মহাসড়কে গরুর ট্রাকে যথারীতি চাঁদাবাজি চলছে। অভিযোগ বেশি আসছে পুলিশের নামে। অথচ আইজিপি বলেছিলেন, পশুর ট্রাকে চাঁদাবাজি সহ্য করা হবে না। যে পুলিশের দায়িত্ব ছিল কোরবানির হাটের জন্য প্রেরিত গরুগুলোকে নির্বিঘ্নে গন্তব্যে পৌঁছানোর ব্যবস্থা করা, সেখানে বিভিন্ন স্থানে কতিপয় পুলিশ সদস্যের দ্বারা চাঁদাবাজি চলা ন্যক্কারজনক। আইজিপির আশ্বাসে যাঁরা স্বস্তি নিয়ে রাস্তায় নেমেছিলেন, তাঁরই উচিত সেই সব ট্রাকচালক ও গরু ব্যবসায়ীর ভরসা ধরে রাখায় ব্যবস্থা নেওয়া। অভিযুক্ত পুলিশ সদস্যদের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়া এবং মহাসড়ক থেকে কোরবানির হাট চাঁদাবাজদের হাত থেকে মুক্ত রাখায় গাফিলতি গ্রহণযোগ্য নয়।
ঈদুল আজহার প্রাক্কালে রাজধানী ঢাকাতেই বসে বৃহত্তর গরুর হাট। সারা দেশ থেকে ট্রাকে ও ট্রলারে করে গরু ও অন্যান্য গবাদিপশু আসে। একেই যদি পুলিশের বিপথগামী সদস্যরা চাঁদাবাজির মৌসুম বানিয়ে ফেলেন, তাহলে কী করে হয়? ক্রেতা-বিক্রেতার অর্থনৈতিক ক্ষতি ছাড়াও এর তো একটি ধর্মীয় মাত্রাও রয়েছে। এসব দিক বিবেচনা করেই স্বরাষ্ট্র মন্ত্রণালয়ও এবার কোরবানির পশু পরিবহনকে চাঁদাবাজমুক্ত রাখার নির্দেশ দেয়। আইজিপিও এ কারণে চাঁদাবাজদের উপদ্রব থেকে সড়ক, মহাসড়ক মুক্ত রাখার নির্দেশ দেন পুলিশ বাহিনীকে। কিন্তু দেখা যাচ্ছে, উত্তর ও পশ্চিমাঞ্চলের কয়েকটি সড়কের বিভিন্ন স্থানে, থানার সামনে এবং বিশেষ করে বঙ্গবন্ধু সেতুর সিরাজগঞ্জ প্রান্তে পুলিশের দ্বারা চাঁদা বা বখরা আদায়ের ঘটনা ঘটছে। শুক্রবারের প্রথম আলোসহ বিভিন্ন গণমাধ্যমে এ বিষয়ে সরেজমিন প্রতিবেদনও প্রকাশিত হয়েছে। পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ চাইলে এদের চিহ্নিত করা কঠিন কিছু নয়।
আমরা আশা করব, স্বয়ং আইজিপি অভিযোগগুলো বিবেচনায় নেবেন। প্রথমেই গরুবাহী ট্রাক বা অন্যান্য পরিবহন থেকে চাঁদাবাজদের দূরে রাখবেন। দ্বিতীয়ত, অভিযুক্ত ব্যক্তিদের তদন্ত করে শাস্তি দেবেন। একই কথা ঈদের সময়ে চলাচলরত যাত্রীবাহী বাসের জন্যও প্রয়োজন। ঈদের বকশিশ অথবা চাঁদা যেন কেউ দাবি করার সুযোগ না পায়।