বগুড়ার সারিয়াকান্দি উপজেলার চর গোদাগাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভবন বাঙ্গালী নদীর ভাঙনে দৃশ্যত বিলীন হতে চলেছে। বিদ্যালয়টির মাঠ ইতিমধ্যে নদীগর্ভে হারিয়ে গেছে। দোতলা ভবনটির অর্ধেক অংশের মাটিও নদীভাঙনে ধসে গেছে। এখন কয়েকটি স্তম্ভের ওপর দাঁড়িয়ে থাকা ভবনটি শেষ পর্যন্ত রক্ষা করা সম্ভব হবে না জেনেও এই ভরা বর্ষায় ভাঙনের মুখে সেখানে লাখ লাখ টাকার বালুর বস্তা ফেলা হচ্ছে। স্থানীয় লোকজন বলছেন, এই টাকা আসলে পানিতে ফেলা হচ্ছে।
তাঁদের এ রকম বলার কারণ, ২২ লাখ টাকা ব্যয়ে নির্মিত এই বিদ্যালয় ভবন বাঙ্গালী নদীর ভাঙন থেকে রক্ষা করার নামে গত ১০ বছরে এভাবেই ব্যয় করা হয়েছে প্রায় ১ কোটি টাকা। শুধু ২০১৫ সালেই সেখানে বালুর বস্তা ফেলা আর বাঁশের বেড়া দেওয়ার নামে ব্যয় করা হয়েছে ৫০ লাখ টাকা। গত বছর ব্যয় করা হয়েছে ৭ লাখ টাকা এবং চলতি বছরও একইভাবে ব্যয় করা হচ্ছে আরও ৫ লাখ টাকা। কিন্তু ফলাফল শূন্য।
এই নিষ্ফল কাজের নামে জনগণের টাকা পানিতে ফেলছে সরকারের পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। বগুড়া পাউবো এখন বলছে, বিদ্যালয় ভবনটি ভাঙনের হাত থেকে রক্ষা করার জন্য আরও ১০ কোটি টাকা প্রয়োজন। এর সঙ্গে তারা বাঙ্গালী নদীর আরও ১১টি ‘ভাঙনপ্রবণ’ অংশ রক্ষার জন্য মোট ১০০ কোটি টাকার এক প্রকল্প তৈরি করেছে।
২২ লাখ টাকায় নির্মিত একটি বিদ্যালয় ভবনকে নদীভাঙনের হাত থেকে রক্ষা করার নামে ৬২ লাখ টাকা ব্যয় করা এবং আরও ১০ কোটি টাকা বরাদ্দ চাওয়া কতটা দুরভিসন্ধিমূলক, তা বলার অপেক্ষা রাখে না। আসলে পাউবো এটাকে পুকুরচুরির এক বড় অজুহাত হিসেবে নিয়েছে। তারা যদি সত্যিই ভবনটি রক্ষা করতে চাইত, তাহলে শুকনো মৌসুমে সিসি ব্লক তৈরি ও মাটি ফেলার কাজ করত। কিন্তু তা না করে বর্ষা মৌসুমে ভাঙনের মুখে বালুর বস্তা ফেলে যেন তা পানিতে ভেসে যায় এবং পরের বছর আবার একই অজুহাতে অর্থ বরাদ্দ পাওয়া যায়।
জনগণের টাকার এই পুকুরচুরি বন্ধ করা জরুরি। বিদ্যালয় ভবনটি রক্ষার নামে আর অর্থ পানিতে না ফেলে অন্য কোনো নিরাপদ স্থানে তা নির্মাণ করা হোক।