ফেব্রুয়ারির ১ তারিখে এক অহিংস প্রতিবাদীর ওপর মিসরের পুলিশের আগ্রাসী আক্রমণ এবং তাকে উলঙ্গ করে প্রেসিডেন্ট প্রাসাদের সামনে দিয়ে টেনেহিঁচড়ে নেওয়ার ঘটনা প্রায় সব আন্তর্জাতিক গণমাধ্যমে প্রদর্শিত হয়েছে। গত বছরের ফেব্রুয়ারির বিপ্লবের অধঃপতিত দশার এটাই সারমর্ম। ক্রুদ্ধ প্রতিবাদীরা বিপ্লবের প্রথম বার্ষিকী পালন করেছে নিরাশা নিয়ে। এই নিরাশা রাজনৈতিক, অর্থনৈতিক ও সামাজিক—সব দিকেই ছড়িয়ে গেছে। শুক্রবারে শীত আর ঝোড়ো বাতাস আর বৃষ্টি অহিংস প্রতিবাদের মিছিল ও জমায়েত থেকে বিরত করতে পারেনি। জুমার নামাজের পরে অনুষ্ঠিত তাদের এই মিছিলের নাম ছিল ‘মুক্তির শুক্রবার’। আমি ও আমার স্ত্রী এ রকম একটি অহিংস মিছিলে অংশ নিয়ে কয়েক মাইল হেঁটে প্রেসিডেন্ট প্রাসাদের দিকে গিয়েছিলাম। মিছিলে মুসলিম ব্রাদারহুডের শীর্ষনেতা এবং প্রেসিডেন্ট মুরসির বিরুদ্ধে স্লোগান উচ্চারিত হচ্ছিল। অথচ এ স্লোগানগুলো প্রথম উচ্চারিত হয়েছিল গত বছরের ফেব্রুয়ারিতে প্রেসিডেন্ট মোবারককে টেনে নামানোর সময়ে। সময় বদলেছে, শাসন বদলেছে কিন্তু স্লোগান বদলেনি, কারণ পরিস্থিতি বদলেনি। তারপর নির্বাচনে ৫০ শতাংশ ভোটে জয়ী হয়ে মুরসি হন মিসরের প্রেসিডেন্ট। প্রেসিডেন্ট প্রাসাদমুখী ওই মিছিলে পুলিশের হাতে নির্যাতিত ব্যক্তিটি হয়তো আমাদের পাশেই হাঁটছিলেন। হামাদা সাবের (৪৮) নামের ওই মানুষটিও আমাদের অনেকের মতো স্ত্রী ও ছেলেমেয়েদের সঙ্গে নিয়ে প্রতিবাদে শামিল হয়েছিলেন। কায়রোর দরিদ্র এলাকার এই অধিবাসীর মুখে ছিল ‘রুটি, মুক্তি, সামাজিক ইনসাফ ও মর্যাদার’ দাবি। হামাদা সাবের মিসরের ক্রমেই খারাপ হওয়া পরিস্থিতির প্রতীক। তাঁকে যেভাবে পিটিয়ে, নগ্ন করে টেনেহিঁচড়ে নেওয়া হয়েছে, সেদিন আমার অথবা আমার স্ত্রীরও সেই পরিণতি হতে পারত। তবে মর্মাহত হওয়ার ব্যাপার হলো পুলিশ তাঁকে চাপ দিয়ে তাঁর মুখ দিয়ে মিথ্যা স্বীকারোক্তি আদায় করে নেয়। তাঁকে দিয়ে বলায় যে পুলিশ নয়, তাঁর ওপর হামলা করে প্রতিবাদকারীরা। কিন্তু মানুষ তো টেলিভিশনে সেই দৃশ্যের সাক্ষী। সাবের বলছেন, তাঁরা ভুল দেখেছেন, পুলিশই বরং তাঁকে বাঁচানোর চেষ্টা করেছিল। অথচ আমরা কেউই এই মিথ্যায় বিশ্বাস করি না। না করলেও এই ঘটনা আন্দোলনকারীদের দারুণ অস্বস্তিতে ফেলেছিল, কারণ অন্তর্ঘাতের মাধ্যমে এটা আসলে আন্দোলনের ভাবমূর্তি ও মনোবলের ওপর আক্রমণ। এ ঘটনায় ৪০ বছর আগে শেখা সাংবাদিকতার শিক্ষাটাই মনে পড়ল, ‘কুকুর মানুষকে কামড়ালে তা খবর নয়, মানুষ কুকুরকে কামড়ালেই তা খবর।’ সেনাবাহিনীর কাছ থেকে নির্বাচিত প্রেসিডেন্টের কাছে ক্ষমতা হস্তান্তরের পর বিশ্ববাসী ভেবেছিল, মিসর এবার সামাজিক, নিরাপত্তাগত ও অর্থনৈতিক দিক থেকে বিরাট পদক্ষেপ ফেলবে। বিশেষত মুরসি প্রতিশ্রুতি দিয়েছিলেন যে তিনি মিসরে ‘নবজাগরণ’ আনবেন, যা অর্থনৈতিক উৎপাদনশীলতা বাড়াবে। যার মাধ্যমে মিসর পর্যটকদের জন্য আরও আকর্ষণীয় হবে। পরিণামে মিসরের ভঙ্গুর অর্থনীতি সবল হবে, বিদেশি বিনিয়োগ আসবে। বাংলাদেশের প্রথম আলোর জন্য যখন এই লেখা লিখছি, তখন আমার এক জাপানি বন্ধু মাসায়োকি শিয়োতা মিসরের অবস্থার অবনতি দেখে আমার কাছে অভিযোগ করলেন। তিনি জাপানের ওসাকায় একটি ট্রাভেল ও ট্যুরিস্ট প্রতিষ্ঠান খুলেছিলেন, যার কাজ হলো মিসরে পর্যটক পাঠানো এবং দুই বছর আগে বন্ধ হওয়া জাপান-মিসর সরাসরি বিমানযাত্রা চালু করা। কিন্তু পরিস্থিতি তাঁর সেই আশার গুড়ে বালি মাখিয়ে দিয়েছে। তাঁর বিনিয়োগও মার খাওয়ার মুখে। এমনকি এত দিন কায়রোর যে হোটেলে তিনি থাকতেন, নিরাপত্তাহীনতার কারণে সেখান থেকেও তাঁকে সরে যেতে হয়েছে। মিসর নিয়ে আমি তেমন আশাবাদী নই। তাঁর প্রশ্নের উত্তরে আমিও বলেছিলাম হতাশার কথা। গত দুই বছরের সহিংসতা, অস্থিতিশীলতা এবং অস্থায়ী সামরিক সরকারের গন্ডগোলে ভরা দেশ পরিচালনার অভিজ্ঞতা থেকে তা আমি বলেছিলাম। অবশেষে তারা মুসলিম ব্রাদারহুডের কাছে ক্ষমতা হস্তান্তর করলে ইসলামপন্থীরা ক্ষমতার অংশীদারির বদলে একক আধিপত্য কায়েমের দিকেই হাঁটতে থাকে। আইনের শাসনের প্রতি শ্রদ্ধার অভাব এবং দস্যুগিরি ও সহিংসতাকে রাজনীতির মাঠে জায়গা করে দেওয়া হয়েছে। সাংবিধানিক আদালত ও মিডিয়াপল্লির সামনেই এসব করা হয়েছে। এতে করে ভীতসন্ত্রস্ত হয়ে গেছে বিচার বিভাগ। কোনো রকম সমঝোতা প্রতিষ্ঠিত না করেই মুরসি সরকার ইসলামপন্থী নিয়ন্ত্রিত পার্লামেন্টে একতরফাভাবে সংবিধান রচনা করে। তারা কাউকে ক্ষমতার অংশীদার করতে চায় না।জানুয়ারি ২৫ বিপ্লবের আগে মোবারক সরকার জনগণকে ভীতসন্ত্রস্ত করে রেখেছিল এবং বলেছিল তাঁর শাসনের বিকল্প হলো নৈরাজ্য। দৃশ্যত বিপ্লব মাত্র ১৮ দিনে একজন স্বৈরশাসককে বিদায় করেছিল। কিন্তু মোবারকের পতন মানেই সাবেকি শাসনব্যবস্থার পরিবর্তন নয়। এ কথা জোরের সঙ্গে বলতে হবে যে বিপ্লবকে চলমান থাকতে হবে। কারণ, অর্জন সম্পূর্ণ হয়নি। মোবারকের সহযোগীরা এখনো ক্ষমতার জালের মধ্যে বসে আছে। সবচেয়ে বড় কাজ হলো, কয়েক দশকজুড়ে মোবারকের তৈরি করা রাষ্ট্রের ভেতর বসে থাকা ‘ডিপ স্টেটের’ দিকে নজর দেওয়া। এদের সাততাড়াতাড়ি সরানো মোবারক পতনের থেকেও অনেক কঠিন কাজ। কিন্তু কেউ ভাবতে পারেনি যে বিপ্লবে অংশগ্রহণকারীরা এত দ্রুত বিভক্ত হয়ে পড়বে। যারা ১৮ দিনের বিদ্রোহের সময় কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করেছে, তাদের মধ্যে ছিল উদারনৈতিক, ইসলামপন্থী, সমাজতন্ত্রী ইত্যাদি। কেউ ভাবতে পারেনি, মোবারকের সময়কার নৈরাজ্য, অবিশ্বাস আর সহিংসতা এত দ্রুত ফিরে আসবে। দুর্ভাগ্যজনক হলেও বলতে হচ্ছে, মুসলিম ব্রাদারহুড এবং তার মিত্রদের সঙ্গে বিরোধী উদারনৈতিক, ইসলামপন্থী, সমাজতন্ত্রীদের বিভাজন চলতে থাকলে মিসর সরাসরি নৈরাজ্যের মধ্যে পতিত হবে এবং বিপ্লবের স্বপ্ন দ্রুতই অস্তমিত হবে। মিসর কোন দিকে যাচ্ছে, সে ব্যাপারে মন্তব্য করতে গিয়ে এক মার্কিন অনলাইন সংবাদপত্র মোবারকের করা মন্তব্য স্মরণ করিয়ে দিয়েছে। তিনি বলেছিলেন, মিসর নৈরাজ্যের মধ্যে নিক্ষিপ্ত হবে। আজকের মিসরের দুর্দশার পাণ্ডুলিপিটি মোবারকেরই তৈরি করা এবং বর্তমান কুশীলবেরা তাঁরই উত্তরাধিকার যেমন বহনও করছে, তেমনি ভোগান্তিও পোহাচ্ছে।মোবারকের শাসনের গত তিন দশক রাজনৈতিক প্রতিষ্ঠানগুলো ধ্বংস হয়ে গিয়েছিল অথবা বাড়তে পারেনি। মোবারক এবং তাঁর আগের আনওয়ার সাদাতের নীতিই ছিল রাজনৈতিক প্রতিষ্ঠানগুলোকে বিকশিত হতে না দেওয়া। নাগরিক সমাজ ও বেসরকারি সংস্থাগুলোকে পঙ্গু করে দিয়ে কেবল সেনাবাহিনী ও মুসলিম ব্রাদারহুডের জন্য মাঠ সাজানো হয়েছিল। ইসলামকে ব্যবহার করে হুমকি দিয়ে জনগণকে দাবিয়ে রাখা ছিল মোবারকের অন্যতম রাজনৈতিক হাতিয়ার। মোবারক কেবল আমাদের প্রতারণাই করেননি; এখনো আমাদের মধ্যে সহিংস সংঘাত জারি রাখার পরিবেশ সৃষ্টি করে রেখেছেন। আরও খারাপ হলো, মোবারক একসময় যে ইসলামপন্থার জুজু দেখিয়ে জনগণকে তাঁর অনুগত রাখতে চেয়েছিলেন, সেই ইসলামপন্থাই এখন মিসরকে শাসন করছে। গত দুই বছরের প্রধান লক্ষণ হলো, মানুষ বিপ্লবকালের নৈরাজ্যের বিষয়ে এখন আরও কম সহনশীল। যারা একদা মুসলিম ব্রাদারহুডকে ভোট দিয়েছিল, এখন তাদের অনেকেই কোনো ‘শান্তিবাদী’ ব্যক্তিকে নেতা হিসেবে মানতে রাজি। হয়তো তিনি সামরিক পটভূমি থেকে আসবেন, উর্দি খুলে নেকটাই আর কোট পরে রাজনীতিতে নামবেন। প্রেসিডেন্ট প্রাসাদের সামনে হামাদা সাবেরের লাঞ্ছিত হওয়া, কিংবা ভুক্তভোগী জাপানি বিনিয়োগকারীর হতাশার কথা বলার পরে ওই মার্কিন পত্রিকা বলছে: মিসরের সামনে এক নারকীয় অথবা স্বর্গীয় দৃশ্যপট অপেক্ষা করছে। হয়তো তা হবে সত্যিকার বিপ্লব অথবা নিরঙ্কুশ নৈরাজ্য। প্রথম আলোর জন্য লিখিত এবং ইংরেজি থেকে অনূদিতকামাল গাবালা: মিসরের আল আহরাম পত্রিকার ব্যবস্থাপনা সম্পাদক।