বিপর্যস্ত পাহাড়ি জনপদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের পার্বত্য অঞ্চলে অবিরাম বর্ষণে এবার যে মাত্রায় পাহাড় ও ভূমিধস এবং প্রাণহানির ঘটনা ঘটেছে, তা আগের সব রেকর্ড ছাড়িয়ে গেছে। চট্টগ্রাম, কক্সবাজার, রাঙামাটি, খাগড়াছড়ি ও বান্দরবান—এই পাঁচ জেলায় এ পর্যন্ত ১৪৭ জনের নিশ্চিত প্রাণহানি ঘটেছে। সামনে আরও বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। ফলে নতুন পাহাড়ধসের আশঙ্কাও রয়েছে। এই পরিস্থিতিতে অনেকে আশ্রয়কেন্দ্রে ঠাঁই নিয়েছে। শুধু রাঙামাটি শহরেই ১৭টি আশ্রয়কেন্দ্রে আশ্রয় নিয়েছে প্রায় আড়াই হাজার লোক।

প্রথমআলোর প্রতিবেদন অনুযায়ী, রাঙামাটি জেলার ২৪২ কিলোমিটার সড়কের ১৪৫টি স্থানে ভূমিধসের ঘটনা ঘটেছে। চট্টগ্রাম-রাঙামাটি সড়কের দুটি স্থানে এখন সড়ক বলে কিছু নেই। যোগাযোগব্যবস্থা বন্ধ থাকার ফলে সেখানে সব ধরনের জ্বালানি তেলের সংকট দেখা দিয়েছে। সড়ক ও জনপথ বিভাগ যোগাযোগ পুনঃস্থাপনের জন্য কাজ করে যাচ্ছে বলে নিশ্চিত করেছে। এ ক্ষেত্রে সেনাবাহিনীও সহযোগিতা করছে। তবে আমরা আশা করব, সরকার বিষয়টিকে গুরুত্বের সঙ্গে নিয়ে সড়ক যোগাযোগ পুনরুদ্ধারে স্থানীয় সামর্থ্যের বাইরেও প্রয়োজনে বাড়তি পদক্ষেপ নিতে বিলম্ব করবে না।

যোগাযোগবিচ্ছিন্ন রাঙামাটিসহ বিভিন্ন অঞ্চলে কীভাবে প্রয়োজনীয় সামগ্রীর সরবরাহ নিশ্চিত রাখা যায়, সে জন্য বিকল্প পথগুলোও বিবেচনায় নিতে হবে। যেসব স্থানে নৌযোগাযোগ সম্ভব সেসব জায়গায় নৌপথে সরবরাহব্যবস্থা এমনভাবে কার্যকর করতে হবে, যাতে সেখানকার জনগোষ্ঠী ও দুর্গত মানুষ কোনো ধরনের সংকটের মধ্য না পড়ে। দুর্গত জনগণকে কোনোভাবেই বিচ্ছিন্ন ও নজরদারির বাইরে রাখা যাবে না।

এবারের পাহাড় ও ভূমিধসে যে পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, তাতে পার্বত্য অঞ্চলজুড়ে দীর্ঘ মেয়াদে ত্রাণ তৎপরতা পরিচালনা করতে হবে। অনেকেই তাঁদের বসতবাড়ি হারিয়েছেন, ক্ষতিগ্রস্ত হয়েছে জীবন-জীবিকা। সরকারি সাহায্য ও ত্রাণ তৎপরতা ছাড়া অনেকের পক্ষেই ঘুরে দাঁড়ানো সম্ভব হবে না।

আমরা আশা করব, সরকার ক্ষয়ক্ষতির একটি হিসাবনিকাশ করে জরুরি ভিত্তিতে সে অনুযায়ী উদ্যোগ গ্রহণ করবে। বেসরকারি পর্যায়েও ব্যক্তি ও প্রতিষ্ঠানগুলো এগিয়ে আসবে বলে আমরা আশা করছি।