বিভাগীয় শহর বরিশালের এক কিলোমিটার সড়ক দীর্ঘদিন ভাঙাচোরা অবস্থায় পড়ে থাকার কারণ কেবল সংশ্লিষ্ট বিভাগের গাফিলতি নয়, সরকারের ভুল উন্নয়ন নীতিও। এলাকাটি সিটি করপোরেশনের অন্তর্ভুক্ত হলেও সড়কটি সড়ক ও জনপথ (সওজ) বিভাগের নিয়ন্ত্রণে দেওয়া হয়েছিল কাজটি সুচারুভাবে হবে, এই আশায়। এখন দেখা যাচ্ছে সকলই গরল ভেল।
প্রথম আলোর খবর অনুযায়ী, বরিশালের রূপাতলী বাসস্ট্যান্ড থেকে সাগরদীর আমতলা মোড় পর্যন্ত এক কিলোমিটার সড়ক বেহাল অবস্থায় থাকার কারণে নগরবাসীর পাশাপাশি পাঁচ জেলা যথাক্রমে বরগুনা, পটুয়াখালী, ভোলা, পিরোজপুর, ঝালকাঠির মানুষ চরম ভোগান্তির শিকার হচ্ছে। এই সড়ক দিয়েই প্রতিদিন বরিশাল বিশ্ববিদ্যালয় ও শের-ই-বাংলা মেডিকেল কলেজের শিক্ষার্থী এবং রূপাতলী বাসস্ট্যান্ডের যাত্রীদেরও যাতায়াত করতে হয়। ফলে দুর্ঘটনাও ঘটছে।
কিন্তু এসব বিষয়ে কর্তৃপক্ষের মাথাব্যথা আছে বলে মনে হয় না। অল্প সময়ের মধ্যেই সড়কের ওই অংশ পুনর্নির্মাণ ও দুই পাশ প্রশস্তকরণের কাজ করা হবে বলে জানিয়েছেন সওজের বরিশাল কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী। কিন্তু এত দিনে কেন শুরু হলো না, সেই প্রশ্নের জবাব নেই।
সওজের কাজটি কী? সড়কগুলো ভাঙাচোরা রেখে যাত্রীদের দুর্ভোগ ও দুর্ঘটনা বাড়ানো? যে সড়ক দিয়ে প্রতিদিন হাজার হাজার মানুষ জীবনের ঝুঁকি নিয়ে চলাচল করে, সেই সড়ক এভাবে বেহাল অবস্থায় ফেলে রাখা অমার্জনীয় অপরাধ। ধারণা করি, সওজের কর্তাব্যক্তিরা রাস্তা দিয়ে চলাচল করেন না, আকাশচারী হতে পছন্দ করেন। জনগণের প্রতি ন্যূনতম দায়িত্ববোধ থাকলে তাঁরা এ রকম খানাখন্দে ভরা সড়ক রেখে নির্বিকার থাকতে পারতেন না।
শুধু বরিশাল নয়, দেশের অনেক সড়ক-মহাসড়কই খানাখন্দে ভরা থাকায় মানুষকে যেমন দুর্ভোগ পোহাতে হচ্ছে, তেমনি দুর্ঘটনার সংখ্যা বাড়ছে। দেশের খুব কম জেলা ও বিভাগীয় শহর আছে যেখানে সড়কপথ মসৃণ ও যান চলাচলের উপযোগী। প্রতিবছর সড়ক-মহাসড়ক নির্মাণ ও সংস্কারে যে বিপুল অঙ্কের অর্থ বরাদ্দ করা হয়, তা কোথায় যায়?
অবিলম্বে বরিশাল শহরের ভাঙাচোরা সড়কটি সংস্কার করা হোক।