বছরের পর বছর ধরে পরিকল্পনাহীন পর্যটনের কারণে রীতিমতো ধ্বংসের মুখে সেন্ট মার্টিন দ্বীপ। বঙ্গোপসাগরে অবস্থিত এই পর্যটনস্বর্গের দক্ষিণে প্রতিবেশ সংকটাপন্ন আরেকটি দ্বীপ ছেঁড়াদিয়া। সেখানে পর্যটক সমাগম নিষিদ্ধ হলেও প্রতিদিন কয়েক শ মানুষ ঘুরতে যাচ্ছেন। স্থানীয় প্রশাসন নির্দেশনা জারি করেই তাদের দায়িত্ব শেষ করেছে। সেন্ট মার্টিন ও ছেঁড়াদিয়াকে ঘিরে এমন কোনো ব্যবস্থা তারা নিতে পারছে না, যাতে দ্বীপ দুটিকে রক্ষা করা যায়।
প্রথম আলোর প্রতিবেদন জানাচ্ছে, ছেঁড়াদিয়ায় কোনো লোকবসতি না থাকলেও প্রতিদিন জোয়ারের সময় অর্ধশতাধিক নৌযান করে আর ভাটার সময় হেঁটে পর্যটকেরা সেখানে ভিড় করছেন। দ্বীপের যত্রতত্র ছড়িয়ে ছিটিয়ে আছে প্লাস্টিকের বোতল, টিনের কৌটা, চিপসের প্যাকেট, পলিথিনসহ নানা আবর্জনা। জোয়ারের পানিতে এসব আবর্জনা সমুদ্রে ভেসে যাচ্ছে। দ্বীপে অবৈধভাবে নির্মিত অস্থায়ী দোকানে বিক্রি হচ্ছে নানা ধরনের পণ্য। এক পর্যটক ঘুরতে এসে বলেছেন, ‘তিন বছর আগে ছেঁড়াদিয়ায় এসে দ্বীপের চারপাশের পাথরস্তূপে প্রবাল, শৈবাল চোখে পড়েছিল, বালুচর ভরপুর ছিল শামুক-ঝিনুকে। নীল জলে নানা প্রজাতির রঙিন মাছের দৌড়ঝাঁপ দেখেছি। এখন তার কিছুই নেই। হাজারো মানুষে গিজগিজ করছে।’
এখন দৈনিক সেন্ট মার্টিন ভ্রমণে যাচ্ছেন তিন হাজারের বেশি পর্যটক। সাপ্তাহিক ছুটির দিনে বাড়ে আরও দুই হাজার। প্রতিদিন অন্তত ১ হাজার পর্যটক ছেঁড়াদিয়ায় যাচ্ছেন। দুই যুগ আগে সেন্ট মার্টিনে পর্যটক যেতেন বছরে ২০০ জনের কম। এখন যান দেড় থেকে দুই লাখ। সে সময় জনসংখ্যা ছিল ৩ সহস্রাধিক আর এখন প্রায় ১০ হাজার। এক দশক আগে সেন্ট মার্টিনে ১৭টি হোটেল ছিল। আর এখন দেড় শতাধিক। গাছপালা উজাড় করে একের পর এক অবৈধ স্থাপনা নির্মাণ করা হচ্ছে। আদালতের নিষেধাজ্ঞা এনে সেগুলো ভাঙতে দেন না ব্যবসায়ীরা। এতেই বোঝা যাচ্ছে, আগামী এক দেড় দশকে কী ভয়াবহ পরিণতি নেমে আসছে সেখানে।
গত বছর পরিবেশ অধিদপ্তর ১৪টি বিধিনিষেধ দিয়েছিল। এখন পর্যন্ত যার একটিও কার্যকর করা যায়নি। ছেঁড়াদিয়ায় যাতায়াত এবং নৌযান নোঙর নিষিদ্ধও করে তারা। কয়েক দিন প্রশাসন থেকে নিয়ন্ত্রণ করা গেলেও সেন্ট মার্টিনের নৌযান মালিক সমিতিগুলো, ব্যবসায়ী ও জনপ্রতিনিধিদের বাধার মুখে তা আর রক্ষা করা যায়নি। সেন্ট মার্টিন দ্বীপ রক্ষায় গঠিত আন্তমন্ত্রণালয় কমিটির সিদ্ধান্ত ছিল অনলাইনে নিবন্ধনের মাধ্যমে বছরের নির্দিষ্ট সময়ে দৈনিক নির্দিষ্ট সংখ্যক পর্যটককে সেখানে ভ্রমণের সুযোগ দেওয়া হবে। কিন্তু কোনো কিছুই কার্যকর হয়নি। পরিবেশ অধিদপ্তরও বলছে তাদের একার পক্ষে পরিস্থিতি নিয়ন্ত্রণ সম্ভব নয়। স্থানীয় প্রশাসন ও উচ্চ পর্যায় থেকে সমন্বিত পদক্ষেপ ছাড়া সেন্ট মার্টিন ও ছেঁড়াদিয়াকে রক্ষা করা সম্ভব নয়। এখন সরকারকে সিদ্ধান্ত নিতে হবে, তারা জীববৈচিত্র্যের এ প্রবালস্বর্গকে রক্ষা করতে ইচ্ছুক কি ইচ্ছুক না।