বিপর্যস্ত পাট খাত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অস্বীকার করার উপায় নেই যে পাট খাতের সমস্যা চতুর্মাত্রিক। ন্যায্য দাম পায় না বলে কৃষক পাট চাষে উৎসাহিত হন না। সময়মতো পাট না কেনায় সরকারি পাটকলগুলো ঠিকমতো উৎপাদন করতে পারছে না। আবার পাটকলগুলো যে পরিমাণ পণ্য উৎপাদন করে, তা-ও চাহিদা না থাকায় রপ্তানি হয় না। কিন্তু দেশে এর ব্যবহার বাড়াতে কেন কার্যকর ব্যবস্থা নেওয়া হচ্ছে না, সেই প্রশ্নের উত্তর খোঁজা জরুরি। সরকার প্রতিবছর ঘটা করে জাতীয় পাট দিবস পালন করে। পাট মেলাসহ নানা আয়োজনও হয়ে থাকে। কিন্তু পাট খাতকে চাঙা করতে যেসব পদক্ষেপ নেওয়া দরকার, তার ধারেকাছেও যাচ্ছে না।

গতকাল সোমবার ইংরেজি দৈনিক ডেইলি স্টার-এ ‘গোল্ডেন ফাইবার ইন ট্রাবল ওয়াটার’ শিরোনামে যে খবরটি ছাপা হয়েছে, তাতে পাট খাতের নাজুক অবস্থাই উঠে এসেছে। এটি শুধু হতাশাব্যঞ্জক নয়, উদ্বেগজনকও। পাট আমাদের তৃতীয় প্রধান রপ্তানি খাত। পাটের এই অবস্থান ধরে রাখতে হলে সরকারকে টেকসই ও বহুমুখী পদক্ষেপ নিতে হবে। পত্রিকা খুললেই সরকারি পাটকলে ধর্মঘট, উৎপাদন বন্ধ ইত্যাদি খবর পাওয়া যায়। সরকারি পাটকলগুলো কোনো সমস্যায় পড়লে কিছু টাকা বরাদ্দ দিয়ে সেটি সমাধানের চেষ্টা করা হয়। এভাবে বছর বছর ভর্তুকি দিয়ে পাটকল বাঁচানো যাবে না।

মধ্যপ্রাচ্যে একসময় পাট ও পাটজাত পণ্যের ভালো বাজার ছিল। কিন্তু ইরাক যুদ্ধ ও মধ্যপ্রাচ্যের সংকটের কারণে সে বাজার আমরা হারিয়েছি। এরপর ভারত, চীন, তুরস্ক প্রভৃতি দেশে পাটপণ্যের বাজার মোটামুটি ধরে রাখা গিয়েছিল। কিন্তু তুরস্কের অর্থনৈতিক অবস্থা নাজুক হয়ে পড়ায় এবং ভারত অ্যান্টিডাম্পিং আইন কার্যকর করায় ওই দুটি দেশের পাটজাত পণ্যের রপ্তানি মারাত্মকভাবে কমে গেছে।

বিজেএমসির তথ্য অনুযায়ী, ২০১৫-১৬ সালে ভারত যেখানে ৩৬ হাজার ৪৩৫ টন পাটপণ্য ক্রয় করত, সেখানে ২০১৭-১৮ অর্থবছরে নিয়েছে মাত্র ৮ হাজার ৯৮৭ টন। এর পাশাপাশি আমরা ভারতের গণমাধ্যমে খবর দেখেছি, বাংলাদেশি বস্তা আমদানি না হওয়ায় ভারতের কৃষকেরা বিপাকে পড়েছেন। তাঁরা তাঁদের উৎপাদিত পণ্য বাজারজাত করতে পারছেন না। অ্যান্টিডাম্পিং সমস্যা অনেক দিনের হলেও ভারতের সঙ্গে আলোচনার মাধ্যমে যৌক্তিক সমাধান বের করার উদ্যোগ লক্ষ করা যাচ্ছে না।

বিদেশে বাজার সংকুচিত হওয়ায় পাটশিল্পকে বাঁচিয়ে রাখতে হলে অভ্যন্তরীণ চাহিদা বাড়ানোর বিকল্প নেই। ২০১০ সালে পাটের বস্তা ব্যবহার বাধ্যতামূলক করে আইন পাস হয়। এরপর বিধিমালাও জারি হয়েছে। কিন্তু পাটের ব্যবহার তেমন বাড়েনি। এর কারণ পলিথিন সবকিছু গ্রাস করে ফলেছে। অনেক বছর আগে পলিথিনের ব্যবহার নিষিদ্ধ করে আইন পাস করা হয়েছিল। কিন্তু সময়ের ব্যবধানে সেই আইন প্রায় অকার্যকর হয়ে পড়েছে। বাজার এখন পলিথিনে সয়লাব।

সরকারের দাবি অনুযায়ী বর্তমানে ১৯টি পণ্যে পাটজাত মোড়ক ব্যবহৃত হচ্ছে । কিন্তু সব সরকারি প্রতিষ্ঠান ও সংস্থায় পাটের বস্তা ও মোড়কের
ব্যবহার তারা কেন নিশ্চিত করতে পারল না? কৃত্রিম পলিথিনের পরিবর্তে দেশে পাট থেকে উৎপাদিত পলিথিনসদৃশ পচনশীল ও পরিবেশবান্ধব ‘সোনালি ব্যাগ’–এর বাণিজ্যিক উৎপাদন ও সব ক্ষেত্রে এর ব্যবহার নিশ্চিত করতে হবে। এর পাশাপাশি উচ্চফলনশীল পাটের চাষ করা গেলে কৃষকের উৎপাদন ব্যয় কমে যাবে।

দুর্ভাগ্যজনক যে পাট খাতের সব কাজ চলছে অস্থায়ী ভিত্তিতে। সরকারি পাটকলগুলোর সংস্কার ও লোকবল যৌক্তিককরণ ছাড়া লোকসান কমানো যাবে না। অতএব, সরকারের উচিত এদিকে মনোযোগ দেওয়া।