বাংলাদেশ ২০২১ সালের মধ্যে মধ্যম আয়ের দেশে উন্নীত হতে চায়। কিন্তু বর্তমান বাস্তবতায় এই আকাঙ্ক্ষা পূরণ করা অত্যন্ত কঠিন। ইন্টারন্যাশনাল চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (আইসিসি) সর্বসাম্প্রতিক পর্যবেক্ষণ বলছে, বাংলাদেশের অর্থনীতি এখন বেশ গুরুতর কিছু চ্যালেঞ্জের মুখোমুখি। সেসব চ্যালেঞ্জ মোকাবিলার কার্যকর পদক্ষেপ নেওয়া না হলে ইতিমধ্যে অর্জিত অর্থনৈতিক উন্নয়নও ধরে রাখা সম্ভব হবে না।
মধ্যম আয়ের দেশে উন্নীত হলে অর্থনৈতিক প্রবৃদ্ধি বাড়াতে হবে। বর্তমান প্রবৃদ্ধির হার ৭ দশমিক শূন্য ৫ শতাংশ, এই হার বাড়িয়ে ৮ শতাংশের ওপরে তুলতে হবে বলে অভিমত দিয়েছেন আইসিসির সভাপতি মাহবুবুর রহমান। অর্থনীতিবিদেরাও এমন কথাই গুরুত্বের সঙ্গে বলে আসছেন। কিন্তু প্রবৃদ্ধি আরও বাড়ানোর পথে গুরুতর প্রতিবন্ধকতা আছে। বৃহস্পতিবার আইসিসির ২২তম বার্ষিক সাধারণ সভায় মাহবুবুর রহমান দুটো চ্যালেঞ্জের কথা বলেছেন। প্রথমটি বেসরকারি বিনিয়োগে স্থবিরতা, দ্বিতীয়টি উন্নয়ন প্রকল্পগুলো বাস্তবায়নে প্রাতিষ্ঠানিক সক্ষমতার ঘাটতি।
বিনিয়োগে স্থবিরতা এখন আমাদের অর্থনীতির প্রধান সমস্যা। এই সমস্যা থেকে আরও অনেক সমস্যার সৃষ্টি হচ্ছে, যার একটা হলো বেকারত্ব। দারিদ্র্য ও আয়ের অসমতা কমিয়ে আনার জন্য আরও বেশি বিনিয়োগ প্রয়োজন। মাহবুবুর রহমানের মতে, ২০২০ সালের মধ্যে বার্ষিক বিনিয়োগ জিডিপির অন্তত সাড়ে ৫ শতাংশ বাড়াতে হবে। কিন্তু শিল্প-উদ্যোক্তাদের মতে, বিনিয়োগ বাড়ানোর পথে সবচেয়ে বড় বাধা হলো জ্বালানির ঘাটতি। গ্যাস-বিদ্যুতের অভাবে অনেকেই নতুন নতুন শিল্পকারখানা বসাতে পারছেন না, অনেকে বিদ্যমান শিল্পকারখানার সম্প্রসারণ ঘটাতে পারছেন না। সুতরাং, গ্যাসের সংকট দূর ও বিদ্যুৎ উৎপাদন ব্যাপকভাবে বাড়ানো প্রয়োজন। এটা ছাড়া বিনিয়োগ বাড়ানো সম্ভব হবে না, আর বিনিয়োগ না বাড়লে আরও বেশি প্রবৃদ্ধি অর্জনের স্বপ্ন স্বপ্নই থেকে যাবে।
বিনিয়োগে স্থবিরতা সত্ত্বেও আমাদের অর্থনীতি যে মন্দাবস্থায় পড়ে যায়নি, তা ভেবে নিশ্চিন্ত থাকার সুযোগ নেই। কারণ, অর্থনীতির জন্য কতকগুলো নেতিবাচক লক্ষণ স্পষ্টতর হয়ে উঠেছে। একদিকে প্রবাসী আয় বা রেমিট্যান্স কমে যাচ্ছে, অন্যদিকে খেলাপি ঋণের পরিমাণ বেড়েই চলেছে। দেশ থেকে বিপুল পরিমাণ অর্থ পাচার হয়ে যাওয়ার বিষয়টি অত্যন্ত উদ্বেগজনক। তা ছাড়া উপসাগরীয় অঞ্চলসহ বৈশ্বিক রাজনীতির অস্থিরতার ক্ষতিকর প্রভাব আমাদের অর্থনীতিতেও পড়তে বাধ্য। ইউরোপীয় অর্থনীতির শ্লথগতির নেতিবাচক প্রভাবের বাইরে থাকাও আমাদের পক্ষে সম্ভব হবে না।
এই সবকিছু মিলিয়ে আমাদের অর্থনীতির সামনে যে প্রতিকূল অবস্থার সৃষ্টি হয়েছে, তা মোকাবিলার জন্য বিনিয়োগ বাড়ানোর পক্ষে সহায়ক পদক্ষেপসহ অন্যান্য প্রয়োজনীয় কর্তব্য গুরুত্বসহকারে বিবেচনা করতে হবে।