বিপাকে নওগাঁর কৃষক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নওগাঁর কৃষকেরা দুই ধরনের বিপদে আছেন। একদিকে বন্যার পানি বেড়ে যাওয়ায় নিম্নাঞ্চলে খেতের ধান ডুবে গেছে; অন্যদিকে বাজারে ধানের দাম কমে গেছে। প্রথম আলোর নওগাঁ প্রতিনিধির পাঠানো খবর থেকে জানা যায়, এক সপ্তাহের ব্যবধানে জেলার বিভিন্ন হাটে ধানের দাম মণপ্রতি ৮০ থেকে ১০০ টাকা কমেছে। অথচ চালের দাম কমেনি। চালের দাম না কমলে ধানের দামও কমার যৌক্তিক কারণ নেই।

 কৃষকদের সঙ্গে আলাপ করে জানা গেছে, চালকলের মালিকেরা ধান কেনা কমিয়ে দেওয়ায় এ পরিস্থিতি তৈরি হয়েছে। ফলে কৃষকেরা দুশ্চিন্তায় আছেন। তাঁরা আরও জানিয়েছেন, সাধারণত মৌসুমের শুরুতে ধানের দাম কম থাকে। এ কারণে অনেক কৃষক শুরুতে ধান বিক্রি করেননি ভবিষ্যতে বেশি দাম পাবেন, এ আশায়। এখন তাঁরা বিপদে পড়েছেন। 

অনুসন্ধানে জানা গেছে, বন্যার প্রকোপ ও প্রয়োজনে বিদেশ থেকে চাল কেনা হবে—সরকারের এ ঘোষণায় চালকলমালিকেরা ধান কেনা অনেক কমিয়ে দিয়েছেন। অন্যদিকে সরকার নওগাঁয় ধান ও চাল কেনার যে লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছিল, তা থেকেও অনেক পিছিয়ে আছে। চলতি বোরো মৌসুমে নওগাঁ থেকে ৪৯ হাজার ২৬০ মেট্রিক টন সেদ্ধ চাল এবং ৬ হাজার ৫১ মেট্রিক আতপ চাল সংগ্রহের কথা ছিল। সরকার কিনেছে মাত্র ১৮ হাজার ৯০৬ মেট্রিক টন সেদ্ধ ৭২০ মেট্রিক টন আতপ চাল। ধান কেনার লক্ষ্যমাত্রা ছিল ৩২ হাজার ৩৪০ মেট্রিক টন। কেনা হয়েছে মাত্র ১ হাজার ৯৫৮ মেট্রিক টন। 

জেলা খাদ্যনিয়ন্ত্রক বলেছেন, বাজারে দাম ও সংগ্রহ দাম কাছাকাছি হওয়ায় তাঁরা লক্ষ্যমাত্রা পূরণ করতে পারেননি। তাঁর এ অজুহাত অগ্রহণযোগ্য। আসলে খাদ্যনিয়ন্ত্রকের দপ্তর লক্ষ্যমাত্রা অনুযায়ী চাল না কেনায় চালকলমালিকেরা চাল কেনায় কারসাজির আশ্রয় নিয়েছেন। সরকারি ক্রয়ের একটি অংশ চালকলমালিকদের কাছ থেকেও নেওয়া হয়। সরকার লক্ষ্যমাত্রা অনুযায়ী ধান–চাল কিনলে বাজার চাঙা থাকত এবং চালকলমালিকেরা ধান কেনা কমিয়ে দিতে পারতেন না। 

 চালকলমালিকেরা বরাবর নানা অজুহাতে কৃষককে শস্যের ন্যায্য দাম থেকে বঞ্চিত করেন। এর প্রতিকার হলো বেসরকারি চালকলমালিকদের ওপর কঠোর নজরদারির পাশাপাশি সরকারি সংগ্রহ যথাসম্ভব বাড়ানো। দুই ক্ষেত্রেই গুরুতর ঘাটতি আছে। 

সরকার কেবল নওগাঁয় ধান–চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা থেকে পিছিয়ে নেই; সারা দেশের চিত্রই মোটামুটি এক।