অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বেশ রসিকতা জানেন। বিমানকে অদক্ষ ও দুর্বল সংস্থা হিসেবে চিহ্নিত করে এর অবলুপ্তির আশঙ্কা করে তিনি প্রকারান্তরে প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুণ্ডুপাত করেছেন। কারণ, আমরা তো বিস্মৃত হইনি যে কাদায় পড়া বিমানকে টেনে তুলতে ২০০৭ সালে একে কোম্পানি করা হয়। লক্ষ্য ছিল, দলীয়করণের অবসান ঘটিয়ে পেশাদারি যুগের সূচনা ঘটানো। আমরা লোকসানি বিমানকে পরপর দুই বছর লাভ করতে দেখলাম। তারপর আওয়ামী লীগ ক্ষমতায় এলে কোম্পানি থাকল ঠিকই, কিন্তু লাটে উঠল পেশাদারি। ব্যক্তিগত পছন্দের চেয়ারম্যান ও চুক্তিভিত্তিক এমডির বদৌলতে বিমান অথর্ব প্রতিষ্ঠানে পরিণত হলো। উল্লেখ্য, কোম্পানি হওয়ার পরে আর মন্ত্রণালয় নয়, প্রধানমন্ত্রীর কার্যালয় থেকেই সর্বময় ক্ষমতার অধিকারী চেয়ারম্যানকে নিয়োগ দেওয়া হয়। অর্থমন্ত্রীর কথায়, ‘বিমান কর্তৃপক্ষ সেবা কিংবা বাণিজ্য কোনোটিই দিতে পারছে না। বিমানের লোকজন অত্যন্ত দুর্বল ও অদক্ষ। এ রকম আর কোনো দেশে নেই।’ আশপাশের বহু দেশ, এমনকি মধ্যপ্রাচ্যের রক্ষণশীল দেশগুলোও আমাদের চোখের সামনে নিজ দেশের পতাকাবাহী বিমানকে জাতীয় মর্যাদা, শৌর্যবীর্যের প্রতীক হিসেবে প্রতিষ্ঠিত করেছে। এটি এমনই একটি সম্ভাবনাময় বাণিজ্যসফল সংস্থা, যার মাধ্যমে একটি সার্বভৌম রাষ্ট্র শুধু মুনাফা অর্জন করে না, তাদের দেশের সভ্যতা, সংস্কৃতি, অর্থনীতি ও ভাবমূর্তিরও প্রসার ও সঞ্চরণ ঘটিয়ে থাকে।অর্থমন্ত্রী যদি কথাটি মুখ ফসকে বলতেন, তা হলে বিমানমন্ত্রীর তা শুধরে দেওয়ার কথা ছিল। কিন্তু তেমন কিছু ঘটার খবর পাওয়া যায়নি। অবশ্য বিমানের ঊর্ধ্বতন কর্মকর্তারা বিব্রত হয়েছিলেন। কিন্তু সত্যিকার অর্থে তাঁর বক্তব্য সত্যি ধরে নিলে এই উপসংহারে পৌঁছাতে কারও কষ্ট হবে না যে, অন্য অনেক ক্ষেত্রে সাফল্য আনলেও অন্তত বিমান-ব্যবস্থাপনায় শাসক দল চরম ব্যর্থতার পরিচয় দিয়েছে।অর্থমন্ত্রী যদি বলতেন, বাংলাদেশ ছাড়া আর কোনো দেশের জাতীয় পতাকাবাহী বিমান এমন নির্লজ্জ ও দুর্ভাগ্যজনক ব্যর্থতার কালিমা লেপন করেছে বলে তাঁর জানা নেই, তা হলে সেটাও অতিরঞ্জিত হতো না। বিমানকে অবলুপ্তির মতো জায়গায় যারা গত সাড়ে তিন বছরে পৌঁছে দিয়েছে, যারা জোট সরকারের ‘লুটপাট ও নৈরাজ্যকর শাসন’ থেকে বিমানকে মুক্ত করতে পারেনি, তাদের শাস্তির ব্যবস্থা কে করবে?অর্থমন্ত্রীর কথায় কুম্ভকর্ণের নিদ্রা টুটবে কি না, সেটাই এখন বড় প্রশ্ন।