন ঘটানো হচ্ছে। অন্যদিকে যে সরকারি কোম্পানিগুলো সরবরাহ বাড়াতে পারত, সেগুলো বন্ধ হয়ে আছে। এসব কারণেই চাহিদা ও জোগানের মধ্যে ভারসাম্যহীনতা এসেছে। সরকারি হিসাবে ৩৩ লাখ লোক বাজারে আছে। তবে সেকেন্ডারি মার্কেটে তত নয়। প্রতিদিন ঢাকা স্টক এক্সচেঞ্জে তিন থেকে সাড়ে তিন লাখ ট্রেড হচ্ছে। এ ছাড়া চট্টগ্রাম ও সিলেটেও এক্সচেঞ্জ আছে। এসব থেকে মনে হয়, অন্ততপক্ষে আট-দশ লাখ লোক সক্রিয়ভাবে সেকেন্ডারি মার্কেটে ব্যবসা করছে। প্রথম আলো  শেয়ারবাজারমুখী এই ঝোঁক কি বিনিয়োগের সুযোগ না থাকার কারণে হচ্ছে?ফারুক আহমেদ সিদ্দিকী  বাজারের পরিধি বাড়া ইতিবাচক হতো, যদি প্রাইমারি মার্কেট বিস্তৃত হতো। তার মানে আরও পঞ্চাশটা কোম্পানি আসত, আইপিওর মাধ্যমে তারা বাজার থেকে টাকা তুলে কলকারখানা হোক, অন্য জায়গায় হোক, বিনিয়োগ করত। স্টক মার্কেটের মূল উদ্দেশ্য পুঁজিবাজার থেকে পুঁজি সংগ্রহ করে শিল্পে ও উৎপাদনে বিনিয়োগ করা। এ জায়গাতেই প্রত্যাশা ও প্রাপ্তির মধ্যে ব্যাপক ব্যবধান। আমাদের বেশির ভাগ শিল্পকারখানার বিনিয়োগ ব্যাংকের ওপর নির্ভরশীল। অথচ পুঁজি সংগ্রহের সস্তা ও সহজ বিকল্প উৎস হতে পারে পুঁজিবাজার। ব্যাংক থেকে ঋণ নিলে নিয়মিতভাবে ১৩ শতাংশ সুদ দিতে হয়। কিন্তু পুঁজিবাজার থেকে টাকা তুললে শোধ দেওয়া বা সুদ দেওয়ার বাধ্যবাধকতা থাকে না। যখন লাভ হবে, তখন লভ্যাংশ দিলেই হয়। মানুষ ১০ শতাংশ লাভ পেলেই খুশি থাকে। তার পরও সবাই দৌড়াচ্ছে ব্যাংকের দিকে। কারণ, পুঁজিবাজারে আসার জন্য কিছু শর্ত আছে। যেমন স্বচ্ছ ব্যবসা থাকতে হবে, সবার সামনে যথাযথ উপস্থাপন থাকতে হবে, অডিট থাকতে হবে, করপোরেট গভর্ন্যান্স থাকতে হবে। এ জন্য অনেকে এখানে আসতে চান না। অন্যদিকে ব্যাংকে অনেক অলস পুঁজি পড়ে আছে, সেখানে গেলে সঙ্গে সঙ্গেই ঋণ পাওয়া যায়। যদি বিনিয়োগ অনেক বাড়ত, তাহলে ব্যাংক ততটা জোগান দিতে পারত না। বিশেষ করে দীর্ঘমেয়াদি বিনিয়োগ তারা পারত না। তখন মানুষ পুঁজিবাজারের কাছে আসত, বিনিয়োগ বাড়ত এবং সেটা দেশের জন্যও ভালো হতো। পুঁজিবাজার কয়েক বছরের মধ্যে সাত বিলিয়ন ডলার থেকে ৫০ বিলিয়ন ডলার হয়েছে, তা নিয়ে বড় বড় কথা হচ্ছে। এটা কিন্তু প্রাইমারি মার্কেটে নতুন কোম্পানি আসার জন্য হচ্ছে না, হচ্ছে মূল্য বৃদ্ধির জন্য। প্রথম আলো  আপনি যখন দায়িত্ব নিয়েছিলেন, তখন ৩০ কোটি টাকার মূল্যস্ফীতি ছিল, সেটা এখন ৩২০০ কোটি টাকা ছাড়িয়ে গেছে। হঠাৎ করে এই বুদ্বুদ ছড়াল কেন?ফারুক আহমেদ সিদ্দিকী  আমাদের দেশে শেয়ারবাজার নিয়ে খুব একটা গবেষণা হয়নি। তাই তথ্যভিত্তিক কথা বলা কঠিন। বাজারটা বাড়া শুরু হয়েছে ২০০৭ সাল থেকে, তত্ত্বাবধায়ক সরকার ক্ষমতা গ্রহণের চার-পাঁচ মাস পর। তখন সরকার কিছু পদক্ষেপ নিচ্ছিল: যেমন দুর্নীতি, কালো টাকা, কর ফাঁকি ধরা শুরু করল, তখন মানুষ টাকা ব্যাংকে রাখা নিরাপদ মনে করেনি, শেয়ার মার্কেটকেই তারা নিরাপদ বোধ করল। ২০০৬-এর মাঝামাঝি বাজারে ছিল প্রায় সাত বিলিয়ন ডলার, সেটা তত্ত্বাবধায়ক সরকার যাওয়ার সময় আনুমানিক ১৫ বিলিয়ন ডলার ছাড়িয়ে যায়। এক বছর আগেও ছিল ৩০ বিলিয়ন ডলার, এখন পঞ্চাশ বিলিয়ন ডলার ছাড়িয়ে গেছে। পুরোটাই হয়েছে দাম বাড়ার জন্য। আর দাম বাড়ার হিড়িক দেখে নতুন লোকও এসেছে। এই বৃদ্ধির সুযোগ নিয়ে বিভিন্ন ব্যাংক, বীমা কোম্পানি, আর্থিক প্রতিষ্ঠানসহ অনেকেই এখানে বিনিয়োগ করতে এসেছে। ব্যাংক তার আমানতের ১০ শতাংশের বেশি বিনিয়োগ করতে পারে না। কিন্তু সেটা মানা হচ্ছে না। তাদের উচিত দীর্ঘমেয়াদি বিনিয়োগ করা, কিন্তু তারা করছে ট্রেডিং। এতে বাজার আরও নাজুক অবস্থায় পড়ে যাচ্ছে। প্রথম আলো  এ অবস্থায় কী ধরনের পদক্ষেপ দরকার? ব্যাংকভিত্তিক বিনিয়োগ থেকে সরে পুঁজিবাজারভিত্তিক বিনিয়োগ ও শিল্পায়নের সম্ভাবনা কী?ফারুক আহমেদ সিদ্দিকী  পুঁজিবাজার থেকে জনগণের টাকা নিয়ে বিনিয়োগে গেলে জনগণ সেই লাভের সুযোগ পায়। আমার মনে হয় না বিনিয়োগের ৫ শতাংশও পুঁজিবাজার থেকে হচ্ছে। অন্যান্য দেশে পুুঁজিবাজার থেকে বিপুলভাবে বিনিয়োগ আসে। আমাদের এখন সেদিকে নজর দিতে হবে। মূল বিনিয়োগটা কিন্তু উদ্যোক্তাদেরই করতে হবে, তাদের পাশে ব্যাংক আসতে পারে। তারা তখনই স্টক মার্কেট থেকে টাকা তুলতে পারে, যখন তারা দাঁড়িয়ে যাবে। অর্থাৎ কোম্পানি শুরু করার সময় নয়, কোম্পানির প্রসার বা ওয়ার্কিং ক্যাপিটাল (চলতি পুঁজি) গঠনের জন্য। একেবারে নতুন কোম্পানি এটা করলে ঝুঁকি থেকে যায়। বাজার চড়া বা অতিমূল্যায়িত থাকা অবস্থাতে সমস্যাজনক কোম্পানি সুযোগ নিতে পারে। ১৯৯৬ সালে এটা হয়েছিল। এ জন্য শক্তিশালী নজরদারি থাকতে হবে।প্রথম আলো  বাজার বাড়লেও এসইসির অবয়ব বাড়েনি, আর্থিক নির্ভরশীলতা কমেনি। কী করা দরকার?ফারুক আহমেদ সিদ্দিকী  এসইসি আইনগতভাবে স্বাধীন হলেও তার আর্থিক স্বাধীনতা আসেনি। এসইসি কিন্তু নিজেই অনেক আয় করে। কিন্তু সরকার-নির্ধারিত বাজেটের বাইরে খরচ করতে হলে তাদের অর্থ মন্ত্রণালয়ের অনুমতি লাগে। অথচ আর্থিক স্বায়ত্তশাসন ছাড়া প্রাতিষ্ঠানিক স্বাধীনতা আসে না। ছোটখাটো কর্মসংস্থানের জন্যও ওপরের অনুমতি লাগে। তবে, শুধু কর্মীসংখ্যা বাড়ালেই হবে না, দক্ষতাও বাড়াতে হবে। মনে রাখতে হবে, বাজার নিয়ন্ত্রণ এসইসি করে না বা তাদের করার কথা না। কোনো শেয়ারের দাম কী হবে, সেটা বাজার-শক্তিই ঠিক করবে। বিনিয়োগকারীরা পেশাদার না হওয়ার জন্য বাধ্য হয়ে এসইসিকে সেটা করতে হচ্ছে। এসইসির প্রধান কাজ হচ্ছে, বাজারের স্বচ্ছতা বজায় রাখা এবং বিভিন্ন কোম্পানি তাদের সম্পর্কে যে প্রতিবেদন দিচ্ছে, সেটা সঠিক কি না তা দেখা। এটা করার জন্য যে পেশাদারি ও গুণগত মান দরকার, তা তাদের নেই। এসইসির একজন চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টও নেই। সরকারের যে বেতনকাঠামো, তাতে দক্ষ জনশক্তি পাওয়া সম্ভব নয়। এটা বাড়াতে হবে। আবার দেখা যায়, ঘন ঘন সিদ্ধান্ত পাল্টানোর জন্যও এসইসির প্রতি আস্থা কমে গেছে।প্রথম আলো  এ অবস্থায় ক্ষুদ্র বিনিয়োগকারীদের প্রতি আপনার পরামর্শ কী?ফারুক আহমেদ সিদ্দিকী  বাজার বর্তমানে অতিমূল্যায়িত। এখানে ছোটখাটো কারণে বড় ধরনের সংশোধন হতে পারে। কোনো গুজবে, কোনো হুজুগে বা কোনো হঠকারী সিদ্ধান্ত, তা বিনিয়োগকারীদের তরফেই হোক বা নিয়ন্ত্রকদের দিক থেকেই হোক, বাজার অস্থিতিশীল হয়ে উঠতে পারে। এভাবে বাজারের পতন হলে অনেকেরই ক্ষতি হবে। বিনিয়োগের ব্যাপারে সবাইকে সতর্ক থাকতে হবে এবং ধীরে ধীরে বাজারকে সংশোধনের দিকে নিয়ে যেতে হবে। এর জন্য বিনিয়োগকারীদেরই উদ্যোগী হতে হবে। এ ব্যাপারে আমাদের সবারই দায়িত্ব রয়েছে।প্রথম আলো  আপনাকে ধন্যবাদ।ফারুক আহমেদ সিদ্দিকী  ধন্যবাদ।