পুলিশ বাহিনীর কাজকর্ম নিয়ে অসন্তোষ ও সমালোচনার শেষ নেই। কিন্তু সেই পুলিশ বাহিনীও নানা বৈষম্য ও বঞ্চনার শিকার। বিভিন্ন পুলিশ লাইন, থানা ও ফাঁড়িতে পুলিশ সদস্যদের থাকার ব্যবস্থা অনেক ক্ষেত্রেই মানবেতর। যে খাওয়ার-অযোগ্য গম কেউ খেতে চায় না, তা-ও পুলিশ সদস্যদের খাওয়ানোর চেষ্টা হয়। খাবারের পর এখন পোশাকের ক্ষেত্রেই দেখা যাচ্ছে সেই নিম্নমান।
বিবর্ণ কাপড়ে পুলিশে ক্ষোভবাহিনী থেকে বছরের নির্ধারিত যে কয়েক সেট পোশাক দেওয়া হয়, তা দিয়ে বছর পার করা যায় না। ফলে নিজেদের অর্থেও তাঁদের পোশাক কিনতে হয়। নিম্নমানের কারণে খুব অল্প সময়েই বিবর্ণ হয়ে পড়ায় আগের তুলনায় বেশি বাড়তি পোশাক কিনতে হচ্ছে। একটি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর জন্য পোশাকের বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ এবং এর সঙ্গে বাহিনীর মান-মর্যাদার বিষয়টিও জড়িত। যারা পুলিশের পোশাকের জন্য কাপড় সরবরাহ করতে চুক্তিবদ্ধ, তারা নিম্নমানের ও নির্ধারিত মানের কাপড় দিচ্ছে না বলে অভিযোগ ওঠার পর তদন্তে এর প্রমাণ মিলেছে। দুটি কোম্পানির একটি এশিয়ান টেক্সটাইলকে পাঁচ বছরের জন্য অযোগ্য ঘোষণা করা হয়েছে এবং প্রতারণার অভিযোগে অন্য প্রতিষ্ঠান তিশা টেক্সটাইলের কাছে পুলিশ সদর দপ্তর থেকে ব্যাখ্যা চাওয়া হয়েছে।
আমরা মনে করি, নির্ধারিত মানের কাপড় না দিয়ে প্রতিষ্ঠান দুটি চরম গর্হিত কাজ করেছে। একটি নির্দিষ্ট সময়ের জন্য কোনো প্রতিষ্ঠানকে অযোগ্য ঘোষণা শাস্তি হিসেবে যথেষ্ট নয়। তদন্তে নিম্নমানের কাপড়ের বিষয়টি প্রমাণিত হওয়ায় পুলিশ সদর দপ্তরের উচিত প্রতিষ্ঠান দুটির বিরুদ্ধে যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণে উদ্যোগী হওয়া।
যে দুটি প্রতিষ্ঠান পুলিশ সদস্যদের জন্য নিম্নমানের কাপড় দিয়ে আসছিল, তারা নানা যুক্তি ও অজুহাত দিয়ে বিষয়টির সুরাহা করার চেষ্টা করছে বলে প্রথম আলোর প্রতিবেদন সূত্রে জানা যাচ্ছে। ফলে এই দুটি প্রতিষ্ঠানের সঙ্গে পুলিশ বিভাগের স্বার্থান্বেষী ও সুবিধাভোগী কোনো মহলের সম্পর্ক ও যোগসাজশ আছে কি না, তারও তদন্ত হওয়া জরুরি। জনগণের নিরাপত্তা রক্ষায় যাঁরা নিয়োজিত, তাঁদের উপযুক্ত পোশাক দেওয়া সরকারেরই দায়িত্ব।