বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর এক প্রতিবেদন বলছে, প্রাপ্তবয়স্ক ব্যক্তিরা বেশি মারা যাচ্ছেন স্ট্রোক, ক্যানসার, ডায়াবেটিস, হৃদ্রোগ, নিউমোনিয়া, হাঁপানি, উচ্চ রক্তচাপসহ নানা অসংক্রামক রোগে। প্রাপ্তবয়স্কদের মৃত্যুর হার কমাতে কোন রোগগুলোর দিকে বাড়তি মনোযোগ দেওয়া জরুরি, তা এখন পরিষ্কার।
গত সপ্তাহে প্রকাশিত প্রতিবেদনে আরও বলা হয়েছে, প্রাপ্তবয়স্ক ব্যক্তিদের ৪৮ দশমিক ৫ শতাংশের মৃত্যুর কারণ এসব অসংক্রামক ব্যাধি। বার্ধক্যজনিত মৃত্যুর পেছনেও ভূমিকা রাখছে এসব অসংক্রামক ব্যাধি। অথচ এসব ব্যাধির ৬০ থেকে ৭০ শতাংশ প্রতিরোধযোগ্য।
অসংক্রামক রোগসমূহ হচ্ছে জীবনযাত্রার সঙ্গে সম্পর্কিত রোগ। অসংক্রামক ব্যাধি মূলত মানুষেরই তৈরি। অনিয়ন্ত্রিত জীবনযাপনের ফলে এসব রোগ হচ্ছে। দীর্ঘস্থায়ী এসব রোগে আক্রান্ত হলে খরচও খুব বেশি। অথচ চাইলেই এসব রোগ এড়ানো যায়। জীবনযাপনের প্রণালি ও খাদ্যাভ্যাসে পরিবর্তন এনে চাইলেই মানুষ এসব রোগব্যাধি থেকে মুক্ত থাকতে পারে। যেমন ধূমপান অথবা তামাক পরিহার করে এবং স্বাস্থ্যসম্মত ও পরিমিত খাবার গ্রহণের মাধ্যমে হৃদ্রোগ, শ্বাসযন্ত্রের রোগ বা ক্যানসার এড়ানো সম্ভব।
পরিসংখ্যান ব্যুরোর ওই প্রতিবেদনে আরও বলা হয়েছে যে দেশে পাঁচ বছরের কম বয়সী শিশুর মৃত্যুর প্রধান কারণ নিউমোনিয়া। এ ছাড়া শ্বাসতন্ত্রের রোগ, নানা ধরনের জ্বর, পানিতে ডোবা, অপুষ্টি, হৃদ্রোগ (জন্মগত) ও জন্ডিস ইত্যাদি রোগে শিশুদের মৃত্যু হয়। আর সবচেয়ে বেশি মাতৃমৃত্যু হচ্ছে প্রসবকালে।
এখন স্বাস্থ্য মন্ত্রণালয়সহ নীতিনির্ধারকদের উচিত হবে নতুন এই সব তথ্যের ওপর ভিত্তি করে যথাযথ কর্মকৌশল নির্ধারণ করা। মানুষকে এসব রোগের ব্যাপারে সচেতন করতে হবে। এসব রোগ প্রতিরোধ ও প্রতিহত করতে পারিবারিক পর্যায়ে সবচেয়ে বেশি সচেতনতা বৃদ্ধির প্রয়োজন রয়েছে।
২০১৬ সালের জানুয়ারি থেকে শুরু হওয়া টেকসই উন্নয়ন লক্ষ্যে (এসডিজি) অসংক্রামক ব্যাধি নিয়ন্ত্রণকে অন্তর্ভুক্ত করা হয়েছে। তাতে বলা হয়েছে, ২০৩০ সালের মধ্যে অসংক্রামক রোগের প্রকোপ এক-তৃতীয়াংশ কমাতে হবে। কাজেই সরকারকে বিষয়টিতে অনেক বেশি গুরুত্ব দিতে হবে।