বিবাহিত নারীর নির্যাতিত দশা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) সর্বশেষ ‘ভায়োলেন্স অ্যাগেইনস্ট উইমেন সার্ভে ২০১৫’ শীর্ষক দ্বিতীয় জরিপের ফলের ওপর ভিত্তি করে সংবাদ প্রতিবেদন প্রকাশিত হয়েছে শনিবারের প্রথম আলোয়। বিবিএসের আগের জরিপের সঙ্গে তুলনায় দেখা যায়, চার বছরে নির্যাতন কমেছে মাত্র ৭ শতাংশ। তবে নির্যাতনের হার আরও বেশিই যে হবে, তা ধরে নেওয়া যায়। এই নির্যাতন শারীরিক, মানসিক, যৌন ও অর্থনৈতিক। এই জ্বলন্ত চিত্র নারী নির্যাতন প্রতিরোধ ও নারী উন্নয়নে সরকারি ও বেসরকারি যাবতীয় কর্মসূচির ব্যর্থতাই প্রমাণ করে।

নির্যাতনের ঘটনা সিটি করপোরেশনভুক্ত এলাকার (৫৪.৪%) তুলনায় গ্রামেই (৭৪.৮%) বেশি। শহরে উপার্জনক্ষম ও শিক্ষিত নারীর সংখ্যা বেশি। শিক্ষা ও নারীর কর্মসংস্থান নিজেই নির্যাতনের বিরুদ্ধে রক্ষাকবচ হতে পারে। পাশাপাশি দারিদ্র্যও বিবাহিত নারীদের নির্যাতিত হওয়ার অন্যতম কারণ। সুতরাং সমাজে নারী-পুরুষ সম্পর্কের মানবিক রূপান্তর ঘটাতে হলে নারীর জন্য শিক্ষা, আইন ও প্রশাসনের আশ্রয় এবং অর্থনৈতিক সক্ষমতাই হলো জরুরি বনিয়াদি পদক্ষেপ।

পরিবারে স্বামীই কর্তা—এই মানসিকতাই স্ত্রীর ওপর স্বামীর যাবতীয় নির্যাতনের উৎস। গভীরভাবে সমাজসংস্কার ছাড়া এই প্রবণতা দূর হওয়ার নয়। আর সমাজসংস্কার ওপর থেকে যে করা যায় না, সরকার ও বেসরকারি সংস্থাগুলোর এই উপলব্ধি হওয়া উচিত এবং তাদের কর্মধারায় আসা উচিত মৌলিক পরিবর্তন।

দ্বিতীয়ত, সর্বস্তরে আইনের শাসন প্রতিষ্ঠিত না হলে নারীরা নির্ভয়ে আইনের আশ্রয় নিতে পারবেন না। প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও বিচারব্যবস্থা নারীবান্ধব না হলে গোড়াতেই গলদ রয়ে যাবে। সমাজের গণতন্ত্রায়ণ, অধিকারমুখী সংস্কৃতিকে শক্তিশালী করা, উন্নত শিক্ষা এবং রাষ্ট্রব্যবস্থার মানবিকীকরণ ছাড়া নারীর নির্যাতন এবং নির্যাতক হিসেবে পুরুষের অধঃপতন কোনোটারই ইতি ঘটবে এমনটা আশা করা যায় না।