বিমানবন্দরে আগুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিমানবন্দর সব সময়ই সংবেদনশীল জায়গা। সেখানে যেকোনো স্থাপনায় আগুন লাগার বিষয়কে তাই গুরুত্বের সঙ্গে না নিয়ে উপায় নেই। ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের আমদানি পণ্যের গুদাম বা কার্গো ভিলেজে আগুন লাগার ঘটনাকে আমরা উদ্বেগজনক বলে বিবেচনা করছি।এই আগুন লাগার ঘটনায় কেউ হতাহত হয়নি, সেটা বড় স্বস্তির বিষয়। কিন্তু এখনো পরিমাপ করা না গেলেও ক্ষয়ক্ষতির পরিমাণ যে ব্যাপক তা বিভিন্ন সূত্রেই নিশ্চিত হওয়া যাচ্ছে। কারণ, গুদামে বিভিন্ন কুরিয়ার সার্ভিসের সূত্রে আমদানি করা মালামাল ছিল এবং এর অনেক কিছু পুড়ে গেছে এবং ক্ষতিগ্রস্ত হয়েছে। ফায়ার সার্ভিস সূত্রে প্রাথমিকভাবে জানা যাচ্ছে, গুদামে একটি প্রতিষ্ঠানে ওয়েল্ডিং কাজের সময় কোনো কারণে এই আগুন লাগার ঘটনা ঘটে থাকতে পারে। আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ বের করাসহ বিভিন্ন দিক খতিয়ে দেখতে দুটি পৃথক তদন্ত কমিটি করেছে। তদন্তের ফলাফল পাওয়া গেলে হয়তো বিস্তারিত জানা যাবে। কিন্তু প্রাথমিকভাবে ওয়েল্ডিং করার সময় আগুন লাগার যে বিষয়টি জানা গেছে সে সূত্রে কিছু প্রশ্ন খুবই সংগত। বিমানবন্দরের মতো স্থানে মালামালে পূর্ণ একটি পণ্যাগারে ওয়েল্ডিংয়ের কাজ করা নিরাপত্তাবিধি অনুযায়ী সংগত কি না? এ ক্ষেত্রে যে সতর্কতা নেওয়া প্রয়োজন ছিল তা আদৌ নেওয়া হয়েছিল কি না? কোনো সংস্কারকাজ যদি আদৌ প্রয়োজন হয়ে থাকে সে ক্ষেত্রে মালামাল সরিয়ে ফেলা হলো না কেন? আন্তর্জাতিক বিভিন্ন কুরিয়ার সার্ভিসের সূত্রে আসা যেসব পণ্য বা ডকুমেন্টস পুড়ে গেছে, সে ক্ষতি পূরণ করা কঠিন। বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষকেই এর দায় নিতে হবে। আমরা আশা করব, দুটি তদন্ত কমিটির যে ফলাফল পাওয়া যাবে তাতে এ ধরনের একটি দুর্ঘটনার জন্য যিনি বা যাঁদের গাফিলতি বা দায়িত্বহীনতাই চিহ্নিত হোক না কেন তাঁরা শাস্তির মুখোমুখি হবেন। একই সঙ্গে এই দুর্ঘটনা থেকে শিক্ষা নিয়ে অগ্নি বা দুর্ঘটনার নিরাপত্তার ক্ষেত্রে যেসব ফাঁকফোকর ও ত্রুটি-বিচ্যুতি রয়েছে, তা দূর করতে হবে।