আলু রপ্তানির বাজার খোঁজা আবশ্যক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মুন্সিগঞ্জের হিমাগারগুলোতে আগের মৌসুমের ৪২ হাজার মেট্রিক টন আলু অবিক্রীত অবস্থায় পড়ে রয়েছে। এদিকে নতুন আলু বাজারে উঠতে শুরু করেছে। ফলে হিমাগারে রাখা আলু অনেক কম দামেও বিক্রি করা যাচ্ছে না। এ অবস্থায় ব্যাপক লোকসানের মুখে পড়তে হচ্ছে কৃষক, ব্যবসায়ী ও হিমাগারমালিকদের।

প্রথম আলোর প্রতিবেদন জানাচ্ছে, মুন্সিগঞ্জের হিমাগারগুলোতে আলুর ক্রেতা পাওয়া যাচ্ছে না। দুই সপ্তাহ আগে যেখানে আলুর দাম ছিল ছয়-সাত টাকা, এখন সেখানে চার টাকা কেজি দরেও আলুর ক্রেতা পাওয়া দুষ্কর হয়ে পড়ছে। ৫০ কেজির এক বস্তা আলু হিমাগারে রাখতে খরচ হয় ২২০ টাকা। সেখানে এখন এ রকম এক বস্তা আলুর দাম মাত্র ২০০ টাকা। ফলে হিমাগারের ভাড়া না ওঠায় কৃষক ও ব্যবসায়ীরা তাঁদের রাখা আলু বিক্রি করতে আসছেন না।

মুন্সিগঞ্জে ৬৪টি হিমাগার রয়েছে। এসব হিমাগারের ভেতরে ও পাশে এখন পচা আলুর বস্তা স্তূপ করে রাখা হয়েছে। সদর উপজেলার জে এম মোল্লা কোল্ডস্টোরেজে ৭০ হাজার বস্তা আলু রেখেছিলেন টিপু দেওয়ান নামের এক ব্যবসায়ী। আলুর দাম পড়ে যাওয়ায় এ মৌসুমে তাঁর লোকসান গুনতে হয়েছে প্রায় ৬০ লাখ টাকা। আবার হিমাগারগুলো থেকে কৃষক ও ব্যবসায়ীদের আগাম যে ঋণ দেওয়া হয়েছিল, সেই টাকাও এখন উঠে আসছে না।

জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বলছে, গত মৌসুমে লক্ষ্যমাত্রার চেয়েও ৪০ ভাগ আলু বেশি উৎপাদন হয়েছে। আবার করোনা মহামারির কারণে বিদেশে আলু রপ্তানি বন্ধ ছিল। নতুন আলু বাজারে চলে আসায় পুরোনো আলুর দাম পড়ে গেছে। আলুর দাম পড়ে যাওয়ায় প্রায় প্রতিবছরই কৃষক, ব্যবসায়ী ও হিমাগারমালিকদের লোকসান গুনতে হয়। উৎপাদন বেশি হলে চাহিদা কমে যায়, তাই দাম কমে যায়—এটা বাজারের স্বাভাবিক সূত্র। কোভিডকালে ব্যাপক কৃষি উৎপাদনের কারণেই আমাদের বড় সংকটের মুখে পড়তে হয়নি।

দেশের বাজার ও বিদেশে রপ্তানির বিষয়টি হিসাবে নিয়ে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরকে আলু উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করতে হবে। কৃষকের কষ্টার্জিত উৎপাদন যাতে নষ্ট না হয়, সে জন্য আলু রপ্তানির প্রক্রিয়াকে চালু রাখা রপ্তানির নতুন বাজার খুঁজে বের করার উদ্যোগ নিতে হবে। কৃষক, ব্যবসায়ী ও হিমাগারের মালিকেরা যাতে এবারের লোকসান কাটিয়ে উঠতে পারেন, সে লক্ষ্যে সহজ শর্তে ঋণ দেওয়াসহ যথাযথ ব্যবস্থা নিতে হবে।